অসমে অয়েল ইন্ডিয়া লিমিটেডের ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জন। শুক্রবার ডিব্রুগড় জেলার তেঙাখাটে অয়েল ইন্ডিয়ার একটি ট্যাঙ্কে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে চার কর্মীকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে তিন জন আধিকারিক এবং এক জন সাধারণ কর্মী।
শুক্রবার ডিব্রুগড় জেলার তেঙাখাটে অয়েল ইন্ডিয়া লিমিটেডের ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক ফার্মে এই দুর্ঘটনা ঘটে। একটি ভাল্ভের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময় আচমকাই জোরালো বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন বেশ কয়েক জন কর্মী।
ঘটনার দিনই মৃত্যু হয় তাপসজ্যোতি গগৈ নামে এক ইঞ্জিনিয়ারের। আহত ছয় জনকে ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং অয়েল ইন্ডিয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন আরও এক জনের মৃত্যু হয়। পরে কয়েক জন আহতকে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় রূপম গোঁহাই নামে আরও এক জনের। রবিবার পর্যন্ত এই দুর্ঘটনায় মোট চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও তিন জন।
কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে কয়েক জন কর্মীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই চার জনকে সাসপেন্ড করা হয়েছে। রবিবার এই খবর জানিয়েছেন অয়েল ইন্ডিয়া লিমিটেডের মুখপাত্র প্রাণকুশ মল্ল বুজারবরুয়া।
সাসপেন্ড হওয়া চার জনের মধ্যে তিন জন আধিকারিক পর্যায়ের কর্মী। বাকি এক জন সাধারণ কর্মী। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছিল বা কার গাফিলতিতে এই দুর্ঘটনা, তা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি সংস্থার মুখপাত্র। তদন্ত শেষ হওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

