বাইপাস অস্ত্রোপচারের পর স্ট্রোক। তার পর থেকে একের পর এক শারীরিক জটিলতা। নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ, সেপটিক শক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শরীরের একাধিক অঙ্গের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন নদিয়ার প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ায় চলছে ডায়ালিসিসও। কলকাতার মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ৭২ বছরের এই প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। মঙ্গলবার হাসপাতালের চিকিৎসকদের দেওয়া মেডিক্যাল রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও অত্যন্ত কম।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর অন্য একটি হাসপাতালে উজ্জ্বল বিশ্বাসের বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। হৃদ্যন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লক থাকায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অস্ত্রোপচারের পরেই জটিলতা দেখা দেয়। হৃদ্যন্ত্র থেকে তৈরি হওয়া রক্তের জমাট মস্তিষ্কে পৌঁছে যাওয়ায় স্ট্রোক হয় তাঁর। এর পর থেকেই ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
গত ১৮ অক্টোবর নিউমোনিয়া এবং মূত্রনালিতে সংক্রমণ নিয়ে তাঁকে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ে। তৈরি হয় সেপটিক শকের পরিস্থিতি। শরীরের একাধিক অঙ্গের কার্যক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কিডনির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। সেই কারণে বর্তমানে নিয়মিত ডায়ালিসিস করতে হচ্ছে তাঁকে।
চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী, এখন যন্ত্রের সাহায্যে শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে উজ্জ্বল বিশ্বাসের। শ্বাস নিতে সুবিধা হওয়ার জন্য গলায় অস্ত্রোপচার করে বিশেষ নল বসানো হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিকে ট্র্যাকিওস্টমি বলা হয়। পাশাপাশি চলছে হেমোডায়ালিসিস। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি দল তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে। সারাক্ষণ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। তবে চিকিৎসকদের বক্তব্য, তাঁর শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক। সামগ্রিকভাবে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম।
জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন উজ্জ্বল বিশ্বাস। বাইপাস অস্ত্রোপচারের পর প্রায় ১৪ দিন হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। পরে বাড়ি ফিরে চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা চলছিল। কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। সপ্তমীর দিন তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষায় ধরা পড়ে নিউমোনিয়া। এরপর ধীরে ধীরে ফুসফুসের কার্যক্ষমতা কমতে শুরু করে। শরীরের অন্যান্য অঙ্গেও সমস্যা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গলায় অস্ত্রোপচার করে শ্বাসপ্রশ্বাসের বিশেষ ব্যবস্থা করেন চিকিৎসকেরা।
প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে একটি পোস্ট করে উজ্জ্বল বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি তাঁর অসুস্থতার পিছনে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলির প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন কুণাল। তাঁর দাবি, ভোটের ফল প্রকাশের পর উজ্জ্বল বিশ্বাসকে অপমান করা হয়েছিল। সেই ঘটনার মানসিক ও শারীরিক ধাক্কা তিনি সামলাতে পারেননি। যাঁরা তাঁকে নিগ্রহ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তৃণমূল বিধায়ক।
এদিকে মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে উজ্জ্বল বিশ্বাসকে দেখতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। এই বয়সেও তাঁকে একা সেলে থাকতে হয়েছিল বলে দাবি করেন মহুয়া। প্রাক্তন মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে কৃষ্ণনগর, নদিয়া-সহ বাংলার সর্বস্তরের মানুষের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন তিনি। রাজনৈতিক মতপার্থক্য ভুলে সকলকে উজ্জ্বল বিশ্বাসের আরোগ্য কামনা করার অনুরোধ করেছেন তৃণমূল সাংসদ।
- More Stories On :
- Former Minister
- Ventilation

