• ২৭ কার্তিক ১৪৩৩, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Fuel

রাজ্য

জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই ধাক্কা, রাতারাতি বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম! কোন শহরে কত নতুন দর

দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। অপ্রয়োজনীয় জ্বালানি খরচ কমানো এবং শক্তি সংরক্ষণের উপর জোর দিয়েছিলেন তিনি। কিন্তু সেই বার্তার রেশ কাটতে না কাটতেই সাধারণ মানুষের জন্য এল বড় ধাক্কা। শুক্রবার থেকেই সারা দেশে পেট্রল ও ডিজ়েলের দাম লিটারপিছু ৩ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। নতুন দামে জ্বালানি কিনতে গিয়ে বাড়তি খরচের চাপ পড়বে আমজনতার পকেটে।তেল বিপণন সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা, পরিবহণ খরচ বৃদ্ধি এবং কর কাঠামোর পরিবর্তনের জেরেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শহরভেদে পেট্রল ও ডিজ়েলের খরচ আরও বেড়ে গেল।রাজধানী দিল্লিতে এতদিন এক লিটার পেট্রলের দাম ছিল ৯৪ টাকা ৭৭ পয়সা। নতুন দাম হয়েছে ৯৭ টাকা ৭৭ পয়সা। একইভাবে ডিজ়েলের দাম ৮৭ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯০ টাকা ৬৭ পয়সা প্রতি লিটারে।অন্যদিকে কলকাতায় পেট্রলের নতুন দাম হয়েছে ১০৮ টাকা ৭৪ পয়সা প্রতি লিটার। ডিজ়েলের দামও বেড়েছে সমান হারে। মহানগর মুম্বইয়ে পেট্রলের দাম পৌঁছেছে ১০৬ টাকা ৬৮ পয়সায়। চেন্নাইয়ে এক লিটার পেট্রলের জন্য এখন খরচ করতে হবে ১০৩ টাকা ৬৭ পয়সা।বিশেষজ্ঞদের মতে, জ্বালানির এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিবহণ খরচে। ফলে আগামী দিনে বাজারে খাদ্যপণ্য থেকে শুরু করে অন্যান্য পরিষেবার দামও বাড়তে পারে। সবচেয়ে বেশি চাপে পড়বেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ, যাঁদের প্রতিদিনের যাতায়াতের বড় ভরসা পেট্রল-ডিজ়েলচালিত যানবাহন।নতুন এই মূল্যবৃদ্ধি ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের একাংশ কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, জ্বালানি সাশ্রয়ের আহ্বান যখন দেওয়া হচ্ছে, তখনই কেন মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত? এখন নজর, আগামী দিনে সরকার এ বিষয়ে কোনও স্বস্তির ঘোষণা করে কি না।

মে ১৫, ২০২৬
বিদেশ

যুদ্ধের আশঙ্কা ফিরতেই তেলের দামে আগুন! ভারতে কি বাড়বে পেট্রোল-ডিজেল?

টানা চলা সংঘর্ষের পর ইরান ও আমেরিকার যুদ্ধবিরতি বিশ্বজুড়ে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। সেই সময় তেলের দাম কমতেও শুরু করেছিল। কিন্তু পরিস্থিতি আবার বদলাতে শুরু করেছে। ফের বেড়ে গেল অপরিশোধিত তেলের দাম এবং তা আবার ১০০ ডলারের গণ্ডি পার করেছে। ফলে ভারতে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।জানা গিয়েছে, ইসলামাবাদে ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষ মেটাতে আলোচনা হয়েছিল। কিন্তু সেই আলোচনা সফল হয়নি। এর পর থেকেই দুই দেশের মধ্যে আবার উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। সোমবার সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৪ ডলার ছাড়িয়েছে। একইভাবে ব্রেন্ট তেলের দামও ১০০ ডলারের উপরে উঠে গিয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতির মূল কারণ ভূ-রাজনৈতিক উত্তেজনা। তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাজারে দাম বাড়ছে। বিনিয়োগকারীরাও সতর্ক হয়ে পড়েছেন। আলোচনা ব্যর্থ হওয়ার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়েছে।এর মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকার তরফে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে বিশ্বের তেলের সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে এবং সঙ্কট আরও গভীর হতে পারে।কয়েক দিন আগেও ছবিটা অন্যরকম ছিল। এপ্রিলের শুরুতে তেলের দাম ব্যারেল প্রতি ১১৭ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এরপর যুদ্ধবিরতির ঘোষণা হতেই তা কমে প্রায় ৯১ ডলারে নেমে আসে। কিন্তু নতুন করে আলোচনা ভেস্তে যাওয়া এবং উত্তেজনা বাড়ার কারণে আবার দাম বাড়তে শুরু করেছে।এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েন সরাসরি প্রভাব ফেলছে সাধারণ মানুষের জীবনে। তেলের দাম বাড়লে তার প্রভাব পড়বে পরিবহণ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে।এদিকে আমেরিকার তরফে কড়া অবস্থানের ইঙ্গিত মিলতেই ইরানও পাল্টা জবাব দিচ্ছে। ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাগের গালিবাফ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, এই ধরনের পদক্ষেপের ফলে ভবিষ্যতে জ্বালানির দাম আরও বেড়ে যেতে পারে।সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং তার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে।

এপ্রিল ১৩, ২০২৬
বিদেশ

জ্বালানি সংকটে কাঁপছে বাংলাদেশ! ভারতের দরজায় ফের কড়া নাড়ল ঢাকা

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির জেরে জ্বালানি সংকটে পড়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে পাশে দাঁড়িয়েছে ভারত। ইতিমধ্যেই একাধিক দফায় ডিজেল পাঠানো হয়েছে বাংলাদেশে। সংকট কাটাতে এবার নতুন পরিকল্পনার পথে হাঁটছে ঢাকা।সূত্রের খবর, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে তা ভারতে পরিশোধন করানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। এরপর সেই পরিশোধিত জ্বালানি আবার ভারত থেকেই আমদানি করবে তারা। এই পুরো প্রক্রিয়ার খরচ বাংলাদেশই বহন করবে বলে জানা গিয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গেও বিকল্প ব্যবস্থার জন্য আলোচনা চলছে।বাংলাদেশে মাত্র একটি তেল পরিশোধনাগার থাকায় সমস্যা আরও বাড়ছে। বিশেষ করে রাশিয়ার ভারী অপরিশোধিত তেল সেখানে সহজে পরিশোধন করা যায় না। সেই কারণেই অন্য দেশের উপর নির্ভর করতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নির্ভরতা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার কারণেও উদ্বেগ বাড়ছে।অন্যদিকে, ভারতের তরফে ইতিমধ্যেই ধাপে ধাপে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। জানা গিয়েছে, অসমের নিউমালিগড় শোধনাগার থেকে এপ্রিল মাসে মোট চল্লিশ হাজার টন ডিজেল পাঠানো হবে বাংলাদেশের পার্বতীপুরে। তার মধ্যে ইতিমধ্যেই পনেরো হাজার টনের বেশি পৌঁছে গিয়েছে।বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে দুই দেশের এই সহযোগিতা গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘমেয়াদে জ্বালানি নীতিতে পরিবর্তন আনা জরুরি হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব যে দক্ষিণ এশিয়ার উপরও পড়ছে, এই ঘটনায় তা স্পষ্ট।

এপ্রিল ১২, ২০২৬
দেশ

আবার কি লকডাউন আসছে? জ্বালানি সঙ্কটে দেশজুড়ে আতঙ্ক, মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী

জ্বালানি সঙ্কট নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। অনেকের মনে প্রশ্ন উঠছে, আবার কি লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে? ইতিমধ্যেই বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মায়ানমারের মতো কয়েকটি দেশ জ্বালানি সংরক্ষণের জন্য জরুরি পদক্ষেপ নিয়েছে। সেই কারণেই ভারতে একই রকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এমন আশঙ্কার কথা উল্লেখ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও।তবে এই জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি স্পষ্ট করে বলেন, দেশে আবার লকডাউন জারি করার কোনও পরিকল্পনা নেই। কোভিডের সময় যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, তেমন কিছু ফের হওয়ার সম্ভাবনা নেই বলেই আশ্বস্ত করেছেন তিনি।সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, লকডাউন নিয়ে যে খবর ছড়াচ্ছে তা পুরোপুরি ভুল। এই সময়ে শান্ত থাকা এবং দায়িত্বশীল আচরণ করার উপর জোর দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, দেশের জ্বালানির জোগান স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় সরকার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি নিয়ে উদ্বেগ বাড়লেও কেন্দ্রের দাবি, ভারতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুত রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে চাপ তৈরি হলেও দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।এই পরিস্থিতিতে অনেকেই আতঙ্কে পেট্রোল পাম্পে ভিড় করছেন এবং আগাম জ্বালানি মজুত করার চেষ্টা করছেন। তবে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত করেছেন, কোনও ধরনের ঘাটতির আশঙ্কা নেই এবং যে কোনও জরুরি পরিস্থিতির মোকাবিলার জন্য দেশ প্রস্তুত।

মার্চ ২৭, ২০২৬
বিদেশ

যুদ্ধের ছ্যাঁকায় কার্যত লকডাউন পাকিস্তানে! অনির্দিষ্ট কালের জন্য বন্ধ স্কুল, অফিসে আসতে হবে না সরকারি কর্মীদের

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এখন ধীরে ধীরে বিশ্বজুড়ে পড়তে শুরু করেছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। অভিযোগ উঠছে, ইরান এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এবং পাশাপাশি আশপাশের দেশের তেল উৎপাদন ও শোধনাগারেও হামলা চালানো হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তবে বিশ্ব অর্থনীতির উপর তার বড় প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। শুধু ভারত নয়, প্রায় দশটি দেশ এই সমস্যার মুখে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে পাকিস্তান।জ্বালানি বাঁচাতে পাকিস্তান কঠোর সিদ্ধান্ত নিতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে কার্যত লকডাউনের মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা করেছেন যে স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনা হবে অনলাইনে। সরকারি অফিসগুলির কাজের দিনও কমিয়ে দেওয়া হয়েছে।সরকারি দপ্তরগুলিতে আগামী দুই মাস জ্বালানির ব্যবহার অর্ধেক কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাঙ্ক ছাড়া অন্য সরকারি অফিস সপ্তাহে মাত্র চার দিন খোলা থাকবে। এছাড়া জরুরি পরিষেবা ছাড়া সরকারি কর্মীদের একটি বড় অংশকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রীদের ভাতাও কমানো হয়েছে।শুধু পাকিস্তান নয়, জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের উপরেও। সেখানে জ্বালানি ব্যবহারে সীমা বেঁধে দেওয়া হয়েছে। মোটরসাইকেলের জন্য দিনে সর্বোচ্চ দুই লিটার এবং গাড়ির জন্য দশ লিটার জ্বালানি নেওয়ার নিয়ম চালু হয়েছে।ইউরোপের বিভিন্ন দেশেও জ্বালানির চাহিদা বেড়ে যাওয়ায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। শ্রীলঙ্কায় জ্বালানির দাম প্রায় আট শতাংশ বাড়ানো হয়েছে। মায়ানমারে গাড়ি চলাচলের জন্য জোড় ও বিজোড় নম্বরের নিয়ম চালু করা হয়েছে। অনেক জায়গায় জ্বালানি না থাকায় পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। ফলে অনেক মানুষ পাশের দেশ থাইল্যান্ডে গিয়ে তেল কিনছেন।আমেরিকার কিছু রাজ্যেও জ্বালানির দাম বেড়েছে। ফ্লোরিডা এবং লুইজিয়ানায় প্রতি গ্যালন গ্যাসের দাম প্রায় এগারো সেন্ট পর্যন্ত বেড়েছে। ভিয়েতনামেও জ্বালানি সংকট মোকাবিলার জন্য বিশেষ টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে।বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ, ফ্রান্স, আমেরিকা, জার্মানি, পোল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত যদি দ্রুত থামানো না যায়, তবে আগামী দিনে এই সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

মার্চ ১১, ২০২৬
দেশ

পাঁচ দিনে চার বার! আবার বাড়ল জ্বালানির দাম

আবার বাড়ল জ্বালানির দাম। চলতি সপ্তাহে এই নিয়ে চতুর্থ বার পেট্রল এবং ডিজেলের দাম বাড়ানো হল। এ বার লিটার প্রতি ৮০ পয়সা বাড়ানো হল দুই জ্বালানির দাম। ২২ মার্চ থেকে চার বারে মোট ৩ টাকা ৩৪ পয়সা দাম বাড়ল জ্বালানির। শনিবার সকাল ৬টা থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে। দাম বৃদ্ধির ফলে রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম হল যথাক্রমে ৯৮.৬১ এবং ৮৯.৮৭ টাকা। কলকাতায় পেট্রলের দাম ৮৩ পয়সা বেড়ে হল ১০৮.০১ টাকা হয়েছে।বর্তমানে তেলের দাম বাড়ার মূল কারণ হিসাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধই দায়ী বলে মনে করা হচ্ছে। যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের দাম বিপুল বৃদ্ধি পেয়েছে।মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৩.৩৫ এবং ৯৭.৫৫ টাকা। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮৪ এবং ৮৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। এর আগে মঙ্গল, বুধ এবং শুক্রবার জ্বালানির দাম বাড়ানো হয়। প্রতি বার লিটার প্রতি গড়ে ৮০ পয়সা করে দাম বাড়ানো হয়েছে।

মার্চ ২৬, ২০২২
রাজ্য

BJP: জ্বালানির দাম ঘিরে তৃণমূলকে নিশানা রাজ্য বিজেপির, পথ আটকালো রাজ্য পুলিশ

পেট্রোল-ডিজেলে ভ্যাট কমানোর দাবিতে পথে সোমবার পথে নেমেছিল বিজেপি। মুরলীধর সেন লেনের রাজ্য দপ্তর থেকে সেই মিছিল বের হওয়ার কথা থাকলেও কলকাতা পুলিশের কড়া বেষ্টনী পার করে তা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের। অবশেষে বেলা ৩টে ১৫ নাগাদ তাঁরা জানিয়ে দেন, আপাতত এখানেই এদিনের কর্মসূচি শেষ হল। তবে আগামিদিনে এই আন্দোলন যে বৃহত্তর আকার নেবে সে কথাও বলা হয়।মঙ্গলবার রাজ্যের পেট্রোল পাম্প গুলিতে জনসচেতনতা মূলক প্রচার চালাবে দল। প্রয়োজনে নবান্ন অভিযানও করতে পারে বিজেপি। পেট্রোল ডিজেলের ভ্যাট কমানোর পাশাপাশি বিদ্যুতের মাশুল কমানোর দাবিতেও এবার সরব হবে গেরুয়া শিবির। এদিন কর্মসূচির শুরুতেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ে উত্তেজনা ছড়ায়। রীতেশ তিওয়ারি-সহ একাধিক বিজেপি কর্মী-সমর্থককে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। রীতেশ তিওয়ারির বক্তব্য, বাংলার মানুষের স্বার্থে আমরা পথে নেমেছি। তাই গ্রেপ্তার হতে হচ্ছে। এরা ত্রিপুরায় গিয়ে বড় বড় কথা বলে। প্রতিদিন এক লাখ লোক বুর্জ খলিফা দেখত। তখন অতিমারি ছিল না। এখন করোনার কথা বলছে। এটা প্রমাণ হয়ে গেল বাংলার মানুষের স্বার্থে পথে নামলেই পুলিশ গ্রেফতার করবে।এদিন রাজ্য অফিসের সামনেই বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ রাহুল সিনহা, সুকান্ত মজুমদাররা। প্রত্যেকেই তাঁদের বক্তব্যে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে পেট্রোল ডিজেলের দাম কমানোর কথা বলেছিলেন, তিনি কেন এবার ভ্যাটের লভ্যাংশে ছাড় দিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তোলের প্রত্যেকেই।পুলিশের বক্তব্য ছিল, এই মিছিলের জন্য বিজেপির কাছে কোনও অনুমতি নেই। দ্বিতীয়ত, কোভিডের কারণে এই জমায়েতে কোনওভাবেই অনুমতি দেওয়া সম্ভব নয়। গেরুয়া শিবিরের দাবি, মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ভ্যাট কমাতেই হবে। কারই প্রতিবাদে এদিনের কর্মসূচি নেওয়া হয়।

নভেম্বর ০৮, ২০২১
রাজনীতি

CM letter to PM: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোদিকে প্রতিবাদী চিঠি মমতার

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীকে প্রতিবাদী চিঠি মমতার। আগামী ১০ ও ১১ জুলাই রাজ্যজুড়ে জ্বালানি তেলের মৃল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামতে তৃণমূল কংগ্রেস। তার আগেই আজ পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনী দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেভাবে পেট্রোপণ্যের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর জন্য কেন্দ্রের হস্তক্ষেপ করা উচিত।আরও পড়ুনঃ জল্পনার অবসান, তৃণমূলেই যোগ দিলেন প্রণবপুত্র অভিজিৎমমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পেট্রোলের দাম কোনও কোনও রাজ্যে একশো টাকা ছুঁয়েছে। গত ৪ মে থেকে কেন্দ্র এখনও পর্যন্ত ডিজেলের দাম ৮ বার বাড়িয়েছে। এর মধ্যে জুনেই দাম বেড়েছে ৬ বার। এর ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কারণ জ্বালানির মূল্যবৃ্দ্ধির প্রভাব সরাসরি নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে পড়ছে। প্রধানমন্ত্রীকে(Narendra Modi) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) মনে করিয়ে দিয়েছেন, ২০২০ সালের মে মাসের তুলনায় এবছর মে মাসে খুচরো পণ্যের দামের সূচক বেড়েছে ১২.৯৪ শতাংশ। ভোজ্য তেলের দাম বেড়েছে ৩০.৮ শতাংশ, ডিমের দাম বেড়েছে ১৫.২ শতাংশ, ফলমূলের দাম বেড়েছে ১২ শতাংশ। এর পেছনে প্রত্যক্ষভাবে দায়ি জ্বালানির মূল্যবৃদ্ধি।মুখ্যমন্ত্রীর অভিযোগ, পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকে সরকারের কর আদায় বেড়েছে ৩৭০ শতাংশ। এর পেছনে রয়েছে ওইসব পণ্যের উপরে কেন্দ্রের লাগাতার শুল্ক বৃদ্ধি। এরকম এক পরিস্থিতিতে রাজ্যসরকার পেট্রোল ও ডিজেলের উপরে শুল্কে কিছুটা ছাড়া দিয়েছে। অন্যদিকে, কেন্দ্রে সেস বাড়িয়েই চলেছে। আমার অনুরোধ, মানুষের উপর চাপ কমানোর জন্য পেট্রোল ও ডিজেলের উপরে কর কম করুক কেন্দ্রীয় সরকার।

জুলাই ০৫, ২০২১
দেশ

ঊর্ধ্বমুখী জ্বালানির দাম

ভোট মিটতেই জ্বালানির দামের ফের ঊর্ধ্বমুখী দৌঁড় শুরু। বুধবারও অব্যাহত সেই ধারা। পর পর তিনদিন দাম বেড়ে কলকাতায় এ বছরে সর্বোচ্চ দামে পৌঁছল পেট্রল। ডিজেলের দামও জ্বালা ধরাচ্ছে আমজনতার হেঁশেলে। বুধবার লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে এ শহরে পেট্রলের দাম হল ৯২ টাকা ১৬ পয়সা। ২৫ পয়সা বেড়ে লিটার প্রতি ডিজেলের দাম দাঁড়াল ৮৫ টাকা ৪৫ পয়সা। গতকাল কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ছিল ৯১ টাকা ৯২ পয়সা। পরশু দিনের চেয়ে ২৬ পয়সা বেড়েছিল প্রতি লিটারের দাম। ৩০ পয়সা বেড়ে প্রতি লিটার ডিজেলের দাম হয়েছিল ৮৫ টাকা ২০ পয়সা। স্বাভাবিকভাবেই এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে বাজারেও। উল্লেখ্যা, মে মাসের ১২দিনের মধ্যে ৭দিন বাড়ল পেট্রল-ডিজেলের দাম।চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটপর্ব চলাকালীন কিছুটা কমেছিল জ্বালানির দাম। তখনই রাজনৈতিক মহল দাবি করেছিল, ভোটের সময় মানুষের মন পেতে দাম কমানো হচ্ছে। নির্বাচনের ফল ঘোষণা হতেই আবার পারদ চড়ছে জ্বালানির দামের। আর তাপে ছ্যাঁকা খেতে হচ্ছে আমজনতাকে। একে করোনাকালে বিধিনিষেধের গেঁরোয় রুজিরুটিতে চান পড়েছে অনেকের। তার উপর লাফিয়ে বাড়ছে খরচ। এর মাঝে জ্বালানির দামবৃদ্ধির জেরে ক্রমশ অগ্নিমূল্য হচ্ছে বাজার। দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের।শুধু কলকাতা নয়, মুম্বইতেও পেট্রলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৮.৩৬ টাকা। ডিজেলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটারে ৮৯.৭৫ টাকা। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম হয়েছে ৯২.০৫ টাকা। অন্যদিকে,ডিজেলের দাম লিটারে বেড়ে হয়েছে ৮২.৬১ টাকা। রাজস্থান, মধ্যপ্রদেশের পর গতকাল মহারাষ্ট্রে সেঞ্চুরির গণ্ডি পেরিয়েছে পেট্রলের দাম।

মে ১২, ২০২১
রাজ্য

শিলিগুড়ির রাস্তায় নেমে কেন্দ্রকে আক্রমণ মমতার

রবিবার ব্রিগেড থেকে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিলিগুড়ি থেকে তার উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, মোদি যখন ফাঁকা ব্রিগেডে, আমি তখন রাস্তায়। কারণ রাস্তাই আমাকে রাস্তা দেখায়। রবিবার শিলিগুড়িতে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল ও সভার আয়োজন করে তৃণমূল। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন মমতা। শেষে শিলিগুড়ির সফদর হাসমি চকে একটি সভাও করেন। আর সেখান থেকেই ব্রিগেডে মোদির ভাষণের সরাসরি জবাব দেন তিনি। তাঁর বার্তা, এ বারের নির্বাচন অস্তিত্ব রক্ষার নির্বাচন। অস্তিত্ব রক্ষা করতে না পারলে বাংলা ভাগ করবে বিজেপি।সভার শুরুতেই প্রধানমন্ত্রীর বাংলা সফর নিয়ে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। বলেন, প্রধানমন্ত্রী রাজ্যে শুধু কুৎসা করতে আসেন। ব্রিগেডে বাংলা নিয়ে কথা বলার আগে ওঁর উচিত রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে জবাব দেওয়া। কেন গ্যাসের দাম বাড়ছে? পেট্রল-ডিজেলের দাম বাড়ছে? মোদিকে আগে সেই জবাব দিতে হবে। রান্না ঘরে আগুন লাগালে মা-বোনেরা ছেড়ে কথা বলবেন না। রবিবার ব্রিগেডের সভা থেকে মোদি বারবার বলেছেন, বাংলায় এ বার আসল পরিবর্তন হবে। পাল্টা মমতার হুঁশিয়ারি, বাংলায় পরিবর্তন করতে পারবেন না। এ রাজ্যে তৃণমূল সরকারই থাকবে। তার আগে দিল্লিতে পরিবর্তন হয়ে যাবে। রবিবার মমতার মিছিলে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মমতার পাশেই ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন-রা। ব্রিগেডে যখন মোদি ভাষণ দিতে শুরু করে দিয়েছেন, ততক্ষণে সভামঞ্চে পৌঁছে যান মমতা। তার বেশ কিছু ক্ষণ পর ভাষণ শুরু করেন। ভোটের মুখে বারবার প্রধানমন্ত্রীর বাংলায় আসা নিয়ে তোপ দাগেন তিনি। বলেন, যখন করোনার প্রকোপ চলছিল, তখন ভয়ে ঘরে বসেছিলেন প্রধানমন্ত্রী। আমি তখন সারা রাজ্যে ঘুরেছি, হাসপাতালে গিয়েছি। আর এখন কোভিডের টিকায় মোদির বড় বড় মুখ দেওয়া হচ্ছে। আসলে সবই জুমলা। একদিকে রেল, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া বিক্রি হয়ে যাচ্ছে, অন্যদিকে উজ্জ্বলা যোজনায় দুর্নীতি হচ্ছে। মোদির ভোটের আগে উজ্জ্বলা, ভোটের পরে জুমলা।ব্রিগেডের সভায় যখন পরপর বিজেপি নেতারা রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, তখনই মমতার পাল্টা জবাব, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের থেকে অনেক বেশি সুরক্ষিত বাংলার মহিলারা। কিষান নিধি প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পের কথা টেনে তৃণমূল সরকারকে বারবার আক্রমণ করে বিজেপি। সেই সূত্রেই তৃণমূল নেত্রী বললেন, কন্যাশ্রী, রূপশ্রী রাজ্য সরকার দিয়েছে। দরকার হলে এ বার পাকাবাড়িও বানিয়ে দেবে। আপনার দেওয়া পাকাবাড়ির দরকার নেই।প্রার্থিতালিকা ঘোষণার পর উত্তরবঙ্গের প্রথম সফরে লোকসভা নির্বাচনের কথা করিয়ে দিয়ে তূণমূল নেত্রীর মন্তব্য, লোকসভা ভোটের আগে বিজেপি বলেছিল, সব চা বাগান খুলে দেবে। আপনারা ভোট দিয়েছেন। কিন্তু একটাও চা বাগান খোলেনি। এখন রাস্তা তৈরি করতে এসেছে। রাস্তা তো তৈরি হয়েই গিয়েছে, নতুন করে কী রাস্তা তৈরি করবে?

মার্চ ০৭, ২০২১

ট্রেন্ডিং

রাজ্য

বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র উপকূলে ১৪৫ কিমি বেগে আছড়ে পড়ার আশঙ্কা

ইরানের দেওয়া নাম অ্যাকভান-এর অর্থ ঘিরেও কৌতূহল, পশ্চিমবঙ্গেও বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসনিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। নাম দেওয়া হয়েছে অ্যাকভান। উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিনে আরও শক্তি সঞ্চয় করে এটি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে অনুমান।বর্তমানে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরের উপর ঘণ্টায় ৬০ থেকে ৮৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। উপকূলের কাছাকাছি পৌঁছনোর সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা আরও বাড়তে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুনী শহরের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল ইয়ানাম এবং ওড়িশা উপকূলেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।ঘূর্ণিঝড়ের নাম অ্যাকভান নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। এই নামটি দিয়েছে ইরান। পারসি ভাষার সঙ্গে যুক্ত এই নামের উৎস পাওয়া যায় কবি ফেরদৌসির বিখ্যাত মহাকাব্য শাহনামা-তে। সেখানে অ্যাকভান দিভ নামে এক দানব চরিত্রের উল্লেখ রয়েছে। কাহিনিতে এই চরিত্রটি দুষ্ট ও রূপ পরিবর্তনকারী সত্তা হিসেবে পরিচিত। সেই চরিত্রের নাম থেকেই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে।পশ্চিমবঙ্গেও বৃষ্টির পূর্বাভাসঅ্যাকভানের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলে পড়ার আশঙ্কা আপাতত না থাকলেও রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকতে পারে। তবে উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সেখানে আপাতত আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পর পর একাধিক ঘূর্ণিঝড়ের প্রভাবের মুখে পড়েছে। সেই পরিস্থিতিতে নতুন করে অ্যাকভান-এর আগমন ঘিরে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে মৌসম ভবন।

নভেম্বর ১৬, ২০২৬
রাজ্য

৩৬টি মামলা, ৬টি খুনের অভিযোগ! কনস্টেবলকে গুলি করে পালিয়েও শেষরক্ষা হল না রতন শেখের, কীভাবে ঘটল এনকাউন্টার?

৩৬টি মামলা। তার মধ্যে ছটি খুনের মামলা। শান্তিনিকেতনের লায়েক বাজারে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে পালিয়ে বেড়াচ্ছিল কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। শুক্রবারের ঘটনার পর প্রায় ৪৮ ঘণ্টার মধ্যেই তার খোঁজ পায় পুলিশ। রবিবার নানুরের উচকরণ এলাকার একটি ইটভাঁটায় অস্ত্র উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় রতনের। পুলিশের দাবি, লুকিয়ে রাখা বন্দুক বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছিল সে। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় পুলিশ। কীভাবে ঘটল এই এনকাউন্টার? কী পরিস্থিতিতে মৃত্যু হল রতন শেখের?পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে রতন শেখকে ধরতে গিয়েছিল পুলিশের একটি দল। সেই দলে ছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। শুক্রবার শান্তিনিকেতনের লায়েক বাজারে রতনকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন বিশ্বজিৎ। তাঁর পায়ে গুলি লাগে। তার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল রতন। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ।প্রায় ৪৮ ঘণ্টার চেষ্টায় রবিবার নানুর এলাকায় রতনের খোঁজ মেলে। তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। যে বন্দুক দিয়ে বিশ্বজিৎকে গুলি করা হয়েছিল, সেটির খোঁজ চালাচ্ছিল পুলিশ। জেরায় রতন জানায়, নানুরের উচকরণ এলাকার একটি ইটভাঁটায় ওই বন্দুক লুকিয়ে রাখা হয়েছে।সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য রতনকে সঙ্গে নিয়ে ইটভাঁটায় পৌঁছয় পুলিশের দল। পুলিশের দাবি, সেখানে লুকিয়ে রাখা বন্দুকটি বের করার পরই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে রতন। পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান পুলিশকর্মীরা। সেই গুলিতে জখম হয় রতন।এর পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।রতন শেখের অপরাধের রেকর্ড নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন পুলিশকর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা নথিভুক্ত রয়েছে। তার মধ্যে ছটি খুনের মামলা। ভোট পরবর্তী হিংসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়, গুলি যদি বুকে লাগত, তা হলে কনস্টেবলের মৃত্যু হতে পারত। রতন শেখের বিরুদ্ধে রেকর্ডে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ছটি খুনের মামলা। দুর্ধর্ষ আসামি। সপ্তম খুনের চেষ্টাও করেছিল।কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার ঘটনার পর থেকেই রতনকে ধরতে তৎপর ছিল পুলিশ। শেষ পর্যন্ত ৪৮ ঘণ্টার মধ্যে তার খোঁজ মেলে। তবে অস্ত্র উদ্ধারের সময় ঠিক কী পরিস্থিতিতে গুলি চালানোর ঘটনা ঘটে, তা নিয়ে পুলিশের বক্তব্যের পাশাপাশি তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টও গুরুত্বপূর্ণ।

নভেম্বর ১৬, ২০২৬
কলকাতা

ছটপুজোর ভিড়ে মাঝগঙ্গায় তলিয়ে যাচ্ছিল পোষ্য কুকুর! চোখে পড়তেই যা করলেন মন্ত্রী, প্রশংসায় নেটপাড়া

ছটপুজোর ভিড়ের মধ্যেই মাঝগঙ্গায় বিপত্তি। চোখের সামনে গঙ্গার স্রোতে ভেসে যাচ্ছিল একটি পোষ্য কুকুর। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করলেও স্রোতের সঙ্গে পেরে উঠছিল না সে। প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। পরে কুকুরটিকে ভেসে যেতে দেখে চিৎকার শুরু করেন কয়েক জন। সেই সময় ঘটনাটি নজরে আসে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী ইন্দ্রনীল খাঁর। তাঁর তৎপরতায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কলকাতা পুলিশের উদ্যোগে উদ্ধার করা হয় সারমেয়টিকে। উদ্ধারের পর কুকুরটিকে তোয়ালে দিয়ে মুড়িয়ে গরম দুধও খাওয়ান মন্ত্রী।সোমবার সকালে ছটপুজো চলাকালীন এই ঘটনা ঘটে। হঠাৎই মন্ত্রীর নজরে আসে, একটি কুকুর মাঝগঙ্গায় ভেসে যাচ্ছে। প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে জলে ভেসে থাকার চেষ্টা করছিল সে। কিন্তু কিছুতেই পেরে উঠছিল না। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধারের নির্দেশ দেন মন্ত্রী।এর পর তিনটি দ্রুতগতির নৌকা নিয়ে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় কলকাতা রিভার ট্র্যাফিক পুলিশের জেটির কাছে কুকুরটিকে উদ্ধার করা সম্ভব হয়।উদ্ধারের পরই সারমেয়টির কাছে ছুটে যান মন্ত্রী। তখন ঠান্ডায় কাঁপছিল কুকুরটি। পাশে থাকা একটি সাদা তোয়ালে দিয়ে তার সারা শরীর মুড়িয়ে দেওয়া হয়। যাতে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য তাকে গরম দুধও খাওয়ান ইন্দ্রনীল।মন্ত্রী জানান, কুকুরটি এক পুণ্যার্থীর পোষ্য। ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরের মধ্যেও তো প্রাণ রয়েছে। দেখছিলাম, স্রোতে ভেসে যাচ্ছে। তবুও বাঁচার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা পুলিশের তৎপরতায় কুকুরটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।ছটপুজোর ব্যস্ততার মধ্যেও একটি অবলা প্রাণীকে বাঁচাতে মন্ত্রী ও উদ্ধারকারী দলের এই উদ্যোগ নজর কেড়েছে। সময়মতো উদ্ধার করা না গেলে বড় বিপদ হতে পারত সারমেয়টির। আপাতত নিরাপদে রয়েছে পোষ্যটি।

নভেম্বর ১৬, ২০২৬
কলকাতা

নাম-প্রতীক নিয়ে তৃণমূলের দুই শিবিরে লড়াই, তার মধ্যেই বড় ধাক্কা ঋতব্রতদের! হঠাৎ বন্ধ এক্স অ্যাকাউন্ট

তৃণমূলের নাম ও প্রতীকের অধিকার কার হাতে থাকবে, তা নিয়ে দুই শিবিরের লড়াই ক্রমশ জোরালো হচ্ছে। এক দিকে কালীঘাটের শিবির, অন্য দিকে ঋতব্রতদের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল। দুই পক্ষই নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে নির্বাচন কমিশনের কাছে একাধিক নথি জমা দিয়েছে। এর মধ্যেই বড় ধাক্কা খেল ঋতব্রত শিবির। আচমকাই সমাজমাধ্যমের মঞ্চ এক্স থেকে সাসপেন্ড হয়ে গেল গণতান্ত্রিক তৃণমূল-এর অ্যাকাউন্ট।সোমবার সকাল থেকেই ওই অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে। এক্সে অ্যাকাউন্টের পাতায় ঢুকলেই অ্যাকাউন্ট সাসপেন্ডেড লেখা ভেসে উঠছে। হঠাৎ কেন এই পদক্ষেপ করা হল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট শিবির।ঋতব্রত শিবিরের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে বারবার তাদের সমাজমাধ্যমের পাতার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। তার জেরেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। যদিও এই অভিযোগের সত্যতা এখনও স্পষ্ট নয়।ঋতব্রত শিবিরের দাবি, সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে তাদের লড়াই থামানো যাবে না। কয়েক দিনের মধ্যেই তৃণমূলের নাম ও প্রতীক তারাই পাবে বলে আশাবাদী তারা।অন্য দিকে, কালীঘাট শিবির এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি করেছে। তাদের বক্তব্য, এই ধরনের পদক্ষেপ করে কোনও লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ই এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।এই বিষয়ে গণতান্ত্রিক তৃণমূল-এর নেতা ঋজু দত্ত বলেন, আমরা সমাজমাধ্যমে নিজেদের পাতা তৈরি করেছিলাম। কিন্তু মমতা তৃণমূলের তথ্যপ্রযুক্তি বিভাগের ছেলেরা বারবার আমাদের পাতা বন্ধ করিয়ে দিচ্ছে। কারণ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে একটি পাতা রয়েছে। আমাদের কাছে এখনও এমন কোনও নথি নেই, যার মাধ্যমে প্রমাণ করতে পারব যে আমরাই আসল তৃণমূল।অন্য দিকে, মমতা তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় এই ঘটনার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেছেন। তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারী ৪ তারিখ বলেছিলেন, তৃণমূলের নাম-নিশান মুছে দেবেন। এখন এমনও হতে পারে, উনি গণতান্ত্রিক তৃণমূলের নাম-নিশান মুছে দিচ্ছেন।সব মিলিয়ে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে দুই শিবিরের লড়াই নতুন মাত্রা পেয়েছে। নির্বাচন কমিশনে কার দাবি শেষ পর্যন্ত মান্যতা পায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তার মধ্যেই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

নভেম্বর ১৬, ২০২৬
বিদেশ

পাকিস্তানের কাছে হার বাংলাদেশের, তার পরেই গ্যালারিতে আগুন! সমর্থকদের শান্ত করতে ছুটলেন হামজা

ঘরের মাঠে খেলেও শেষরক্ষা হল না বাংলাদেশের। শক্তিশালী দল নিয়েও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ০-১ গোলে হেরে গেল হামজা চৌধুরীদের দল। ফলে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হল বাংলাদেশের। সেই সঙ্গে সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের ২১ বছরের অপেক্ষাও আরও দীর্ঘ হল। কিন্তু ম্যাচের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে গ্যালারিতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ সমর্থকদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে গ্যালারির কাছে গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন হামজা।গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল খেলেছিল বাংলাদেশ। একটিও গোল না খেয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিল তারা। ফলে সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের আশা করেছিলেন সমর্থকেরা। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হল না। প্রতিযোগিতায় প্রথম গোল হজম করেই বিদায় নিতে হল বাংলাদেশকে।ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ের ফলে প্রথম বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল তারা। অন্য দিকে, ঘরের মাঠে এমন হারে হতাশ বাংলাদেশি সমর্থকেরা।হারের পর সমর্থকদের একাংশের নিশানায় গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ। তাঁদের অভিযোগ, বল ধরে দ্রুত থ্রো করতে গিয়ে ভুল করে বিপক্ষের এক ফুটবলারের পায়ে বল তুলে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়েই গোল করেন সামাদ। তাঁর নিচু শট আটকাতে পারেননি বাংলাদেশের গোলকিপার।তবে বাংলাদেশের হারের জন্য শুধু শ্রাবণকে দায়ী করতে নারাজ অনেকেই। তাঁদের মতে, গোটা প্রতিযোগিতায় দলের অন্যতম ভরসা ছিলেন এই গোলকিপার। একাধিক নিশ্চিত গোল আটকে বাংলাদেশকে বাঁচিয়েছেন তিনি। গ্রুপ পর্বে দল একটিও গোল না খাওয়ার পিছনেও বড় ভূমিকা ছিল শ্রাবণের। তাই একটি ভুলের জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয় বলেই মনে করছেন অনেকে।তবে ম্যাচের পর ঢাকার গ্যালারিতে যা ঘটেছে, তা নিয়েই এখন বেশি আলোচনা চলছে। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে সমর্থকদের একাংশ গ্যালারিতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন হামজা। ফুটবলে হার-জিত থাকবেই। কিন্তু দলের হারের প্রতিবাদে গ্যালারিতে আগুন লাগিয়ে অন্য দর্শকদের বিপদের মুখে ঠেলে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।এই ঘটনার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর ফুটবলমহলের। মাঠের লড়াইয়ে পাকিস্তানের কাছে হার, আর মাঠের বাইরে সমর্থকদের এমন আচরণসব মিলিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল বাংলাদেশের কাছে হয়ে রইল এক তিক্ত অভিজ্ঞতা।

নভেম্বর ১৬, ২০২৬
দেশ

দক্ষিণ চিন সাগরে চিনকে চাপে ফেলতে বড় চাল ভারতের! মোদীর ম্যানিলা সফরে কোন সমীকরণ তৈরি হচ্ছে?

দক্ষিণ চিন সাগরে চিনের ক্রমবর্ধমান প্রভাব ও আগ্রাসন নিয়ে উদ্বেগ বাড়ছে এশিয়ার একাধিক দেশে। এই পরিস্থিতিতে সমুদ্র নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখতে একজোট হওয়ার বার্তা দিতে চলেছে ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলি। সেই লক্ষ্যেই তিন দিনের সফরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দেবেন তিনি। এ বারের আসিয়ান সম্মেলনের সভাপতিত্ব করছে ফিলিপিন্স।বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতাএ বারের সম্মেলনে এই তিনটি বিষয়ই বিশেষ গুরুত্ব পেতে চলেছে। ম্যানিলার উদ্দেশে রওনা হওয়ার আগে সমাজমাধ্যমে নিজের বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, ভারতের অ্যাক্ট ইস্ট নীতির অন্যতম প্রধান ভিত্তি হল আসিয়ান দেশগুলির সঙ্গে সুসম্পর্ক। ভারতের সামুদ্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও এই দেশগুলির গুরুত্ব অপরিসীম। আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে দুই পক্ষের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করতে চান তিনি।পূর্ব এশিয়া সম্মেলন নিয়েও নিজের মত জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলি নিয়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ এই সম্মেলন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা বাড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।বাণিজ্যের ক্ষেত্রে ভারত ও আসিয়ান দেশগুলির সম্পর্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমানে দুই পক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১২২ বিলিয়ন ডলার। তবে এই বাণিজ্যে ভারতের ঘাটতি প্রায় ৫১ বিলিয়ন ডলার। ফলে বাণিজ্যিক ভারসাম্য ফেরানো এবং দুই পক্ষের মধ্যে বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা দ্রুত শেষ করার উপর জোর দিতে পারে নয়াদিল্লি।সমুদ্র নিরাপত্তাও এ বারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৬ সালকে আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতার বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সূত্রে দক্ষিণ চিন সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখা, জলদস্যুদের দমন, অবৈধ মাছ ধরা বন্ধ করা এবং সমুদ্রপথে নজরদারি বাড়ানোর মতো বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।পাশাপাশি মায়ানমারের রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সংকট নিয়েও আলোচনা হতে পারে। তবে কূটনৈতিক মহলের নজর সবচেয়ে বেশি দক্ষিণ চিন সাগরের পরিস্থিতির দিকে। ওই অঞ্চলে চিনের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে একাধিক দেশের। এই পরিস্থিতিতে ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে সমুদ্র নিরাপত্তা নিয়ে সহযোগিতা কতটা বাড়ে, এখন সে দিকেই নজর আন্তর্জাতিক মহলের। ম্যানিলা সম্মেলন থেকে বেজিংকে কোনও কড়া বার্তা দেওয়া হয় কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

নভেম্বর ১৬, ২০২৬
টুকিটাকি

কালো জিরে: ছোট্ট দানায় সুস্থতার চাবিকাঠি

কালো জিরে একটি অত্যন্ত পরিচিত ও উপকারী মসলা। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক ও প্রচলিত চিকিৎসায় কালো জিরে ব্যবহৃত হয়ে আসছে। এর বৈজ্ঞানিক নাম Nigella sativa। কালো জিরে শুধু খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়ায় না, বরং এতে রয়েছে নানা পুষ্টিগুণ ও ঔষধি উপাদান। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে কালো জিরে রাখা যেতে পারে।কালো জিরের অন্যতম প্রধান উপকারিতা হলো এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সহায়তা করতে পারে। এতে থাকা থাইমোকুইনোন নামক উপাদানে অ্যান্টিঅক্সিড্যান্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এই উপাদান শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।এছাড়া কালো জিরে হজমশক্তি ভালো রাখতে সহায়ক হতে পারে। অনেকের ক্ষেত্রে এটি গ্যাস, পেট ফাঁপা ও বদহজমের সমস্যা কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে, কালো জিরে রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ফলে ডায়াবেটিস ও হৃদ্স্বাস্থ্যের ক্ষেত্রেও এর সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণা চলছে। কালো জিরে, রসুন ও কাঁচা লঙ্কা বাটার অদ্ভুত স্বাদ রয়েছে। কালো জিরেতে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ও খনিজ উপাদান। এগুলি শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। ত্বক ও চুলের যত্নেও কালো জিরের তেল ব্যবহৃত হয়। তবে এসব ক্ষেত্রে উপকারিতার বৈজ্ঞানিক প্রমাণ এখনও সীমিত।তবে মনে রাখতে হবে, কালো জিরে কোনও রোগের নিশ্চিত ওষুধ নয়। অতিরিক্ত পরিমাণে খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী এবং নিয়মিত ওষুধ সেবনকারীদের কালো জিরে বা এর তেল ঔষধি মাত্রায় ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।কালো জিরে একটি গুণসম্পন্ন প্রাকৃতিক মসলা। সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি পরিমিত পরিমাণে কালো জিরে খেলে শরীরের সুস্থতা বজায় রাখতে সহায়তা পাওয়া যেতে পারে।

নভেম্বর ১৬, ২০২৬
রাজ্য

ষষ্ঠীতেই জনজোয়ার, সামলাতে হিমশিম পুলিশ! ভিড়ের চাপে বন্ধ করে দেওয়া হল মানকুন্ডুর পুজোমণ্ডপ

দুর্গাপুজো, কালীপুজোর পর এ বার জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতেছে হুগলি। ষষ্ঠীর সন্ধ্যা থেকেই মানকুন্ডু ও চন্দননগরের বিভিন্ন পুজোমণ্ডপে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। কিন্তু সেই ভিড় সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, ভিড়ের চাপে সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয় মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ। উত্তর কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর সপ্তমীতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই এ বার জগদ্ধাত্রী পুজোয় নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক প্রশাসন।রবিবার সন্ধ্যা থেকেই হুগলির মানকুন্ডুতে দর্শনার্থীদের ঢল নামে। রাত ৮টার পর একাধিক পুজোমণ্ডপে ভিড় আরও বাড়তে থাকে। মানকুন্ডু স্টেশন রোড এবং সার্কাস মাঠ সংলগ্ন এলাকায় মানুষের ভিড় কার্যত জনস্রোতের চেহারা নেয়। এর মধ্যেই মণ্ডপ চত্বরে একটি ভিআইপি কনভয় ঢোকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুরু হয় হুড়োহুড়ি।বড় কোনও দুর্ঘটনা এড়াতে রাত ৮টার পরেই মানকুন্ডু সার্কাস মাঠ সংলগ্ন পুজোমণ্ডপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিমা দর্শনও বন্ধ রাখা হয়।ওই দিন মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। তাঁদের মধ্যে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং দীপাঞ্জন গুহ-সহ অন্য নেতারা। তাঁদের কনভয় মণ্ডপ চত্বরে ঢোকার পরেই ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ ও প্রশাসন।অন্য দিকে, চোরবাগানের দুর্ঘটনার পর এ বার প্রথম জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে প্রায় তিন হাজার রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হচ্ছে ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী। জানা গিয়েছে, নির্বাচনের সময় থেকেই ওই ছয় কোম্পানি বাহিনী রাজ্যে রয়েছে। তাদেরই এ বার পুজোর নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে।চন্দননগর ও ভদ্রেশ্বরের পুজোগুলিকে মোট পাঁচটি জ়োনে ভাগ করা হয়েছে। পাশাপাশি ১১টি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের। প্রতিটি সেক্টরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন উপ-পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকেরা।দর্শনার্থীদের ভিড় সামলানো, যান চলাচল নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোই এ বার পুলিশের প্রধান লক্ষ্য। চোরবাগানের ভয়াবহ ঘটনার পর জগদ্ধাত্রী পুজোয় যাতে কোনও ভাবেই নিরাপত্তার ফাঁক না থাকে, সে দিকেই নজর রাখছে প্রশাসন।

নভেম্বর ১৬, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal