• ২৮ কার্তিক ১৪৩৩, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Crop

রাজ্য

এলইডি আলোয় কৃষি জমিতে ফসল ফলছে না! সমস্যায় জেরবার চাষিরা

চায়না এলইডি বাজারে আসায় যখন মানুষ ধন্য ধন্য করছে বিদ্যুতের বিল সাশ্রয় হওয়ার জন্য, ঠিক তাখনই এক শ্রেনির মানুষ এই আলোকে অভিশাপ ভেবে আতঙ্কিত! তাঁদের দাবী, এলইডি আলোয় ফসল ফলছে না। সমস্যায় শস্যগোলা পূর্ব বর্ধমানের গুসকরার ১ ও ২ নম্বর ওয়ার্ডের কৃষকরা। সেকারণে গত একমাস ধরে চাষিরা রাস্তার ধারের এলইডি লাইটে বস্তা পরিয়ে আলো বন্ধ করে রেখেছেন। তাতে আবার মহা সমস্যায় এলাকার পথচলতি মানুষজন। তাই বিকল্প পথ খুঁজছে গুসকরা পৌরসভা।গুসকরা পৌরসভা কৃষিপ্রধান এলাকা। পৌরসভার বেশিভাগ এলাকা চাষ জমি। এলাকার মানুষজনের রাতে যাওয়া আসার সুবিধার জন্য পৌরসভার উদ্যোগে পথের দুধারে লাগানো হয়েছে পথ বাতি। বিদ্যুৎ এর বিল সাশ্রয়ের জন্য লাগানো হয়েছে এলইডি লাইট। এই এলইডি লাইটের আলোর প্রভাবে গুসকরার পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের কৃষকদের অভিযোগ আলোর কারণে ধানের শিস আসছে না, অনান্য গাছেও আসছেনা ফসলের ফুল। এছাড়াও এলইডি লাইটের আলোতে উপদ্রব বাড়ছে পোকার। নানাবিধ সমস্যায় জর্জরিত তাঁরা।সেই সমস্যা সমাধানের জন্য কৃষকেরা রাস্তার দুধারে যত পথ বাতি আছে তাতে আলো বন্ধ করার জন্য আলোগুলিতে বস্তা দিয়ে ঢেকে দেওয়াতে সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষজন। গুসকরা পৌরসভার পৌরপ্রধান জানান, বিষয়টি জানি। কৃষকদের ও এলাকাবাসিদের উভয়ের সমস্যা মেটাতে বিকল্প পথ ভাবতে হবে।এই বিষয়ে আউশগ্রাম ১ নম্বর ব্লকের কৃষি আধিকারিক দেবতনু মাইতি বলেন, সাদা আলো পাতায় পড়লে সমস্যা হতে পারে। তবে বিষয়টি নিয়ে আমার কাছে ইতিমধ্যেই বেশ কয়েকজন বলেছেন। তবে জেলা যুগ্ম কৃষি আধিকারিক আশীষ কুমার বারুই বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে হবে।

নভেম্বর ০৯, ২০২২
রাজ্য

মেমারির হিমঘরের গাফিলতিতে আলু নষ্টের ক্ষতিপূরনের দাবিতে বিক্ষোভ বর্ধমানে

পূর্ব বর্ধমানের রসুলপুরে ১৮০০ চাষির আলু নষ্ট হওয়ার প্রতিবাদে আজ বর্ধমান শহরে অবস্থান বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্ত চাষিরা। চাষিদের অভিযোগ, বারবার বৈঠক, আবেদন নিবেদন এমনকি জেলাশাসকের সঙ্গে বারংবার বৈঠক হলেও এখনও অবধি কোনও সমাধানসূত্র মেলেনি। তাঁরা বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্বেও জেলা প্রশাসন ক্ষতিপূরণ নিয়ে উদ্যোগ নেয়নি।আজ বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেটের সামনে জিটি রোডের ওপর অবস্থান বিক্ষোভে সামিল হন শতাধিক কৃষক। তাঁদের দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধানে লিখিত প্রতিশ্রুতি চাই। নইলে তাঁরা আরও বড় আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। তাঁরা জানান, এটা প্রায় দশ হাজার মানুষের রুজির সমস্যা।উপস্থিত চাষিরা জানান, এর আগেও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকেও তেমন কোনও সমাধানসূত্র না মেলায় চরম হতাশ হয়ে পড়েন আলুচাষীরা। কিছুদিন আগে হিমঘরে রাখা আলু পচে যাওয়ায় ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন চাষীরা। ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, পুর্ব-বর্ধমানের রসুলপুরের তিরুপতি হিমঘরে আলু রেখেছিলেন। কর্তৃপক্ষের গাফিলতিতে প্রায় এক লক্ষ বস্তা আলু নষ্ট হয়ে গিয়েছে বলে চাষীদের দাবি। হিমঘর মালিক প্রথমে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তিনি প্রতিশ্রুতি রাখেননি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে ওই হিমঘর মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে পূর্ব-বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলার কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে হাইকোর্টে কেস চলছে, কোর্টের নির্দেশ এলেই সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আলুর ক্ষতিপূরনের টাকা না পেয়ে ইতিমধ্যেই হিমঘর মালিকের বিরুদ্ধে মেমারি থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন কৃষকরা।উল্লেখ্য, মেমারির রসুলপুর এলাকার তিরুপতি হিমঘরে গত ১৯ মে আলু বার করতে গিয়ে চাষীদের মাথায় হাত। হিমঘরের ২ ও ৩ নম্বর চেম্বারের আলু ড্রাইং শেডে ফেলার পর দেখা যায় আলু একেবারে নষ্ট হয়ে গিয়েছে। হিমঘর কর্তৃপক্ষের গাফিলতির ফলেই এক লক্ষ ১৫ হাজার প্যাকেট আলু নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন চাষীরা। চাষীদের বিক্ষোভের মুখে পরে গত ৬ জুন হিমঘর কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও চাষীদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে জেলা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় বিধায়ক ও কৃষি বিপণন দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ক্ষতিপূরণ বাবদ চাষীদের ৮৯০ টাকা প্রতি প্যাকেট দেওয়া হবে। এবং ওই ক্ষতিপূরণ ২১ জুনের পর দেওয়া হবে। কিন্তু চাষীদের অভিযোগ, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত হিমঘর কর্তৃপক্ষ তাদের টাকা মেটানোর কোনও আগ্রহ দেখাচ্ছেন না। এমনকি উল্টে হিমঘর মালিক হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এমত অবস্থায় বিপাকে পড়েছে এই হিমঘরে আলু রাখা কৃষকরা।ক্ষতিগ্রস্ত চাষিরা ২ আগস্ট মঙ্গলবার জেলাশাসকের দপ্তরে এসে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলাকে ডেপুটেশন দিতে এলে তিনি তাঁদের জানিয়ে দেন, প্রশাসনের সঙ্গে মিটিং-এ সিদ্ধান্ত মতো ক্ষতিপূরণের বিরুদ্ধে হিমঘর কতৃপক্ষ উচ্চ আদালতের দারস্থ হয়েছে। যেহেতু ব্যাপারটি আদালতের বিচারাধীন, এই মুহুর্তে প্রশাসন কোনও পদক্ষেপ করতে পারবে না। রাজ্য ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে। আগামিকাল কলকাতা হাইকোর্টের রায়দানের সম্ভাবনা আছে। আমরা সেই রায়ের দিকেই তাকিয়ে আছি, সেখান থেকে কিছুটা রিলিফ চাষিরা পেতে পারেন। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলার আশ্বাসে চাষিরা অবস্থান তুলে নেন।

আগস্ট ০২, ২০২২
রাজ্য

Crop Damage: ফসলের ক্ষতি! হতাশায় ফের শস্যগোলায় আত্মঘাতী চাষি

জাওয়াদের প্রভাবে হওয়া বৃষ্টিপাতের জেরে ফসলের ক্ষতি হয়ে যাওয়ার হতাশায় ফের শস্যগোলায় আত্মঘাতী হল এক চাষি। এবার আত্মঘাতী হলেন পূর্ব বর্ধমানের কালনা ২ ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের ওসমানপুর গ্রামের এক চাষির। মৃত চাষির নাম পান্নালাল মুদিরায়(৫৬)।বৃহস্পতিবার সকালে বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার হয় এই চাষির ঝুলন্ত মৃত দেহ। এদিনই কালনা মহকুমা হাসপাতাল মর্গে চাষির মৃতদেহের ময়নাতদন্ত হয়। কী কারণে চাষির মৃত্যু হল তার তদন্ত পুলিশ শুরু করেছে। জাওয়াদের দুর্যোগ কাটার পর থেকে এই নিয়ে শস্যগোলায় আত্মহননের পথ বেছে নিলেন চারজন চাষি।পরিবার সদস্যা জানিয়েছেন, পান্নালাল মুদিরায় নিজের কিছু জমিতে আলু চাষ করার পাশাপাশি ভাগে কিছু জমি নিয়ে এবছর আলুর চাষ করেছিলেন। জাওয়াদের প্রভাবে কয়েকদিন আগে হয়ে বৃষ্টির জলে পান্নালালের আলু চাষের জমি জলে ঢুবে যায়। চাষের এই ক্ষতি দেখে মানসিক ভাবে ভেঙে পড়েন পান্নালাল বাবু। তাঁর ভাই মোহনলাল মুদিরায় জানান, তাঁর দাদা নিজের ও ভাগে নেওয়া জমি মিলিয়ে দশ বিঘা জমির আলুর চাষ নষ্ট হয়ে যায় অসময়ের বৃষ্টির কারণে। তাঁর দাদা সবসময় মনমরা হয়ে থাকতো। বৃহস্পতিবার সকালে গোয়ালঘরে দাদাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়।মোহনলালবাবু দাবি করেন, চাষের ক্ষতির কারণে মানসিক অবসাদে তাঁর দাদা আত্মঘাতী হয়েছেন।জেলাপরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, চাষিদের ফসলের ক্ষতি হলে তার হাত থেকে চাষিদের বাঁচাতে বিমার ব্যবস্থা করা হয়েছে। বিমার প্রিমিয়াম সরকারই দিয়ে দিচ্ছে। বিমা করানোর জন্য সরকারিভাবে বারবার প্রচার চালানো হচ্ছে। বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ক্যাম্পও করা হচ্ছে।

ডিসেম্বর ৩০, ২০২১
রাজ্য

crops wasted: শষ্যগোলা পূর্ব বর্ধমানে কোটি কোটি টাকার ফসল নষ্ট, মাথায় হাত কৃষকদের, রইল বিস্তারিত তথ্য

নিম্নচাপের জেরে হওয়া বৃষ্টিপাত ও জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে পূর্ব বর্ধমান জেলায় ফসলের ক্ষতির পরিমাণ ১৯৩ কোটি টাকা ছাড়ালো। এছাড়াও ক্ষতি হয়েছে সেচ দফতরেরও। তাদের ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা। সব থেকে বেশী ক্ষতি হয়েছে জেলার অজয় তীরবর্তী এলাকায় ধান ও আনাজ চাষে। আনাজে ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্যোগের কারণে বৃহস্পতিবার পর্যন্ত ব্লক দফতর থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী জেলায় ৭১৮ টি বাড়ি পুরোমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ১৩০০ টি বাড়ির। প্রণী দফতরের রিপোর্ট অনুযায়ী গরু মারা গিয়েছে ১৮ টি। ২২০০টি মুরগি খামারের ক্ষতি হয়েছে। সেচ দফতরের রিপোর্ট অনুযায়ী জেলায় তাদের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ কোটি টাকা।সেচ দফতরের দাবি, দামোদরের জলে গলসি, খণ্ডঘোষে ও ভাগীরথীর ধারে অগ্রদ্বীপে বাঁধের যে ক্ষতি হয়েছে তারই পরিমাণ ২কোটি টাকা। এছাড়াও অজয়ের জলের তোড়ে আউশগ্রামের সাঁতলা ও কেতুগ্রাম ২ ব্লকে চারটি জায়গাতে বাঁধ ভেঙেছে। পাশাপাশি মঙ্গলকোটের নবগ্রাম, পালিগ্রামেও বাঁধের ক্ষতি হয়েছে। কেতুগ্রামের অংশ বাদ দিয়ে আউশগ্রাম ও মঙ্গলকোটের প্রায় ৩ কিলোমিটার বাঁধ সংস্কার ও তৈরির জন্য পাঁচ কোটি টাকা খরচ ধরেছে সেচ দফতর। এই কাজ খুব দ্রুত শুরু করতে চাইছেন সেচ দফতরের কর্তারা।জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, অজয়ের বাঁধ ভেঙে কৃষিজমি প্লাবিত হওয়ার কারণে আউশগ্রাম, মঙ্গলকোট ও কেতুগ্রামে কৃষিজমির প্রভূত ক্ষতি হয়েছে। ওই সব এলাকায় জমিতে বালি ও পলি পড়ে গিয়েছে। জলে ভেসে আসা পানা মঙ্গলকোটের জমিতে জমে গিয়ে চাষের ক্ষতি করেছে।জেলা কৃষি দফতরের রিপোর্ট অনুযায়ী জেলার মোট ১৬টি ব্লকের ৬২টি গ্রাম পঞ্চায়েতের ৪০৪টি মৌজায় চাষজমি ক্ষতির মুখে পড়েছে। ওই সব এলাকার আউশ ধানের চাষ হওয়া ১৪৪ হেক্টর জমির মধ্যে ১১২ হেক্টর জমির ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ৫৬০ টন আউশ ধানের ক্ষতি হয়েছে। যার ক্ষতির পরিমান ১০ কোটি ৪৬ লক্ষ টাকা। একই ভাবে আমন চাষ হওয়া ৪০০০৪ হেক্টর জমির মধ্যে ২০০০৮ হেক্টর জমির চাষে ক্ষতি হয়েছে। আনাজ চাষ হওয়া ৯৮৭ হেক্টর জমির মধ্যে ৫১৩ হেক্টর পরিমাণ জমির আনাজ চাষের ক্ষতি হয়েছে। ১ লক্ষ ৪০ টন আমন ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। যার আর্থিক ক্ষতি ধরা হয়েছে ১৮৬ কোটি ৮৭ লক্ষ ৪৭ হাজার ২০০ টাকা। কৃষি দফতরের আশঙ্কা ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

অক্টোবর ০৮, ২০২১

ট্রেন্ডিং

রাজ্য

বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র উপকূলে ১৪৫ কিমি বেগে আছড়ে পড়ার আশঙ্কা

ইরানের দেওয়া নাম অ্যাকভান-এর অর্থ ঘিরেও কৌতূহল, পশ্চিমবঙ্গেও বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসনিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। নাম দেওয়া হয়েছে অ্যাকভান। উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিনে আরও শক্তি সঞ্চয় করে এটি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। শুক্রবার দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে অনুমান।বর্তমানে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরের উপর ঘণ্টায় ৬০ থেকে ৮৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। উপকূলের কাছাকাছি পৌঁছনোর সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা আরও বাড়তে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুনী শহরের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল ইয়ানাম এবং ওড়িশা উপকূলেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।ঘূর্ণিঝড়ের নাম অ্যাকভান নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। এই নামটি দিয়েছে ইরান। পারসি ভাষার সঙ্গে যুক্ত এই নামের উৎস পাওয়া যায় কবি ফেরদৌসির বিখ্যাত মহাকাব্য শাহনামা-তে। সেখানে অ্যাকভান দিভ নামে এক দানব চরিত্রের উল্লেখ রয়েছে। কাহিনিতে এই চরিত্রটি দুষ্ট ও রূপ পরিবর্তনকারী সত্তা হিসেবে পরিচিত। সেই চরিত্রের নাম থেকেই ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে।পশ্চিমবঙ্গেও বৃষ্টির পূর্বাভাসঅ্যাকভানের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলে পড়ার আশঙ্কা আপাতত না থাকলেও রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকতে পারে। তবে উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সেখানে আপাতত আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পর পর একাধিক ঘূর্ণিঝড়ের প্রভাবের মুখে পড়েছে। সেই পরিস্থিতিতে নতুন করে অ্যাকভান-এর আগমন ঘিরে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে মৌসম ভবন।

নভেম্বর ১৬, ২০২৬
রাজ্য

৩৬টি মামলা, ৬টি খুনের অভিযোগ! কনস্টেবলকে গুলি করে পালিয়েও শেষরক্ষা হল না রতন শেখের, কীভাবে ঘটল এনকাউন্টার?

৩৬টি মামলা। তার মধ্যে ছটি খুনের মামলা। শান্তিনিকেতনের লায়েক বাজারে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে পালিয়ে বেড়াচ্ছিল কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। শুক্রবারের ঘটনার পর প্রায় ৪৮ ঘণ্টার মধ্যেই তার খোঁজ পায় পুলিশ। রবিবার নানুরের উচকরণ এলাকার একটি ইটভাঁটায় অস্ত্র উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় রতনের। পুলিশের দাবি, লুকিয়ে রাখা বন্দুক বের করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছিল সে। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় পুলিশ। কীভাবে ঘটল এই এনকাউন্টার? কী পরিস্থিতিতে মৃত্যু হল রতন শেখের?পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে রতন শেখকে ধরতে গিয়েছিল পুলিশের একটি দল। সেই দলে ছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। শুক্রবার শান্তিনিকেতনের লায়েক বাজারে রতনকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন বিশ্বজিৎ। তাঁর পায়ে গুলি লাগে। তার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল রতন। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ।প্রায় ৪৮ ঘণ্টার চেষ্টায় রবিবার নানুর এলাকায় রতনের খোঁজ মেলে। তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। যে বন্দুক দিয়ে বিশ্বজিৎকে গুলি করা হয়েছিল, সেটির খোঁজ চালাচ্ছিল পুলিশ। জেরায় রতন জানায়, নানুরের উচকরণ এলাকার একটি ইটভাঁটায় ওই বন্দুক লুকিয়ে রাখা হয়েছে।সেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য রতনকে সঙ্গে নিয়ে ইটভাঁটায় পৌঁছয় পুলিশের দল। পুলিশের দাবি, সেখানে লুকিয়ে রাখা বন্দুকটি বের করার পরই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে রতন। পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান পুলিশকর্মীরা। সেই গুলিতে জখম হয় রতন।এর পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বোলপুরের সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।রতন শেখের অপরাধের রেকর্ড নিয়েও মুখ খুলেছেন প্রাক্তন পুলিশকর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা নথিভুক্ত রয়েছে। তার মধ্যে ছটি খুনের মামলা। ভোট পরবর্তী হিংসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায়, গুলি যদি বুকে লাগত, তা হলে কনস্টেবলের মৃত্যু হতে পারত। রতন শেখের বিরুদ্ধে রেকর্ডে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ছটি খুনের মামলা। দুর্ধর্ষ আসামি। সপ্তম খুনের চেষ্টাও করেছিল।কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার ঘটনার পর থেকেই রতনকে ধরতে তৎপর ছিল পুলিশ। শেষ পর্যন্ত ৪৮ ঘণ্টার মধ্যে তার খোঁজ মেলে। তবে অস্ত্র উদ্ধারের সময় ঠিক কী পরিস্থিতিতে গুলি চালানোর ঘটনা ঘটে, তা নিয়ে পুলিশের বক্তব্যের পাশাপাশি তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টও গুরুত্বপূর্ণ।

নভেম্বর ১৬, ২০২৬
কলকাতা

ছটপুজোর ভিড়ে মাঝগঙ্গায় তলিয়ে যাচ্ছিল পোষ্য কুকুর! চোখে পড়তেই যা করলেন মন্ত্রী, প্রশংসায় নেটপাড়া

ছটপুজোর ভিড়ের মধ্যেই মাঝগঙ্গায় বিপত্তি। চোখের সামনে গঙ্গার স্রোতে ভেসে যাচ্ছিল একটি পোষ্য কুকুর। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করলেও স্রোতের সঙ্গে পেরে উঠছিল না সে। প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। পরে কুকুরটিকে ভেসে যেতে দেখে চিৎকার শুরু করেন কয়েক জন। সেই সময় ঘটনাটি নজরে আসে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী ইন্দ্রনীল খাঁর। তাঁর তৎপরতায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কলকাতা পুলিশের উদ্যোগে উদ্ধার করা হয় সারমেয়টিকে। উদ্ধারের পর কুকুরটিকে তোয়ালে দিয়ে মুড়িয়ে গরম দুধও খাওয়ান মন্ত্রী।সোমবার সকালে ছটপুজো চলাকালীন এই ঘটনা ঘটে। হঠাৎই মন্ত্রীর নজরে আসে, একটি কুকুর মাঝগঙ্গায় ভেসে যাচ্ছে। প্রবল স্রোতের সঙ্গে লড়াই করে জলে ভেসে থাকার চেষ্টা করছিল সে। কিন্তু কিছুতেই পেরে উঠছিল না। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধারের নির্দেশ দেন মন্ত্রী।এর পর তিনটি দ্রুতগতির নৌকা নিয়ে উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় কলকাতা রিভার ট্র্যাফিক পুলিশের জেটির কাছে কুকুরটিকে উদ্ধার করা সম্ভব হয়।উদ্ধারের পরই সারমেয়টির কাছে ছুটে যান মন্ত্রী। তখন ঠান্ডায় কাঁপছিল কুকুরটি। পাশে থাকা একটি সাদা তোয়ালে দিয়ে তার সারা শরীর মুড়িয়ে দেওয়া হয়। যাতে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য তাকে গরম দুধও খাওয়ান ইন্দ্রনীল।মন্ত্রী জানান, কুকুরটি এক পুণ্যার্থীর পোষ্য। ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কুকুরের মধ্যেও তো প্রাণ রয়েছে। দেখছিলাম, স্রোতে ভেসে যাচ্ছে। তবুও বাঁচার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা পুলিশের তৎপরতায় কুকুরটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।ছটপুজোর ব্যস্ততার মধ্যেও একটি অবলা প্রাণীকে বাঁচাতে মন্ত্রী ও উদ্ধারকারী দলের এই উদ্যোগ নজর কেড়েছে। সময়মতো উদ্ধার করা না গেলে বড় বিপদ হতে পারত সারমেয়টির। আপাতত নিরাপদে রয়েছে পোষ্যটি।

নভেম্বর ১৬, ২০২৬
কলকাতা

নাম-প্রতীক নিয়ে তৃণমূলের দুই শিবিরে লড়াই, তার মধ্যেই বড় ধাক্কা ঋতব্রতদের! হঠাৎ বন্ধ এক্স অ্যাকাউন্ট

তৃণমূলের নাম ও প্রতীকের অধিকার কার হাতে থাকবে, তা নিয়ে দুই শিবিরের লড়াই ক্রমশ জোরালো হচ্ছে। এক দিকে কালীঘাটের শিবির, অন্য দিকে ঋতব্রতদের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল। দুই পক্ষই নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে নির্বাচন কমিশনের কাছে একাধিক নথি জমা দিয়েছে। এর মধ্যেই বড় ধাক্কা খেল ঋতব্রত শিবির। আচমকাই সমাজমাধ্যমের মঞ্চ এক্স থেকে সাসপেন্ড হয়ে গেল গণতান্ত্রিক তৃণমূল-এর অ্যাকাউন্ট।সোমবার সকাল থেকেই ওই অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে। এক্সে অ্যাকাউন্টের পাতায় ঢুকলেই অ্যাকাউন্ট সাসপেন্ডেড লেখা ভেসে উঠছে। হঠাৎ কেন এই পদক্ষেপ করা হল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট শিবির।ঋতব্রত শিবিরের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষ থেকে বারবার তাদের সমাজমাধ্যমের পাতার বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। তার জেরেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। যদিও এই অভিযোগের সত্যতা এখনও স্পষ্ট নয়।ঋতব্রত শিবিরের দাবি, সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে তাদের লড়াই থামানো যাবে না। কয়েক দিনের মধ্যেই তৃণমূলের নাম ও প্রতীক তারাই পাবে বলে আশাবাদী তারা।অন্য দিকে, কালীঘাট শিবির এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই বলে দাবি করেছে। তাদের বক্তব্য, এই ধরনের পদক্ষেপ করে কোনও লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ই এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।এই বিষয়ে গণতান্ত্রিক তৃণমূল-এর নেতা ঋজু দত্ত বলেন, আমরা সমাজমাধ্যমে নিজেদের পাতা তৈরি করেছিলাম। কিন্তু মমতা তৃণমূলের তথ্যপ্রযুক্তি বিভাগের ছেলেরা বারবার আমাদের পাতা বন্ধ করিয়ে দিচ্ছে। কারণ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে একটি পাতা রয়েছে। আমাদের কাছে এখনও এমন কোনও নথি নেই, যার মাধ্যমে প্রমাণ করতে পারব যে আমরাই আসল তৃণমূল।অন্য দিকে, মমতা তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় এই ঘটনার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করেছেন। তাঁর বক্তব্য, শুভেন্দু অধিকারী ৪ তারিখ বলেছিলেন, তৃণমূলের নাম-নিশান মুছে দেবেন। এখন এমনও হতে পারে, উনি গণতান্ত্রিক তৃণমূলের নাম-নিশান মুছে দিচ্ছেন।সব মিলিয়ে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে দুই শিবিরের লড়াই নতুন মাত্রা পেয়েছে। নির্বাচন কমিশনে কার দাবি শেষ পর্যন্ত মান্যতা পায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। তার মধ্যেই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

নভেম্বর ১৬, ২০২৬
বিদেশ

পাকিস্তানের কাছে হার বাংলাদেশের, তার পরেই গ্যালারিতে আগুন! সমর্থকদের শান্ত করতে ছুটলেন হামজা

ঘরের মাঠে খেলেও শেষরক্ষা হল না বাংলাদেশের। শক্তিশালী দল নিয়েও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ০-১ গোলে হেরে গেল হামজা চৌধুরীদের দল। ফলে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হল বাংলাদেশের। সেই সঙ্গে সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের ২১ বছরের অপেক্ষাও আরও দীর্ঘ হল। কিন্তু ম্যাচের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে গ্যালারিতে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ সমর্থকদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে গ্যালারির কাছে গিয়ে তাঁদের শান্ত করার চেষ্টা করেন হামজা।গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল খেলেছিল বাংলাদেশ। একটিও গোল না খেয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিল তারা। ফলে সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের আশা করেছিলেন সমর্থকেরা। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হল না। প্রতিযোগিতায় প্রথম গোল হজম করেই বিদায় নিতে হল বাংলাদেশকে।ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ের ফলে প্রথম বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল তারা। অন্য দিকে, ঘরের মাঠে এমন হারে হতাশ বাংলাদেশি সমর্থকেরা।হারের পর সমর্থকদের একাংশের নিশানায় গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ। তাঁদের অভিযোগ, বল ধরে দ্রুত থ্রো করতে গিয়ে ভুল করে বিপক্ষের এক ফুটবলারের পায়ে বল তুলে দেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়েই গোল করেন সামাদ। তাঁর নিচু শট আটকাতে পারেননি বাংলাদেশের গোলকিপার।তবে বাংলাদেশের হারের জন্য শুধু শ্রাবণকে দায়ী করতে নারাজ অনেকেই। তাঁদের মতে, গোটা প্রতিযোগিতায় দলের অন্যতম ভরসা ছিলেন এই গোলকিপার। একাধিক নিশ্চিত গোল আটকে বাংলাদেশকে বাঁচিয়েছেন তিনি। গ্রুপ পর্বে দল একটিও গোল না খাওয়ার পিছনেও বড় ভূমিকা ছিল শ্রাবণের। তাই একটি ভুলের জন্য তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয় বলেই মনে করছেন অনেকে।তবে ম্যাচের পর ঢাকার গ্যালারিতে যা ঘটেছে, তা নিয়েই এখন বেশি আলোচনা চলছে। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে সমর্থকদের একাংশ গ্যালারিতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাঁদের শান্ত করার চেষ্টা করেন হামজা। ফুটবলে হার-জিত থাকবেই। কিন্তু দলের হারের প্রতিবাদে গ্যালারিতে আগুন লাগিয়ে অন্য দর্শকদের বিপদের মুখে ঠেলে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।এই ঘটনার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর ফুটবলমহলের। মাঠের লড়াইয়ে পাকিস্তানের কাছে হার, আর মাঠের বাইরে সমর্থকদের এমন আচরণসব মিলিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল বাংলাদেশের কাছে হয়ে রইল এক তিক্ত অভিজ্ঞতা।

নভেম্বর ১৬, ২০২৬
দেশ

দক্ষিণ চিন সাগরে চিনকে চাপে ফেলতে বড় চাল ভারতের! মোদীর ম্যানিলা সফরে কোন সমীকরণ তৈরি হচ্ছে?

দক্ষিণ চিন সাগরে চিনের ক্রমবর্ধমান প্রভাব ও আগ্রাসন নিয়ে উদ্বেগ বাড়ছে এশিয়ার একাধিক দেশে। এই পরিস্থিতিতে সমুদ্র নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখতে একজোট হওয়ার বার্তা দিতে চলেছে ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলি। সেই লক্ষ্যেই তিন দিনের সফরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দেবেন তিনি। এ বারের আসিয়ান সম্মেলনের সভাপতিত্ব করছে ফিলিপিন্স।বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতাএ বারের সম্মেলনে এই তিনটি বিষয়ই বিশেষ গুরুত্ব পেতে চলেছে। ম্যানিলার উদ্দেশে রওনা হওয়ার আগে সমাজমাধ্যমে নিজের বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, ভারতের অ্যাক্ট ইস্ট নীতির অন্যতম প্রধান ভিত্তি হল আসিয়ান দেশগুলির সঙ্গে সুসম্পর্ক। ভারতের সামুদ্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও এই দেশগুলির গুরুত্ব অপরিসীম। আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে দুই পক্ষের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করতে চান তিনি।পূর্ব এশিয়া সম্মেলন নিয়েও নিজের মত জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলি নিয়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ এই সম্মেলন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা বাড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।বাণিজ্যের ক্ষেত্রে ভারত ও আসিয়ান দেশগুলির সম্পর্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমানে দুই পক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১২২ বিলিয়ন ডলার। তবে এই বাণিজ্যে ভারতের ঘাটতি প্রায় ৫১ বিলিয়ন ডলার। ফলে বাণিজ্যিক ভারসাম্য ফেরানো এবং দুই পক্ষের মধ্যে বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা দ্রুত শেষ করার উপর জোর দিতে পারে নয়াদিল্লি।সমুদ্র নিরাপত্তাও এ বারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৬ সালকে আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতার বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সূত্রে দক্ষিণ চিন সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখা, জলদস্যুদের দমন, অবৈধ মাছ ধরা বন্ধ করা এবং সমুদ্রপথে নজরদারি বাড়ানোর মতো বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।পাশাপাশি মায়ানমারের রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সংকট নিয়েও আলোচনা হতে পারে। তবে কূটনৈতিক মহলের নজর সবচেয়ে বেশি দক্ষিণ চিন সাগরের পরিস্থিতির দিকে। ওই অঞ্চলে চিনের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে একাধিক দেশের। এই পরিস্থিতিতে ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে সমুদ্র নিরাপত্তা নিয়ে সহযোগিতা কতটা বাড়ে, এখন সে দিকেই নজর আন্তর্জাতিক মহলের। ম্যানিলা সম্মেলন থেকে বেজিংকে কোনও কড়া বার্তা দেওয়া হয় কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

নভেম্বর ১৬, ২০২৬
টুকিটাকি

কালো জিরে: ছোট্ট দানায় সুস্থতার চাবিকাঠি

কালো জিরে একটি অত্যন্ত পরিচিত ও উপকারী মসলা। প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদিক ও প্রচলিত চিকিৎসায় কালো জিরে ব্যবহৃত হয়ে আসছে। এর বৈজ্ঞানিক নাম Nigella sativa। কালো জিরে শুধু খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়ায় না, বরং এতে রয়েছে নানা পুষ্টিগুণ ও ঔষধি উপাদান। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে কালো জিরে রাখা যেতে পারে।কালো জিরের অন্যতম প্রধান উপকারিতা হলো এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সহায়তা করতে পারে। এতে থাকা থাইমোকুইনোন নামক উপাদানে অ্যান্টিঅক্সিড্যান্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এই উপাদান শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।এছাড়া কালো জিরে হজমশক্তি ভালো রাখতে সহায়ক হতে পারে। অনেকের ক্ষেত্রে এটি গ্যাস, পেট ফাঁপা ও বদহজমের সমস্যা কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গেছে, কালো জিরে রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ফলে ডায়াবেটিস ও হৃদ্স্বাস্থ্যের ক্ষেত্রেও এর সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণা চলছে। কালো জিরে, রসুন ও কাঁচা লঙ্কা বাটার অদ্ভুত স্বাদ রয়েছে। কালো জিরেতে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ও খনিজ উপাদান। এগুলি শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। ত্বক ও চুলের যত্নেও কালো জিরের তেল ব্যবহৃত হয়। তবে এসব ক্ষেত্রে উপকারিতার বৈজ্ঞানিক প্রমাণ এখনও সীমিত।তবে মনে রাখতে হবে, কালো জিরে কোনও রোগের নিশ্চিত ওষুধ নয়। অতিরিক্ত পরিমাণে খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী এবং নিয়মিত ওষুধ সেবনকারীদের কালো জিরে বা এর তেল ঔষধি মাত্রায় ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।কালো জিরে একটি গুণসম্পন্ন প্রাকৃতিক মসলা। সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি পরিমিত পরিমাণে কালো জিরে খেলে শরীরের সুস্থতা বজায় রাখতে সহায়তা পাওয়া যেতে পারে।

নভেম্বর ১৬, ২০২৬
রাজ্য

ষষ্ঠীতেই জনজোয়ার, সামলাতে হিমশিম পুলিশ! ভিড়ের চাপে বন্ধ করে দেওয়া হল মানকুন্ডুর পুজোমণ্ডপ

দুর্গাপুজো, কালীপুজোর পর এ বার জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতেছে হুগলি। ষষ্ঠীর সন্ধ্যা থেকেই মানকুন্ডু ও চন্দননগরের বিভিন্ন পুজোমণ্ডপে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। কিন্তু সেই ভিড় সামলাতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, ভিড়ের চাপে সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয় মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ। উত্তর কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর সপ্তমীতে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ভয়াবহ স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই এ বার জগদ্ধাত্রী পুজোয় নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক প্রশাসন।রবিবার সন্ধ্যা থেকেই হুগলির মানকুন্ডুতে দর্শনার্থীদের ঢল নামে। রাত ৮টার পর একাধিক পুজোমণ্ডপে ভিড় আরও বাড়তে থাকে। মানকুন্ডু স্টেশন রোড এবং সার্কাস মাঠ সংলগ্ন এলাকায় মানুষের ভিড় কার্যত জনস্রোতের চেহারা নেয়। এর মধ্যেই মণ্ডপ চত্বরে একটি ভিআইপি কনভয় ঢোকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুরু হয় হুড়োহুড়ি।বড় কোনও দুর্ঘটনা এড়াতে রাত ৮টার পরেই মানকুন্ডু সার্কাস মাঠ সংলগ্ন পুজোমণ্ডপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিমা দর্শনও বন্ধ রাখা হয়।ওই দিন মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। তাঁদের মধ্যে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং দীপাঞ্জন গুহ-সহ অন্য নেতারা। তাঁদের কনভয় মণ্ডপ চত্বরে ঢোকার পরেই ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ ও প্রশাসন।অন্য দিকে, চোরবাগানের দুর্ঘটনার পর এ বার প্রথম জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে প্রায় তিন হাজার রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হচ্ছে ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী। জানা গিয়েছে, নির্বাচনের সময় থেকেই ওই ছয় কোম্পানি বাহিনী রাজ্যে রয়েছে। তাদেরই এ বার পুজোর নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে।চন্দননগর ও ভদ্রেশ্বরের পুজোগুলিকে মোট পাঁচটি জ়োনে ভাগ করা হয়েছে। পাশাপাশি ১১টি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ আধিকারিকদের। প্রতিটি সেক্টরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন উপ-পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকেরা।দর্শনার্থীদের ভিড় সামলানো, যান চলাচল নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোই এ বার পুলিশের প্রধান লক্ষ্য। চোরবাগানের ভয়াবহ ঘটনার পর জগদ্ধাত্রী পুজোয় যাতে কোনও ভাবেই নিরাপত্তার ফাঁক না থাকে, সে দিকেই নজর রাখছে প্রশাসন।

নভেম্বর ১৬, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal