বিগ বস বাংলার ঘরে যত দিন যাচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। প্রতিযোগীদের মধ্যে ঝগড়া, মনোমালিন্য থেকে শুরু করে হাসি-মজা সব কিছুই উপভোগ করছেন দর্শকরা। দেখতে দেখতে দুমাস পার করে ফেলেছে এই রিয়্যালিটি শো। দীর্ঘ দিন বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ছাড়া ঘরের ভিতরে থাকা যে কতটা কঠিন, তা বারবার প্রতিযোগীদের আবেগে প্রকাশ পেয়েছে। তবে মঙ্গলবার রাতের পর্বে সেই বিষাদের পরিবেশ বদলে যায় আনন্দে। চূড়ান্ত লড়াইয়ের আগে প্রতিযোগীদের উৎসাহ দিতে আয়োজন করা হয় বহু প্রতীক্ষিত ফ্যামিলি টাইম।দীর্ঘ দুমাস পর পরিবারের সদস্যদের সামনে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি প্রতিযোগীরা। তবে এ দিনের পর্বে বিশেষ ভাবে নজর কাড়ে গায়ক দুর্নিবার সাহার সঙ্গে তাঁর মা ডালিয়া সাহার মুহূর্ত। ছেলে গান শুরু করতেই পাশে বসে আবৃত্তি করে সঙ্গ দেন মা। মা-ছেলের এই সুন্দর মুহূর্ত দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন ঘরের অন্য প্রতিযোগীরাও। এই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দুর্নিবারের মায়ের প্রশংসায় ভরিয়ে দেন নেটাগরিকরা।তবে এই পর্ব ঘিরে অন্য একটি বিষয় নিয়েও শুরু হয় আলোচনা। অনেকেই ভেবেছিলেন, ফ্যামিলি টাইম-এ দুর্নিবারের সঙ্গে দেখা করতে বিগ বসের ঘরে আসবেন তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেন, যিনি মোহর নামেই পরিচিত। কিন্তু তাঁকে দেখা যায়নি। এর পরেই সমাজমাধ্যমে মোহরকে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। কেন তিনি স্বামীর সঙ্গে দেখা করতে গেলেন না, তা নিয়ে কৌতূহল তৈরি হয় অনুরাগীদের মধ্যে।অবশেষে সেই জল্পনার জবাব দিলেন মোহর নিজেই। সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা লেখেন তিনি। সেখানে মোহর লেখেন, আমার খুব কাছের একজনের লেখা ধার নিয়ে বললাম তোর সুখেতেই শান্তি আমার, কান্নাতে তোর ভাঙে বুক, আদর সাজাই, চোখে হারাই, দেখতে তোর হাসি মুখ। মা মা-ই হয়, আমি কোন হরিদাস পাল যে একজন মায়ের থেকে এতদিন পর সন্তানকে চোখে দেখার আনন্দ নিজের ভাগে নিয়ে নেব?মোহরের এই কথার মধ্য দিয়েই স্পষ্ট, দীর্ঘ দিন পর ছেলেকে সামনে থেকে দেখার আনন্দ তাঁর মায়ের কাছ থেকেই আগে পাওয়া উচিত বলে মনে করেন তিনি। তাই নিজে বিগ বসের ঘরে না গিয়ে শাশুড়ির জন্য সেই সুযোগ ছেড়ে দিয়েছেন। তাঁর এই বক্তব্যের পর নেটাগরিকদের একাংশের প্রশংসা কুড়িয়েছেন দুর্নিবারের স্ত্রী।উল্লেখ্য, দুর্নিবার সাহা ও ঐন্দ্রিলা সেনের বিয়ে নিয়েও এক সময় কম আলোচনা হয়নি। ২০২৩ সালের ৯ মার্চ আইনি ও সামাজিক রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ঐন্দ্রিলা, যিনি মোহর নামেও পরিচিত, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যবস্থাপক হিসাবেও পরিচিত। বিয়ের আগে ও পরে নানা বিতর্কের মুখে পড়লেও একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে।এ বার বিগ বসের ঘরে দুর্নিবারের মা ও ছেলের আবেগঘন মুহূর্তের পাশাপাশি মোহরের এই বার্তাও মন জয় করেছে দর্শকদের। শাশুড়ির প্রতি তাঁর এই সম্মান ও ভালোবাসার প্রশংসা করছেন নেটাগরিকদের একাংশ।