মাদক কারবারিদের বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যের! ৮ দিনে উদ্ধার ৬৪ কোটি টাকার মাদক, গ্রেপ্তার শতাধিক
মাদক কারবারিদের বিরুদ্ধে বড়সড় অভিযান রাজ্য পুলিশের। মাত্র আট দিনে ১০১ কোটি টাকার মাদক নষ্ট করেছে প্রশাসন। উদ্ধার করা হয়েছে আরও ৬৪ কোটি টাকার মাদক। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৩৭৮ জন। মাদকমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে রাজ্যজুড়ে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।গত ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত রাজ্যে মাদকবিরোধী অভিযানে কী কী পদক্ষেপ করা হয়েছে, তার বিস্তারিত হিসাব সমাজমাধ্যমে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, মাদকের বেআইনি কারবার বন্ধ করতে রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। অর্থাৎ, এই ধরনের অপরাধের ক্ষেত্রে কোনও রকম ছাড় দেওয়া হবে না।মাদক পাচারের পাশাপাশি বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করেছে পুলিশ। গত আট দিনে প্রায় ৩০০ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করা হয়েছে। যার পরিমাণ আনুমানিক ১০ হাজার কেজি। এই ঘটনায় ১১০ জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি প্রায় এক কোটি টাকা মূল্যের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে।তবে শুধু অভিযান, গ্রেপ্তার বা মাদক উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না প্রশাসনের উদ্যোগ। মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় ২১৫টি মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।মাদকমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে পুলিশের এই লাগাতার উদ্যোগের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। বালুরঘাটে গিয়ে নিজেও মাদক নষ্ট করার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। মাদকের বেআইনি কারবার বন্ধ করতে আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে রাজ্য সরকার।

