রামের জয়ধ্বনি দিয়ে আকাশে উড়লেন সানি দেওল! ‘রামায়ণ’-এর শেষে বড় চমক, কী দেখালেন নির্মাতারা?
বহু প্রতীক্ষার অবসান। অবশেষে পর্দায় দেখা গেল হনুমান রূপে সানি দেওলের ঝলক। রামরূপী রণবীর কপূর এবং রাবণের চরিত্রে যশকে নিয়ে আগে থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। তবে হনুমানের ভূমিকায় সানি দেওলকে কেমন দেখতে লাগবে, তা জানার অপেক্ষায় ছিলেন অনেকেই। রামায়ণ: পার্ট ওয়ান-এর মুক্তির পর সেই অপেক্ষার কিছুটা অবসান হল। ছবির শেষ দৃশ্যে সানির উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।ছবিতে সানির প্রবেশ অবশ্য একেবারে শেষে। পোস্ট ক্রেডিট দৃশ্যে হনুমানের বেশে শ্রীরামের জয়ধ্বনি দিতে দিতে আকাশে উড়তে দেখা গিয়েছে তাঁকে। যদিও অভিনেতার সম্পূর্ণ চেহারা এখনও প্রকাশ্যে আনেননি নির্মাতারা। ফলে হনুমান রূপে সানিকে পুরোপুরি দেখার সুযোগ পাননি দর্শকেরা। তবুও তাঁর উপস্থিতির ছোট্ট ঝলকেই প্রেক্ষাগৃহে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দর্শকদের হাততালি এবং শিসে মুখর হয়ে ওঠে সিনেমা হল।রামায়ণের কাহিনি অনুযায়ী, সীতাহরণের পরেই হনুমানের প্রবেশ ঘটে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতেও সেই কাহিনির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। সীতাহরণ এবং জটায়ুর মৃত্যুর পরেই শেষ হয়েছে ছবির প্রথম ভাগ। আর ঠিক সেই সময়েই দেখা মিলেছে হনুমানের। অর্থাৎ, দ্বিতীয় ভাগে হনুমানের চরিত্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, তার ইঙ্গিত দিয়ে রেখেছেন নির্মাতারা।সানির এই ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে শুরু হয়েছে উচ্ছ্বাস। দর্শকদের আগ্রহ আরও বাড়াতে প্রকাশ করা হয়েছে ছবির হনুমান চালিশা গানটিও। এই গানে কণ্ঠ দিয়েছেন সুখবিন্দর সিংহ, দিলজিৎ দোসাঞ্জ, মোহিত চৌহান, শঙ্কর মহাদেবন এবং কৈলাস খেরের মতো জনপ্রিয় শিল্পীরা।অ্যাকশন দৃশ্যে সানি দেওলের শক্তিশালী উপস্থিতি বরাবরই দর্শকদের আকর্ষণ করেছে। তাঁর গর্জন এবং পর্দায় দাপটের সঙ্গে হনুমানের চরিত্রের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। তাই এই চরিত্রে সানিকে দেখার জন্য দ্বিতীয় ভাগের অপেক্ষা আরও বেড়ে গিয়েছে।এরই মধ্যে সানির পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে জল্পনা। বলিপাড়ার খবর, হনুমানের চরিত্রে অভিনয়ের জন্য নাকি ৪৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন অভিনেতা। যদিও এই খবরের সত্যতা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সানি দেওলও এই বিষয়ে মুখ খোলেননি। তবে একটি বিষয় স্পষ্ট, ছবির শেষ দৃশ্যে তাঁর ছোট্ট উপস্থিতিই দর্শকদের মনে দ্বিতীয় ভাগ নিয়ে কৌতূহল অনেকটা বাড়িয়ে দিয়েছে।

