• ২৬ কার্তিক ১৪৩৩, রবিবার ১৫ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Goon

রাজ্য

পুলিশের অভিযানে গুলির লড়াই, মৃত রতন শেখ! জখম কনস্টেবলকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

রাজ্যে ফের পুলিশি এনকাউন্টার-এর ঘটনা। বীরভূমের শান্তিনিকেতনে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত রতন শেখের মৃত্যু হল পুলিশের গুলিতে। শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন থানার লাইকবাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তকে ধরতে গেলে সে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশও। সেই গুলিতেই মৃত্যু হয় রতনের। অন্য দিকে, অভিযুক্তের ছোড়া গুলিতে গুরুতর জখম হয়েছেন কনস্টেবল বিশ্বজিৎ দাস।মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশকে গুলি করলে কি পুস্পবৃষ্টি করা হবে? রতন শেখ একজন দুষ্কৃতী। এই দুষ্কৃতী পালিয়ে বাংলাদেশ চলে যাক। এখানে তাঁদের কোনও জায়গা হবে না। রেপিস্ট বা দুষ্কৃতীরা কেউ ছাড় পাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন শুভেন্দু অধিকারী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি মামলার তদন্তের সূত্রে রতন শেখকে গ্রেফতার করতে লাইকবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, গ্রেফতারি এড়াতে রতন পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি এসে লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তাতে গুরুতর জখম হয় রতন শেখ। পরে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। পরে রবিবার তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর চিকিৎসা চলছে।শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত কনস্টেবলকে দেখতে যান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিশ্বজিতের সাহসিকতার প্রশংসা করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পুলিশের আত্মত্যাগ কোনওভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন মেনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশের আত্মরক্ষার অধিকার নিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি।শুভেন্দু অধিকারী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যা যা করার, পুলিশ তা-ই করবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার স্বাধীনতা পুলিশের রয়েছে। তাঁর বক্তব্য, পুলিশকর্মীদেরও নিজেদের জীবন রক্ষার অধিকার রয়েছে। অপরাধীরা যখন আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করছে, তখন পুলিশ শুধু আত্মরক্ষার জন্য নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যও আইনসম্মত পদক্ষেপ করতে পারে। বন্দুক ও গুলি পুলিশকে শুধু বহন করার জন্য দেওয়া হয়নি, প্রয়োজনে সেগুলির যথাযথ ব্যবহার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, এর আগে চলতি বছরে চারটি এনকাউন্টারের ঘটনা ঘটেছেঃ ৮ জুলাই, বারুইপুর: প্রভাস মণ্ডল নিহত, ২৭ অক্টোবর, গাইঘাটা: প্রহ্লাদ দাস নিহত, ২৭ অক্টোবর, সামশেরগঞ্জ: সামিউল শেখ নিহত, ৯ নভেম্বর, রায়গঞ্জ: দিলীপ রায় নিহত।এই ঘটনার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে রতন শেখের অপরাধের অতীত। বীরভূমের নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা রতনের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা, মাদক পাচার-সহ একাধিক অভিযোগে মামলা ছিল বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, কয়েক মাস আগে একটি মামলায় গ্রেফতার হয়েছিল রতন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর অন্য একটি মামলার তদন্তের সূত্রে তাকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই অভিযানেই ঘটে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ।রতনের জামিন পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আদালতের পুজোর ছুটির সময় কীভাবে অভিযুক্ত জামিন পেল, তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু জামিনের বিষয়টিই নয়, সংশ্লিষ্ট মামলায় সরকারি আইনজীবীর ভূমিকা নিয়েও পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রতন শেখ একসঙ্গে ৩৬টি মামলায় জামিন পেয়েছিল। কীভাবে এতগুলি মামলায় তার জামিন মঞ্জুর হল, সেই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে।সব মিলিয়ে শান্তিনিকেতনের লাইকবাজারের এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে। পুলিশের অভিযানে গুলি চালানোর অভিযোগ, এক পুলিশকর্মীর গুরুতর জখম হওয়া, অভিযুক্তের মৃত্যু এবং একাধিক মামলায় জামিন পাওয়ার বিষয়সবকিছু নিয়েই শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা। তবে গোটা ঘটনার প্রকৃত পরিস্থিতি, গুলি চালানোর ধারাবাহিকতা এবং পুলিশের পদক্ষেপের পূর্ণ বিবরণ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

নভেম্বর ১৫, ২০২৬
কলকাতা

গুণ্ডাদমন বিল নিয়ে আদালতে বড় মোড়! আবেদনকারীদের জন্য রইল নতুন সুযোগ

কলকাতা হাইকোর্টে গুণ্ডাদমন বিলের সাংবিধানিক বৈধতা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা আপাতত খারিজ হয়ে গেল। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এখনও পর্যন্ত এই বিল রাষ্ট্রপতির অনুমোদন পায়নি। তাই এই পর্যায়ে মামলার শুনানি সম্ভব নয়।আদালত জানিয়েছে, বিলটি এখনও আইন হিসেবে কার্যকর হয়নি। সেই কারণে এখনই তার বৈধতা নিয়ে বিচার করার সুযোগ নেই। তবে ভবিষ্যতে রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে আবেদনকারীরা নতুন করে জনস্বার্থ মামলা করতে পারবেন। সেই সুযোগ খোলা রয়েছে বলেও আদালত স্পষ্ট করেছে।সম্প্রতি রাজ্য বিধানসভায় গুণ্ডাদমন বিল পাশ হয়েছে। বিলে বলা হয়েছে, পুলিশ সুপার বা তাঁর ঊর্ধ্বতন আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার প্রয়োজন মনে করলে কোনও ব্যক্তিকে গুণ্ডা হিসেবে চিহ্নিত করে নির্দিষ্ট ব্যবস্থা নিতে পারবে। প্রয়োজনে তাঁকে এক বছর পর্যন্ত কোনও এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা যেতে পারে।এই বিল ঘিরে শুরু থেকেই রাজনৈতিক বিতর্ক রয়েছে। বিরোধীদের অভিযোগ, এই আইনের অপব্যবহারের আশঙ্কা রয়েছে এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এটি ব্যবহার করা হতে পারে। অন্যদিকে রাজ্য সরকারের দাবি, রাজ্যে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং অপরাধ দমনের লক্ষ্যেই এই বিল আনা হয়েছে। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতেই এই আইন প্রস্তাব করা হয়েছে।

আগস্ট ০৬, ২০২৬
রাজ্য

Durgapuja Vandalism: বাংলাদেশের পথেই এগোচ্ছে বাংলা – কেন এমন বললেন দিলীপ-শুভেন্দুরা?

একুশের নির্বাচনের সময় প্রচারে বিজেপি নেতারা বলেছিলেন বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না। এবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি শুধু বাংলাদেশেই নয় বাংলাতেও প্রতিমা ভাঙচুর হয়েছে। তিনি পূর্ব মেদিনীপুরের এগরা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের ঘটনাকে সামনে এনেছেন। এমনকী সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।আরও পড়ুনঃ বাংলাদেশে ইসকন মন্দিরে হামলার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিতফেসবুকে নিজের ওয়ালে তিনি লিখেছেন যারা বাংলাদেশের দুর্গাপুজোর উপর হামলা নিয়ে খুব চিন্তিত, তারা কি জানেন যে খোদ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটি পুজোর দুর্গা প্রতিমা কিছু দুষ্কৃতী এসে ভেঙে দিয়েছে। ঘটনা ধামাচাপা দিতে রাজ্যের পুলিশ ও তার উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করে। তবে কী পশ্চিমবঙ্গ এবার বাংলাদেশের দিকে এগোচ্ছে?একই সুরে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীইও। টুইট করে তিনি বলেছেন রাস্তার পাশে দাঁড়িয়ে পুলিশ সবটা দেখেছে। এখন কোথায় গেল সব বুদ্ধিজীবীরা?

অক্টোবর ১৭, ২০২১
রাজ্য

BJP MLA: সোনামুখীতে আক্রান্ত বিজেপি বিধায়ক

রাজ্যে ফের আক্রান্ত বিজেপি বিধায়ক। রবিবার দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন বাঁকুড়ার সোনামুখীর বিফায়ক দিবাকর ঘরামি। জানি গিয়েছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দিবাকরবাবুর গাড়ির উপর লাঠি নিয়ে হামলা করে। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় রক্ষা পান বিজেপি বিধায়ক। যদিও দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন বিজেপি কর্মী। জখম সকলকেই সোনামুখী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাদের বাঁকুড়া মেডিক্যাল কলেজে রেফার করা হয়। যথারিতি এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আরও পড়ুনঃ গানওয়ালার গান চুরির অভিযোগ, ক্ষোভপ্রকাশ সামাজিক মাধ্যমেজানা গিয়েছে, রবিবার সন্ধেবেলা মানিকবাজারের কাষ্ঠসাঙা গ্রামের দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সোনামুখীর (Sonamukhi) বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তিনি সেখানে কথাবার্তা বলার পর ফেরার পথে মানিকবাজারের কাছে দুষ্কৃতী হামলার মুখে পড়েন।চলে গো ব্যাক স্লোগান।দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে অনেকের মাথা ফেটে যায়, কেউ বা হাতে-পায়ে চোট পেয়েছেন। ঘটনার পরও রাতভর সেখানে উত্তেজনা জারি ছিল। বিজেপি-তৃণমূল সংঘর্ষের খবর মিলেছে একাধিকবার। যদিও এই ঘটনায় তৃণমূলের জড়িত থাকার কথা অস্বীকার করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, সবটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনার কথা টুইট করে তীব্র নিন্দা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, একজন বিধায়কও অবিধায়ক মুখ্যমন্ত্রীর জঙ্গলরাজে নিরাপদ নন।Sonamukhi MLA Dibakar Gharami attacked by TMC goons today at Manikbajar Panchayat area.7 BJP party members accompanying him were seriously injured alongside others had to be referred to Bankura Medical College.An MLA is not even safe in the Non-MLA CMs jungle raj. Horrific pic.twitter.com/Q8UpJqVeTP Suvendu Adhikari শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 4, 2021উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় রাজ্যে একের পর এক বিজেপি কর্মী-সমর্থকদের আক্রান্ত হওয়ার, ঘরছাড়া হওয়ার খবর আসছে রাজ্যজুড়ে। এই নিয়ে দিল্লিতে গিয়ে দরবারও করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশে রাজ্যে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। হামলার মুখে পড়তে হয়েছে তাঁদেরও। এই পরিস্থিতিতে ফের একবার আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক।

জুলাই ০৫, ২০২১
রাজ্য

BJP MP: আক্রান্ত জলপাইগুড়ির বিজেপি সাংসদ, অভিযুক্ত তৃণমূল

ঘরছাড়া বিজেপি কর্মীদের (BJP Workers) ঘরে ফেরাতে গিয়ে আক্রান্ত হলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় (Jayanta Kumar Roy)। আঙুল উঠল তৃণমূলের (TMC) দিকে। সাংসদের অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডারা তাঁকে বাঁশ দিয়ে মাথায় ও হাতে আঘাত করে। তাঁর সঙ্গে থাকা সঙ্গীরাও প্রহৃত হন বলে অভিযোগ জয়ন্ত কুমার রায়।জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভান্ডারীগঞ্জ এলাকার ১৩ জন সংখ্যালঘু বিজেপি কর্মী এক মাসের ওপর ঘরছাড়া হয়ে একটি মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ের দাবি, পুলিশের সঙ্গে কথা বলার পর এদিন বিকাল ৪টা নাগাদ তাঁদের বাড়ি ফেরাতে যান তিনি। ঠিক ওই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে তিনি-সহ আরও দুজন গুরুতর জখম হন বলে দাবি বিজেপি সাংসদের। তাঁর আরও অভিযোগ, যখন তাঁদের এভাবে মারধর করছে দুষ্কৃতীরা, তখন দূর থেকে পুলিশ নীরব দর্শক ছিল। বিজেপি সাংসদের মন্তব্য, বাংলায় আইনের শাসন বলে কিছুই নেই।Fascism at its peak in Bengal. Today @AITCofficial goons attacked me and our party workers at Rajganj. Savagery and lawlessness are the order of the day today in Bengal. @HMOIndia @PMOIndia @jdhankhar1 @narendramodi @AmitShah @BJP4Bengal @DilipGhoshBJP pic.twitter.com/E5MF93Mf5q Dr. Jayanta Kumar Roy (@JayantaRoyJPG) June 11, 2021টুইটারে বিজেপি সাংসদ লেখেন, বাংলায় ফ্যাসিবাদ চরমে উঠেছে। আজ তৃণমূল আশ্রিত গুন্ডারা আমাকা ও আমার কর্মীদের আঘাত করেছে। বর্বরতা ও অপশাসন চলছে আজ বাংলায়। সেই টুইটে কেন্দ্রীয় স্বরা ষ্ট্রমন্ত্রক, প্রধানমন্ত্রী, রাজ্যপাল জগদীপ ধনখড় ও দিলীপ ঘোষদের উদ্ধৃত করেন বিজেপি সাংসদ। আপাতত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জয়ন্ত কুমার রায়। যদিও বিজেপি সাংসদের উপর তৃণমূলের হামলার যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল শিবির।

জুন ১১, ২০২১
রাজ্য

মালদায় তৃণমূল বিধায়কের বাড়িতে দুষ্কৃতী হামলা

ইংরেজবাজারের তৃণমূল বিধায়কের বাড়িতে সশস্ত্র দুষ্কৃতীর হামলা। ভাঙচুর করা হলো বিধায়কের বাড়ির আসবাবপত্র এবং অফিস ঘরের যাবতীয় সামগ্রী । আর এই ঘটনায় নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী এবং তৃণমূলের জেলার যুব সভাপতি প্রসেনজিৎ দাসের। এই দুইজনের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র দুষ্কৃতী নিয়ে হামলা চালানোর অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক নিহার ঘোষ । সোমবার রাত ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকায় । সেখানে রয়েছে তৃণমূল বিধায়ক নিহার ঘোষের বাড়ি এবং দলীয় কার্যালয় । গভীর রাতে সশস্ত্র দুষ্কৃতী দল অতর্কিতে বিধায়কের বাড়িতে ঢুকে ভাঙচুর করে হামলা চালায় বলে অভিযোগ। বিধায়ক নিহার ঘোষ এবং তার স্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার প্রাক্তন কাউন্সিলার গায়ত্রী ঘোষের অভিযোগ, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী এবং তৃণমূলের জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে এদিন তাদের বাড়িতেই বাঁশ,লাঠি, হাঁসুয়া নিয়ে সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। ভাঙচুর করা হয়েছে সমস্ত আসবাবপত্র । এমনকী, বাড়িতে ঢুকে তাদেরকে কুপিয়ে খুনের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ।এদিকে রাতে এই গোলমালের ঘটনায় রীতিমতো উত্তেজনা তৈরি হয় মালদা শহরে বিনয় সরকার রোড সংলগ্ন বেলতলা এলাকায় । খবর পেয়ে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । ততক্ষণে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পুরো ঘটনার ব্যাপারে বিধায়ক নিহার ঘোষ এবং তার স্ত্রী গায়ত্রী ঘোষ সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ জানানোর কথা রাতেই জানিয়েছেন।বিধায়ক নিহার ঘোষের অভিযোগ, কিছুদিন আগে তাঁর পিতৃবিয়োগ হয়েছে।এনিয়ে তিনি শোকার্ত। কিন্তু এদিন হঠাৎ করে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী এবং তৃণমূলের জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে তাঁর বাড়িতে একশোরও বেশি দুষ্কৃতী নিয়ে হামলা চালানো হয় । ওরা বাড়িতে ঢুকে চেয়ার, টেবিল সমস্ত জিনিস ভাঙচুর করে । ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানিয়েছেন, বিধায়কের বাড়িতে হামলার খবর শোনার পরই তদন্ত করা হয়েছে। আমাদের খুব খারাপ লাগছে কিছুদিন আগেই বিধায়কের বাবা প্রয়াত হয়েছেন। উনি এমনি মর্মাহত রয়েছেন। তারপরেই এই হামলা ঘটনা কারা চালিয়েছে, সেটি আমরা তদন্ত করে দেখছি। একটি সিসিটিভির ফুটেজ পাওয়া গিয়েছে। সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেব্রুয়ারি ১৬, ২০২১

ট্রেন্ডিং

কলকাতা

ফের বিপাকে অভিষেক! জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে পোস্ট, শনিবারই থানায় হাজিরার নির্দেশ

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে করা একটি পোস্ট ঘিরে নতুন করে বিতর্কে জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে গুজরাটিদের ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফের অভিষেককে তলব করল পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে তাঁকে ভবানীপুর থানায় হাজির হতে বলা হয়েছে।জ্ঞানেশ কুমারকে বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল বলে কটাক্ষ করে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন অভিষেক। সেই পোস্টের বিরুদ্ধে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, একজন সাংসদের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য প্রত্যাশিত নয়। এই ধরনের মন্তব্যের ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি নষ্ট হতে পারে বলেও অভিযোগ করেন তিনি।অভিষেকের বিরুদ্ধে হিংসা ও বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই মামলার তদন্তের জন্যই শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে অভিষেককে ভবানীপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তবে এই একটি মামলাই নয়, এর আগেও পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলার সূত্রেই শুক্রবার কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁকে নোটিস দেয় পুলিশ।গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। সরকার বদল হলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাঁর এই মন্তব্যের পরেই বিতর্ক শুরু হয়।এর পর ৩১ অক্টোবর এক মহিলা অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছয় গিরিশ পার্ক থানার পুলিশ। সেখানে তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়। আগামী ২০ নভেম্বর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।পুলিশের তরফে জানানো হয়েছে, অভিষেকের বাড়ির সদস্যরা নোটিসটি গ্রহণ করেছেন।এক দিকে জ্ঞানেশ কুমারকে নিয়ে সমাজমাধ্যমে করা পোস্টের জেরে ভবানীপুর থানায় হাজিরার নির্দেশ, অন্য দিকে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে গিরিশ পার্ক থানার নোটিস। পর পর দুটি ঘটনায় নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুই মামলায় কী পদক্ষেপ করেন, এখন সে দিকেই নজর রয়েছে।

নভেম্বর ১৪, ২০২৬
দেশ

বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, কিন্তু ভারত দিল দু’টি কঠিন শর্ত! কী হবে তাঁর প্রত্যাবর্তনের ভবিষ্যৎ?

২০২৪ সালের ৫ অগস্ট। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তখন উত্তাল। আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামরিক বিমানে করে ভারতে এসে আশ্রয় নেন তিনি। তার পর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। কিন্তু এখনও বাংলাদেশে ফেরা হয়নি তাঁর। এ বার অবশ্য দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন হাসিনা নিজেই। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন তিনি। কিন্তু তাঁর প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিক বিষয়। নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও তা খারিজ করে দিয়েছে বাংলাদেশের সরকার। তা হলে কী ভাবে দেশে ফিরবেন শেখ হাসিনা? এই প্রশ্নের মধ্যেই সামনে এসেছে ভারতের দুটি শর্ত।বাংলাদেশ ছাড়ার পর থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশের তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে তিনি যখন আশ্রয় চেয়েছিলেন, তখন তাঁকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। হাসিনার পরিবারের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কও এই সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। তবে বর্তমানে তাঁর বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে ভারতের অবস্থান কিছুটা স্পষ্ট করেছে বিদেশ মন্ত্রক। নয়াদিল্লির বক্তব্য, বিষয়টি সম্পূর্ণ আইনি। সেই অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ করা হবে।এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণ নিয়ে দুটি শর্তের কথা সামনে এসেছে। বিবিসি বাংলার একটি প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে এই দুটি শর্ত দিয়েছে ভারত। যদিও এই বিষয়ে ভারত সরকারের তরফে এখনও কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রথম শর্ত হল, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে হবে সে দেশের সেনাবাহিনীকে। ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ছাড়ার সময় সামরিক বিমানে চেপেই ভারতের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছেছিলেন তিনি। এ বার বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রেও সেনাবাহিনীর ভূমিকা চায় নয়াদিল্লি। আকাশপথে হোক বা স্থলপথে, বাংলাদেশের সেনাবাহিনীকেই তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনীয় যাতায়াত ও অন্যান্য ব্যবস্থার ক্ষেত্রে ভারত সাহায্য করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।দ্বিতীয় শর্তটি আরও গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতের দাবি, বাংলাদেশে ফিরলে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পেতে হবে তাঁকে। শুধু তা-ই নয়, মামলাটির বিচারপ্রক্রিয়া নতুন করে শুরু করার সুযোগও নিশ্চিত করতে হবে। তবে এই শর্তের মাধ্যমে বাংলাদেশের বিচারব্যবস্থায় ভারত হস্তক্ষেপ করছে, এমন কোনও পরিস্থিতি তৈরি হোক, তা চায় না নয়াদিল্লি।উল্লেখ্য, বাংলাদেশ ছাড়ার পর প্রথমে লন্ডনে যাওয়ার ইচ্ছা ছিল শেখ হাসিনার। কিন্তু ব্রিটেনের সরকার তাঁকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে জানা যায়। ফলে শেষ পর্যন্ত ভারতেই থেকে যান তিনি। অন্য দিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছিল। কিন্তু সেই আবেদনের বিষয়ে দীর্ঘদিন কোনও স্পষ্ট জবাব দেয়নি নয়াদিল্লি।সূত্রের দাবি, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে গিয়ে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লিগের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। দলটিকে আবার সক্রিয় করতে হলে হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই পরিস্থিতিতে ভারতের প্রস্তাব বিবেচনা করেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি বলে খবর।তবে সব কিছু নির্ভর করছে বাংলাদেশের সরকারের পরবর্তী সিদ্ধান্তের উপর। ভারতের শর্তে ঢাকা রাজি হবে কি না, হাসিনার আপিলের সুযোগ নিশ্চিত করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা আদৌ সম্ভব হবে কি না, এখন সেই প্রশ্নই ঘুরছে দুই দেশের রাজনৈতিক মহলে।

নভেম্বর ১৪, ২০২৬
রাজ্য

জাঁকিয়ে শীতের আগেই বড় বিপত্তি! বঙ্গোপসাগরে ফুঁসছে শক্তিশালী নিম্নচাপ, সরাসরি বাংলাতেই কি আঘাত?

নভেম্বরের মাঝামাঝি এসেও জাঁকিয়ে শীতের দেখা নেই, উল্টে বৃষ্টির ভ্রুকুটিতে ফের কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে একটি নিম্নচাপ। সোমবারের মধ্যে সেখানে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। অর্ণব ও মুরাসুরের পর এবার বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে আকভান। এটি ঠিক কোন দিকে এগোবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি আবহাওয়া দফতর। তবে এই ঝড়ের প্রভাবে আসন্ন জগদ্ধাত্রী পুজোয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৮ এবং ১৯ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনকি ১৯ নভেম্বর কলকাতার আকাশেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত কয়েকদিন ধরে কিছুটা ঠান্ডা অনুভূত হলেও, এই বৃষ্টির জেরে ফের তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস মিলেছে। গত শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি বেশি। ফলে এই মুহূর্তে শীতের আমেজ ফিকে হয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাই বেশি।

নভেম্বর ১৪, ২০২৬
দেশ

সিকিমে ভয়াবহ তুষারপাত! বরফের চাদরে আটকে ৩০০-র বেশি গাড়ি, মাঝপথে বিপাকে হাজার পর্যটক

ফের ভারী তুষারপাতের জেরে বিপর্যস্ত পূর্ব সিকিম। বরফের চাদরে ঢেকে গেল পাহাড়ি রাস্তা। আটকে পড়ল তিনশোরও বেশি গাড়ি। বিপাকে পড়লেন প্রায় এক হাজার পর্যটক। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালাতে হয় ভারতীয় সেনা, পুলিশ ও সিকিম প্রশাসনকে। শেষ পর্যন্ত প্রায় এক হাজার পর্যটককে উদ্ধার করে নিরাপদে গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়।বৃহস্পতিবার বিকেলের পর থেকেই পরিস্থিতি সামাল দিতে বিশেষ অভিযানে নামে ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। নাথু-লা, শেরথাং, বাবা ধাম এবং ছাঙ্গু হ্রদ সংলগ্ন এলাকায় শুরু হয় উদ্ধারকাজ। রাত পর্যন্ত অভিযান চালিয়ে তিনশোর বেশি আটকে পড়া গাড়ি উদ্ধার করা হয়। তার মধ্যে প্রায় আড়াইশোটি ছিল পর্যটকদের গাড়ি। প্রতিটি গাড়িকে নিরাপদে সরিয়ে আনার ব্যবস্থা করেন সেনার জওয়ানেরা।সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব সিকিমের উঁচু এলাকাগুলিতে তুষারপাত শুরু হয়। নাথু-লা, শেরথাং, বাবা ধাম এবং ছাঙ্গু হ্রদ এলাকায় বরফ পড়তে শুরু করে। তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই ওই সব এলাকায় পর্যটকদের ভিড় বাড়তে থাকে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারপাতের পরিমাণও বাড়ে। দ্রুত বদলে যায় আবহাওয়া।পাহাড়ি এলাকায় তাপমাত্রা অনেকটা নেমে যায়। প্রবল ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। উঁচু এলাকায় বাতাসে অক্সিজেনের মাত্রাও কমে যায়। এর মধ্যেই রাস্তার উপর জমতে থাকে পুরু বরফ। ফলে যান চলাচল ক্রমশ কঠিন হয়ে পড়ে। কয়েকটি জায়গায় রাস্তার উপর প্রায় এক ফুট পুরু বরফ জমে যায়।শেরথাং চেকপোস্ট ও পুলিশ স্টেশনের কাছে জওহরলাল নেহরু রোডের ১৫ মাইল ও ১৩ মাইলের মাঝামাঝি থুলা খোলা এলাকায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। রাস্তা বরফে ঢেকে যাওয়ায় গাড়ির চাকা পিছলে যেতে থাকে। কোথাও কোথাও তৈরি হয় বিপজ্জনক ব্ল্যাক আইস। এই ধরনের বরফ বাইরে থেকে সাধারণ রাস্তার মতো দেখালেও অত্যন্ত পিচ্ছিল। ফলে চালকেরা গাড়ির নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় আর এগোতে পারেননি।এর পরই আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনা, পুলিশ ও প্রশাসন একসঙ্গে কাজ শুরু করে। বিশেষ অভিযানে একের পর এক গাড়িকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। শেষ পর্যন্ত প্রায় এক হাজার পর্যটককে নিরাপদে গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও ভারী তুষারপাতের জেরে পূর্ব সিকিমে প্রায় তিন হাজার পর্যটক আটকে পড়েছিলেন। সে বারও ভারতীয় সেনার তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়েছিল। ফের একই ধরনের ঘটনায় পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নভেম্বর ১৩, ২০২৬
কলকাতা

কালীঘাটের বাড়িতে হঠাৎ পুলিশ! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস, ২০ নভেম্বর থানায় তলব

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। সেখানে গিয়ে তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। আগামী ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় হাজিরা দিতে বলা হয়েছে সাংসদকে। পুলিশ সূত্রে খবর, অভিষেকের বাড়ির তরফে ওই নোটিস গ্রহণ করা হয়েছে।কী কারণে এই নোটিস? গত ২৯ অক্টোবর সংবাদমাধ্যমের সামনে অভিষেক অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী ও বর্তমান রাজ্য সরকারের ইন্ধনে পুলিশ বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। সরকার বদলের পর সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।এর পর ৩১ অক্টোবর অভিষেকের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। ওই মামলাতেই শুক্রবার সন্ধ্যায় অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকেরা। তাঁকে থানায় হাজিরার নোটিস দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, আগামী ২০ নভেম্বর দুপুর ১টা নাগাদ গিরিশ পার্ক থানায় হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তবে পুলিশের এই নোটিসের জবাবে অভিষেক কী পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার।উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তার মধ্যেই পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে পুলিশের নোটিস ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। নির্ধারিত দিনে তিনি থানায় হাজিরা দেন কি না, সেদিকেই নজর রয়েছে।

নভেম্বর ১৩, ২০২৬
কলকাতা

এ বার পুলিশের কাজকর্মেও নজর রাখতে পারবেন সাধারণ মানুষ! বাংলায় চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ, কী সুবিধা পাবেন?

পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ করতে নতুন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে চালু হল পুলিশ মিত্র অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কোন এলাকায় কোন পুলিশ আধিকারিক কর্মরত রয়েছেন, তা জানতে পারবেন সাধারণ মানুষ। এমনকি, কোন বিট অফিসার কোন দায়িত্বে রয়েছেন, সেই তথ্যও পাওয়া যাবে। পুলিশের কাজকর্মে স্বচ্ছতা বাড়ানো এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও মজবুত করতেই এই উদ্যোগ।এ দিন নবান্নের সভাঘর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অ্যাপ চালুর কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পুলিশকে আরও জনমুখী করে তোলাই সরকারের লক্ষ্য। সাধারণ মানুষের জানা প্রয়োজন, তাঁদের এলাকার দায়িত্বে কোন পুলিশ আধিকারিক রয়েছেন। সেই তথ্য সহজে পাওয়া গেলে পুলিশের সঙ্গে মানুষের যোগাযোগও বাড়বে। প্রশাসনিক কাজেও আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছে রাজ্য সরকার।রাজ্যে পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ নিয়েও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের হাতে আধুনিক সরঞ্জাম তুলে দেওয়া থেকে শুরু করে পরিকাঠামোর উন্নতি, সব দিকেই নজর দেওয়া হচ্ছে। পুলিশের জন্য নতুন গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থার কথাও আগেই জানিয়েছিলেন তিনি।এ দিন রাজ্যে পুলিশকর্মীর অভাবের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, পুলিশের কাজের পরিধি ক্রমশ বাড়ছে। কিন্তু সেই তুলনায় পর্যাপ্ত পুলিশকর্মী নেই। শুধু পরিকল্পনা করলেই হবে না, সেই পরিকল্পনা বাস্তবায়ন করাও জরুরি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য সরকার। পুলিশ আধিকারিকদের পাশাপাশি স্বরাষ্ট্রসচিবও গোটা কাজের উপর নজর রাখছেন।কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় নিয়েও এ দিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যথেষ্ট সমন্বয় ছিল না। তবে নতুন সরকার কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে কাজ করতে আগ্রহী। নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে কোনও তথ্য গোপন করতে চায় না রাজ্য। এই বিষয়ে ইতিমধ্যেই যৌথ সমন্বয় বৈঠকও হয়েছে বলে জানান তিনি।পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার বিষয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। সেই কারণে পুলিশি ব্যবস্থার উন্নতি এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় বাড়ানোর উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। তবে নতুন সরকারের কাজের ফলাফল বিচার করার আগে আরও তিন মাস সময় দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

নভেম্বর ১৩, ২০২৬
রাজ্য

বক্সার জঙ্গলে আনা বাঘিনি কি অন্তঃসত্ত্বা ছিল? ঘুমপাড়ানি গুলির পর তিন শাবকের মৃত্যু, তদন্তে দিল্লির দল!

বক্সার জঙ্গলে বারবার পালিয়ে যাওয়া বাঘিনিকে ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। বাঘিনিটি কি বক্সায় আনার আগেই অন্তঃসত্ত্বা ছিল? তাকে বারবার ঘুমপাড়ানি গুলি করে কাবু করার কারণে কি গর্ভেই মৃত্যু হয়েছে শাবকদের? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে বক্সায় পৌঁছেছে কেন্দ্রীয় বাঘ সংরক্ষণ সংস্থার একটি বিশেষজ্ঞ দল। দিল্লি থেকে আসা এই দলে রয়েছেন ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি এবং ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার বিশেষজ্ঞরা।সূত্রের খবর, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছর বয়সি ওই বাঘিনিকে বক্সায় আনার জন্য চিহ্নিত করার সময়ই তার অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনার কথা সামনে আসে। আরও দাবি করা হচ্ছে, গত ৩ নভেম্বর অসমের রাইমোনা জাতীয় উদ্যানের কাছে গেলাগুড়ি গ্রাম থেকে বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি করে ধরা হয়। ওই রাতেই তাকে আবার বক্সার নির্দিষ্ট ঘেরাটোপে ফিরিয়ে আনা হয়। অভিযোগ, অসমে তাকে ঘুমপাড়ানি গুলি করার পর তার গর্ভে থাকা তিনটি ভ্রূণ নষ্ট হয়ে যায়।এই খবর সামনে আসতেই শুরু হয়েছে তীব্র চর্চা। যদিও বাঘিনির অন্তঃসত্ত্বা হওয়া বা তার গর্ভের শাবকদের মৃত্যুর বিষয়ে বন দফতরের আধিকারিকেরা এখনও কোনও তথ্য নিশ্চিত করেননি। বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।বাঘ বিশেষজ্ঞদের একাংশের মতে, বাঘিনিটি সত্যিই অন্তঃসত্ত্বা হয়ে থাকলে তাকে অন্য জায়গায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের ২০১৯ সালের নির্দেশিকায় বলা হয়েছে, অন্তঃসত্ত্বা, শাবককে দুধ খাওয়াচ্ছে এমন বা ঋতুমতী বাঘিনিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে না। সেই নির্দেশিকা মেনেই বাঘিনিকে স্থানান্তর করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ জানিয়েছেন, বাঘিনিকে ঘিরে ওঠা অভিযোগ সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই। দিল্লি থেকে তদন্তকারী দল এসেছে। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের রিপোর্ট হাতে এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।বনমন্ত্রীর আরও দাবি, বক্সার বাঘিনি, যাকে ডুয়ার্সরানি নামেও ডাকা হচ্ছে, বর্তমানে সুস্থ রয়েছে এবং বক্সাতেই আছে। সে যদি ওই জঙ্গলে স্থায়ী ভাবে থাকতে শুরু করে, তা হলে ভবিষ্যতে আরও বাঘ আনার পরিকল্পনা করা হবে।এ দিন বনমন্ত্রী নিজেও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে গিয়ে বাঘিনিটি যে এলাকায় রয়েছে, সেই এলাকা ঘুরে দেখেন। অন্য দিকে, বাঘিনিকে ঘিরে একের পর এক প্রশ্ন ওঠায় বন দফতরের অন্দরেও অসন্তোষ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বন আধিকারিকের দাবি, তাঁরা জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের নির্দেশিকা মেনেই কাজ করছেন। বাঘিনির বয়স সম্পর্কে তাঁদের কাছে যে তথ্য দেওয়া হয়েছে, সেটাই তাঁরা মেনে নিয়েছেন।জানা গিয়েছে, বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে বক্সায় আনার পর একাধিকবার বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি করে অচেতন করতে হয়েছে। কখনও রেডিয়ো কলার খুলে যাওয়ায় সেটি ঠিক করার জন্য, আবার কখনও বক্সা থেকে পালিয়ে অসমে চলে যাওয়ার পর তাকে ফিরিয়ে আনার জন্য এই পদক্ষেপ করা হয়। প্রতিবারই অচেতন করার পর জ্ঞান ফেরাতে ওষুধ দেওয়া হয়েছে।বাঘিনিটিকে বিহার, বাংলা ও অসমের মধ্যে সড়কপথে এবং আকাশপথে নিয়ে যাওয়া হয়েছে। বারবার স্থান পরিবর্তন, যাতায়াতের ধকল এবং ঘুমপাড়ানি ওষুধের প্রভাব তার শরীরে পড়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। সত্যিই কি বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল? তার গর্ভের শাবকদের কি মৃত্যু হয়েছে? নাকি এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন? আপাতত তদন্তকারী দলের রিপোর্টের দিকেই তাকিয়ে বন দফতর ও বন্যপ্রাণীপ্রেমীরা।

নভেম্বর ১৩, ২০২৬
দেশ

পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই উল্টো দিক থেকে এল ট্রাক! কাজিরাঙায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২৩

অসমের কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনা। কন্টেনার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল একটি মিনিবাসের। এই দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনাগ্রস্ত বাসে বেশির ভাগ যাত্রীই পড়ুয়া ছিলেন বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার দুপুরে কাজিরাঙার কোহরা রেঞ্জের রঙ্গাজান এলাকায় হাতিকুলি চা বাগানের কাছে ৭১৫ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ভিতরে আটকে পড়েন বহু যাত্রী।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ ও উদ্ধারকারী দলকে। বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করে প্রথমে কোহরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত কয়েক জনকে জোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাসে মোট কত জন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনার সময় বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। কাজিরাঙা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় গতিসীমা নির্দিষ্ট থাকা সত্ত্বেও বাসটি দ্রুতগতিতে চলছিল বলে মনে করা হচ্ছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন অসমের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অতুল বোরা। তিনি উদ্ধারকাজের তদারকি করছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এখনও ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

নভেম্বর ১৩, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal