৭ কোটি টাকা না দিলে খুন! অরবিন্দ কেজরীওয়াল ও মেয়েকে প্রাণনাশের হুমকি, চাঞ্চল্য
৭ কোটি টাকা না দিলে খুন করা হবে। এমনই হুমকি দেওয়া হয়েছে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরীওয়ালকে। অভিযোগ, ফোন করা ব্যক্তি নিজেকে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য বলে পরিচয় দিয়েছে। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন আম আদমি পার্টির বিধায়ক জারনেল সিং।দিল্লির তিলক নগরের বিধায়ক জারনেলের অভিযোগ, তাঁকেও ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। গত ৬ নভেম্বর তিনি মোহালির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি জানান, ফোন করা ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে।অভিযোগ অনুযায়ী, কেজরীওয়ালের কাছে ৭ কোটি টাকা দাবি করা হয়েছে। সেই টাকা না দিলে তাঁকে এবং তাঁর মেয়েকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ঘটনার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে মোহালি পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার অপরাধ দমন শাখার পরিদর্শক সুনীল কুমারকে।এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন কেজরীওয়াল। ২০১৯ সালে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর দফতরে ইমেল পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর দফতরের তরফে অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে দিল্লি পুলিশ।এ বার হুমকির ঘটনায় ফোন করা ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যে মোবাইল নম্বর থেকে ফোন এবং বার্তা পাঠানো হয়েছিল, তার কলের তথ্য, ইন্টারনেট সংযোগের সূত্র এবং অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। কেজরীওয়াল এবং তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোরও আর্জি জানিয়েছেন বিধায়ক জারনেল সিং।ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত হুমকি দেওয়া ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

