২৬/১১ মুম্বই হামলার ১৮ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু সেই ভয়াবহ জঙ্গি হামলার একটি রহস্যের এখনও সমাধান হয়নি। হামলার সঙ্গে যুক্ত ৩২ জন পাকিস্তানির মধ্যে ৩১ জনের পরিচয় জানা গেলেও একজনের পরিচয় আজও অজানা। চার্জশিটে তাকে উল্লেখ করা হয়েছে ‘মেজর জেনারেল সাহেব’ নামে। হামলার ষড়যন্ত্রে তার ভূমিকা সম্পর্কে নানা তথ্য সামনে এলেও, সে আসলে কে, তা এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা চালিয়েছিল পাকিস্তান থেকে আসা লস্কর-ই-তৈবার জঙ্গিরা। সেই হামলার অন্যতম অভিযুক্ত আজমল কাসভের বয়ানে উঠে এসেছিল এই রহস্যময় ব্যক্তির কথা। কাসভ জানিয়েছিল, মুজফফরাবাদে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল ওই ব্যক্তি। টানা আট সপ্তাহ ধরে প্রশিক্ষণ দিয়েছিল সে। চার্জশিটে তাকে লেখা হয়েছে ‘২০ নম্বর অভিযুক্ত: মেজর জেনারেল সাহেব, নাম অজানা’।
কাসভের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা পাকিস্তানের কয়েক জন সেনা আধিকারিকের নাম সামনে এনেছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল মহম্মদ খালিদ রাও, কর্নেল সাদাতুল্লা, মেজর ইকবাল এবং তার ঊর্ধ্বতন আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল হামজা। কিন্তু এঁদের মধ্যে কেউই সেই রহস্যময় ‘মেজর জেনারেল সাহেব’ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ওই ব্যক্তির কোনও ছবি বা আঁকা মুখের ছবিও তদন্তকারীদের হাতে নেই।
কাসভ জেরার মুখে জানিয়েছিল, মুজফফরাবাদে প্রশিক্ষণের সময় এক অচেনা ব্যক্তিকে সে দেখেছিল। হাফিজ সইদ এবং জাকি-উর-রহমান লকভি ওই ব্যক্তিকে জড়িয়ে ধরতেন। দলের অন্য সদস্যরা তাঁকে ‘মেজর জেনারেল’ বলে ডাকতেন। কাসভের দাবি, ওই ব্যক্তি আট সপ্তাহ ধরে তাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। কী ভাবে নিশানায় গুলি চালাতে হয়, তা-ও শিখিয়েছিলেন তিনি। কাসভ ভালো কাজ করলে তাকে প্রশংসাও করতেন।
কাসভ আরও জানিয়েছিল, ওই ব্যক্তি মেজর লকভিদের সঙ্গে আলাদা করে আলোচনা করতেন। তদন্তকারীরা কাসভের বয়ান ধরে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু এত বছর পরেও তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য মেলেনি। ফলে ২৬/১১ হামলার অন্যতম এই রহস্য আজও অমীমাংসিত।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর সমুদ্রপথে মুম্বইয়ে ঢুকে পড়েছিল লস্কর-ই-তৈবার জঙ্গিরা। শহরের একাধিক জায়গায় হামলা চালিয়ে ১৬৬ জনকে হত্যা করে তারা। আহত হন ৩০০-রও বেশি মানুষ। সেই ভয়াবহ হামলার ১৮ বছর পরেও অজ্ঞাত ‘মেজর জেনারেল সাহেব’-এর পরিচয় সামনে না আসায় তদন্তের এই অধ্যায় এখনও রহস্যে ঢাকা।
- More Stories On :
- 26/11 Mumbai Attack
- Pakistan,

