বড়সড় দুর্ঘটনা অসমে! লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬টি কামরা, আহত একাধিক
অসমে বড়সড় ট্রেন দুর্ঘটনা। বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ অসমের ডিগারু রেলস্টেশনে লাইনচ্যুত হল কলকাতা-সাইরং এক্সপ্রেসের ৬টি কামরা। দুর্ঘটনার জেরে কামরাগুলি একদিকে হেলে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। তবে কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ট্রেন লাইনচ্যুত হতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে রেলের আধিকারিকেরাও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রেল।জানা গিয়েছে, কলকাতা-সাইরং এক্সপ্রেস মিজোরাম থেকে কলকাতার দিকে আসছিল। অন্য একটি ট্রেনকে আগে যাওয়ার সুযোগ করে দিতে এক্সপ্রেসটিকে ডিগারু স্টেশনে ঢোকানো হচ্ছিল। সেই সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সমস্যায় পড়েন চালক। এর পরেই লাইনচ্যুত হয় ট্রেনের ছটি কামরা।রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু হয়নি। আপাতত উদ্ধারকাজ চলছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার সময় ট্রেনের গতি কম থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে।উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ডিগারু রেলস্টেশনে কলকাতা-সাইরং এক্সপ্রেসের ছটি কামরা লাইনচ্যুত হয়। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। রেলের পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।এই দুর্ঘটনার পর যাত্রীদের পরিবারের সদস্যদের সুবিধার জন্য শিয়ালদহ ও কলকাতা স্টেশনে সাহায্যকেন্দ্র খোলা হয়েছে। শিয়ালদহ স্টেশনের সাহায্যকেন্দ্রে যোগাযোগের জন্য দুটি ফোন নম্বর দেওয়া হয়েছে। নম্বর দুটি হল ০৩৩-২৩৮৩৩৩২৬ এবং ০৩৩-২৩৫০৯৬৪৩।

