• ২১ কার্তিক ১৪৩৩, মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Chandranath Rath Murder

দেশ

চন্দ্রনাথ রথ খুনে বড় মোড়! উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলার তদন্তে বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে গোলু সিং ওরফে টাইগার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিবিআই। তদন্তকারীরা তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছেন।সূত্রের খবর, চন্দ্রনাথ রথ হত্যা মামলায় এর আগেও উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা রাজকুমার সিংকে মুজফফরনগর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্ত চলাকালীন রাজকুমারের ঘনিষ্ঠ বন্ধু মোনুও একটি পুরনো মামলায় আদালতে আত্মসমর্পণ করে। তার কিছুক্ষণের মধ্যেই গোলু সিংকে গ্রেপ্তার করা হয়।চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর নতুন করে মামলা রুজু করেছে সিবিআই। পাশাপাশি একজন উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে। এই দলই মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।তদন্তে উঠে এসেছে, ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধমূলক মামলা ছিল। তদন্তকারীদের দাবি, এই মামলার সঙ্গে জড়িতদের একটি বড় অংশ পেশাদার অপরাধচক্রের সদস্য হতে পারে। বিশেষ করে বিহার এবং উত্তর ভারতের কিছু অঞ্চলের ভাড়াটে শ্যুটারদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।এই মামলায় অন্যতম অভিযুক্ত রাজ সিংকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁর গ্রেপ্তারের পর তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে বলে সূত্রের দাবি। সেই সূত্র ধরেই একের পর এক অভিযুক্তকে চিহ্নিত করছে সিবিআই।উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই নৃশংসভাবে খুন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে। সেই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। তদন্তের স্বার্থে একাধিক রাজ্যে অভিযান চালাচ্ছে সিবিআই। তদন্তকারীদের আশা, সাম্প্রতিক গ্রেপ্তারগুলির ফলে হত্যাকাণ্ডের নেপথ্যের পুরো চক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে।

জুন ০৫, ২০২৬
রাজ্য

চন্দ্রনাথ রথ হত্যা তদন্তে নতুন মোড়, রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার নিল সিবিআই

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তদন্তে বড়সড় মোড় এল। বহু আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তভার আনুষ্ঠানিকভাবে নিজেদের হাতে তুলে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্য পুলিশের পক্ষ থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশের পর মঙ্গলবার থেকেই কেন্দ্রীয় সংস্থা এই মামলার দায়িত্ব গ্রহণ করেছে।সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হচ্ছে। কলকাতা অঞ্চলের যুগ্ম নির্দেশকের নেতৃত্বে এই সিট কাজ করবে। তদন্তের অগ্রগতি ও প্রয়োজন অনুযায়ী দক্ষ আধিকারিকদের এই দলে অন্তর্ভুক্ত করা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই মামলার যাবতীয় নথিপত্র, প্রাথমিক তদন্তের রিপোর্ট এবং গ্রেফতার হওয়া অভিযুক্তদের সংক্রান্ত তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে।এই হত্যাকাণ্ড ঘিরে ইতিমধ্যেই আন্তঃরাজ্য চক্রের ইঙ্গিত মিলেছে। তদন্তে নেমে রাজ্য পুলিশ উত্তরপ্রদেশ ও বিহার থেকে তিন জন সন্দেহভাজন শার্পশুটারকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে তদন্তকারী সূত্রে দাবি। তাঁদের সঙ্গে এই হত্যার মূলচক্রীদের যোগাযোগ ছিল কি না, কার নির্দেশে তারা কলকাতায় এসেছিল এবং খুনের পেছনে রাজনৈতিক না কি অন্য কোনও ব্যক্তিগত বা আর্থিক কারণ রয়েছে সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই এবার সরাসরি মাঠে নামছে সিবিআই।সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, তদন্তের স্বার্থে একাধিক রাজ্যে অভিযান চালানো হতে পারে। ধৃতদের কল রেকর্ড, আর্থিক লেনদেন, যাতায়াতের রুট এবং স্থানীয় যোগাযোগ খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণের সাহায্যও নেওয়া হবে।চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। বিরোধী শিবির থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছিল। সেই আবহেই তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ায় মামলার রহস্যভেদে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন নজর সিবিআইয়ের তদন্তে এই খুনের নেপথ্যে থাকা আসল ষড়যন্ত্রকারীদের মুখোশ কবে খুলে যায়, সেটাই দেখার।

মে ১২, ২০২৬
রাজ্য

চন্দ্রনাথ রথের খুনি সন্দেহে তিন ব্যক্তি গ্রেফতার, ভবানী ভবনে চলছে জিজ্ঞাসাবাদ

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় বড় সাফল্য পেল তদন্তকারী দল। উত্তরপ্রদেশ থেকে তিন সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের দ্রুত কলকাতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। দলে রয়েছেন এসটিএফ এবং সিআইডির অভিজ্ঞ আধিকারিকরা। তদন্তে নেমে সূত্র ধরে ভিনরাজ্যে অভিযান চালিয়ে উত্তরপ্রদেশ থেকে তিন জনকে পাকড়াও করা হয়।উল্লেখ্য, গত ৬ মে রাতে মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হন চন্দ্রনাথ রথ। জানা যায়, তাঁর গাড়ির সামনে আচমকাই একটি চারচাকা এসে দাঁড়ালে গাড়ি থামাতে বাধ্য হন চালক। সেই সময় দুদিক থেকে বাইকে চেপে আসা আততায়ীরা চন্দ্রনাথ ও তাঁর চালককে লক্ষ্য করে পরপর গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দ্রনাথের। গুরুতর জখম চালক এখনও হাসপাতালে চিকিৎসাধীন।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। বালি টোলপ্লাজায় অনলাইনে টোলের টাকা মেটানোর সূত্র ধরেই অভিযুক্তদের সন্ধান মেলে। ইতিমধ্যেই খুনে ব্যবহৃত চারচাকা এবং দুটি বাইক উদ্ধার করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সবকটি গাড়ির নম্বরপ্লেটই ভুয়ো।পুলিশের ধারণা, অন্তত এক থেকে দেড় মাস আগে থেকেই এই খুনের ছক কষা হয়েছিল। চন্দ্রনাথ রথের সঙ্গে কারও শত্রুতা বা সাম্প্রতিক কোনও বিরোধ ছিল কি না, সেই দিকও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে হত্যার নেপথ্যে আরও বড় চক্রান্তের তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

মে ১১, ২০২৬
কলকাতা

টোল প্লাজার ক্যামেরায় ধরা পড়ল খুনিদের গাড়ি! ইউপিআই সূত্রে চাঞ্চল্যকর মোড়

চন্দ্রনাথ রথ খুনের তদন্তে বড় সূত্র পেল পুলিশ। খুনে ব্যবহৃত গাড়ির ফাস্ট্যাগ পেমেন্ট থেকে একটি ইউপিআই লিঙ্কের খোঁজ মিলেছে। সেই সূত্র ধরেই ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।তদন্তকারীদের দাবি, খুনে ব্যবহৃত গাড়িটি বালি টোলপ্লাজা হয়ে এলাকায় ঢুকেছিল। টোলপ্লাজার সিসিটিভি ফুটেজে গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে। সেখানে টোলের টাকা ফাস্ট্যাগের মাধ্যমে দেওয়া হয়েছিল। সেই অনলাইন পেমেন্টের সূত্র ধরেই কোন অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছে, তা জানতে পেরেছে পুলিশ।চন্দ্রনাথ রথের সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। চন্দ্রনাথ ছিলেন প্রাক্তন বায়ুসেনা কর্মী। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের পুলুপ এলাকার ঈশ্বরপুর পাঁচ গ্রাম পঞ্চায়েতে। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন সময় থেকেই তাঁদের পরিচয়। ধীরে ধীরে শুভেন্দুর ঘনিষ্ঠ ও আস্থাভাজন হয়ে ওঠেন চন্দ্রনাথ। রাজনৈতিক কর্মকাণ্ড দেখভালের দায়িত্বেও ছিলেন তিনি।বুধবার রাতে আচমকাই খুন হন চন্দ্রনাথ রথ। তারপর থেকেই তদন্তে নেমেছে বিশেষ তদন্তকারী দল। আততায়ীদের গতিবিধি জানতে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। তদন্তকারীরা টাওয়ার ডাম্পিং প্রযুক্তির মাধ্যমে ঘটনার আগে এবং পরে এলাকার মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় কোন কোন মোবাইল নম্বর থেকে ফোন করা হয়েছিল বা কল রিসিভ করা হয়েছিল, তার তালিকা তৈরি করা হচ্ছে। সন্দেহজনক নম্বর চিহ্নিত করতে ঘটনাস্থলের আশপাশের একাধিক মোবাইল টাওয়ারের তথ্য সংগ্রহ করা হয়েছে।বিশেষ সফটওয়্যারের সাহায্যে বহু ফোন কলের মধ্যে থেকে সন্দেহভাজন নম্বর আলাদা করার কাজ চলছে। তদন্তকারীরা দেখছেন, ঘটনার আগে ও পরে কোন কোন নতুন নম্বর থেকে হঠাৎ ফোন আদানপ্রদান হয়েছে। সেই নম্বরগুলির টাওয়ার লোকেশন ট্র্যাক করে আততায়ীদের গতিবিধি জানার চেষ্টা করছে পুলিশ।

মে ১০, ২০২৬
রাজ্য

‘আমি না জিতলে হয়তো চন্দ্রনাথ বাঁচত!’ বিস্ফোরক শুভেন্দু, কাঁপছে বাংলা রাজনীতি

নতুন সরকার গঠনের আবহের মধ্যেই ফের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ফল প্রকাশের মাত্র দুদিনের মাথায় খুন হলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ। বুধবার রাতে মধ্যমগ্রামের রাস্তায় তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নিজের দীর্ঘদিনের সহকর্মীর মৃত্যুতে ভেঙে পড়েছেন শুভেন্দু অধিকারী।বৃহস্পতিবার চন্দ্রনাথের দেহ কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে নিয়ে যাওয়ার সময় আবেগঘন প্রতিক্রিয়া দেন শুভেন্দু। তিনি বলেন, আমি ভবানীপুরে না জিতলে হয়তো চন্দ্রনাথকে খুন হতে হতো না। আমি বিরোধী দলনেতা ছিলাম বলেই আমার পিএ হিসেবেও ও টার্গেট হয়েছিল। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, এই খুনের ঘটনায় চার্জশিট জমা পড়বে এবং দোষীরা কঠোর শাস্তি পাবে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত প্রায় দশটা পনেরো নাগাদ মধ্যমগ্রামে নিজের ফ্ল্যাটের দিকে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ। সেই সময় একটি চারচাকা গাড়ি এসে তাঁর গাড়ির পথ আটকে দেয়। এরপর বাইকে করে আসা দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালায়। গাড়িতে চালকের পাশাপাশি পিছনের সিটে আরও একজন ছিলেন। হামলার সময় তিনি সিটের নীচে লুকিয়ে পড়ায় প্রাণে বেঁচে যান বলে জানা গিয়েছে।গুলিতে গুরুতর জখম হন চন্দ্রনাথ এবং তাঁর গাড়ির চালক। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন। আহত চালককে পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর।এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা। ইতিমধ্যেই খুনের ঘটনায় সিআইডি তদন্ত শুরু করেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।

মে ০৭, ২০২৬
রাজ্য

‘ঠান্ডা মাথায় খুন করা হয়েছে’! চন্দ্রনাথ হত্যাকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু

মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার হাসপাতালে পৌঁছে এই ঘটনাকে ঠান্ডা মাথায় খুন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, পুরো ঘটনাটি আগে থেকেই পরিকল্পনা করে ঘটানো হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান।চন্দ্রনাথ রথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। গত প্রায় এক দশক ধরে রাজনৈতিক সফর থেকে সাংগঠনিক কাজ সবক্ষেত্রেই শুভেন্দুর ছায়াসঙ্গী ছিলেন তিনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বাইক এবং গাড়িতে করে আসা একদল দুষ্কৃতী চন্দ্রনাথের স্করপিও গাড়ির পথ আটকায়। তারপর খুব কাছ থেকে পরপর গুলি চালানো হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অন্তত আটজন হামলাকারী চারটি মোটরবাইকে করে এসেছিল। প্রত্যেকের মাথায় হেলমেট ছিল বলেও জানা গিয়েছে।তদন্তে আরও উঠে এসেছে একটি সন্দেহজনক গাড়ির তথ্য। শিলিগুড়ির নম্বরযুক্ত একটি গাড়ি চন্দ্রনাথের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল বলে অভিযোগ। সেই গাড়ি থামতেই আততায়ীরা গুলি চালাতে শুরু করে। এরপর দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।পুলিশ জানিয়েছে, চন্দ্রনাথের বুকে এবং পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে মধ্যমগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক প্রতিম সেনগুপ্ত জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। চিকিৎসকেরা প্রাণ ফেরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।ঘটনায় আহত হয়েছেন চন্দ্রনাথের সঙ্গে থাকা বুদ্ধদেব নামে আরও এক ব্যক্তি। তাঁর শরীরেও একাধিক গুলি লেগেছে। পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তিনি এখনও সচেতন অবস্থায় রয়েছেন এবং তাঁর অস্ত্রোপচার করা হবে।এদিকে রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত জানিয়েছেন, হামলায় ব্যবহৃত গাড়িতে ভুয়ো নম্বর প্লেট লাগানো ছিল বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। গাড়ির গতিবিধি এবং হামলাকারীদের পরিচয় জানার চেষ্টা চলছে।ঘটনার খবর ছড়াতেই হাসপাতালে পৌঁছে যান বিজেপির একাধিক শীর্ষ নেতা। সেখানে ছিলেন সুকান্ত মজুমদার, অর্জুন সিং-সহ আরও অনেকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

মে ০৭, ২০২৬
রাজ্য

চন্দ্রনাথ খুনে বিস্ফোরক মোড়! সিবিআই তদন্তের দাবি তুলল তৃণমূল

মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে সোশ্যাল মাধ্যমে পোস্ট করে চন্দ্রনাথ রথের হত্যার পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় নিহত তিন তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয়েছে।অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বার্তায় বলা হয়েছে, মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হচ্ছে। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে, আদর্শ আচরণ বিধি চালু থাকা সত্ত্বেও গত কয়েক দিনে বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের হাতে তিনজন তৃণমূল কর্মী নিহত হয়েছেন। ঘটনায় আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবিও তুলেছে শাসকদল। দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।বুধবার রাতে মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বাইকে করে এসে দুই দুষ্কৃতী শুভেন্দুর আপ্তসহায়কের গাড়ির পথ আটকায়। এরপর খুব কাছ থেকে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারীদের বাইকে কোনও নম্বর প্লেট ছিল না। চন্দ্রনাথ রথের বুকে, পেটে এবং মাথায় গুলি লাগে। ঘটনায় আহত হন তাঁর গাড়ির চালকও।গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথকে দ্রুত মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আহত চালককে পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।ঘটনার পর থেকেই হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অর্জুন সিং, কৌস্তভ বাগচী-সহ একাধিক বিজেপি নেতা। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই খুনের পিছনে রয়েছে।এদিকে ব্যারাকপুরের জয়ী বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী বলেন, এই ঘটনার ফল তৃণমূলকে ভুগতে হবে। তাঁর অভিযোগ, পুরো ঘটনাই পরিকল্পনা করে করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করা হলে চন্দ্রনাথের দেহ দাহ করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মে ০৭, ২০২৬

ট্রেন্ডিং

খেলার দুনিয়া

দিল্লির কোচ হয়েই সৌরভের বড় চাল! আইপিএল নিলামে ফিরিয়ে আনতে চান কোন দুই তারকাকে?

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েই দল গোছানোর কাজে নেমে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী আইপিএলের ছোট নিলামে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ফেরাতে চাইছে দিল্লি। তাঁদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। শুধু কোচিং নয়, দল গঠনের কাজেও যে সক্রিয় ভূমিকা নিতে চান সৌরভ, তা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর বক্তব্যে।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, আগামী নিলামে এই দুই ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আগ্রহী দিল্লি। তাঁর কথায়, দুজন বিদেশি ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আমরা আগ্রহী। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার ফ্রেজার ম্যাকগার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসার কথা ২০২৭ সালের আইপিএলের ছোট নিলামের আসর। ওই দিনই বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা। তার আগে ১৭ নভেম্বরের মধ্যে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে দলগুলিকে বলে খবর।ম্যাকগার্কের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের সম্পর্ক অবশ্য বেশ পুরনো। ২০২৪ সালে বিকল্প ক্রিকেটার হিসেবে দিল্লির দলে যোগ দিয়েছিলেন এই অস্ট্রেলীয় ব্যাটার। পরের নিলামে তাঁকে ধরে রাখতে বিশেষ অধিকার প্রয়োগ করেছিল ফ্র্যাঞ্চাইজি। সে বার ম্যাকগার্কের জন্য ৯ কোটি টাকা খরচ করেছিল দিল্লি। আইপিএলে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে ২৫.৬৭ গড়ে ৩৮৫ রান করেছেন তিনি। তাঁর রান করার গতি ছিল ১৯৯.৪৯।অন্য দিকে, ২০২৪ সালের আইপিএলে ৭৫ লক্ষ টাকায় শাই হোপকে দলে নিয়েছিল দিল্লি। তবে মাত্র এক মরশুমের পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ বার আবার তাঁকে দলে ফেরানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে সৌরভের দল।সৌরভ দায়িত্ব নেওয়ার পর থেকেই দিল্লি ক্যাপিটালসে একাধিক পরিবর্তন শুরু হয়েছে। শুধু খেলোয়াড় নয়, কোচিং বিভাগেও বড়সড় রদবদল করেছে ফ্র্যাঞ্চাইজি। ভারতের প্রাক্তন লেগস্পিনার অমিত মিশ্রকে স্পিন বোলিং কোচ এবং যুবরাজ সিংকে সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।দলকে আরও শক্তিশালী করতে ক্রিকেটার বদলের পথেও হাঁটছে দিল্লি। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলোয়াড় বদলের মাধ্যমে বাঁহাতি পেসার টি নটরাজনকে পাঠিয়ে লেগস্পিনার জিশান আনসারিকে দলে নিয়েছে তারা। এ ছাড়াও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে খেলোয়াড় বদলের মাধ্যমে কুলদীপ যাদবকে পাঠিয়ে ঋষভ পন্থকে দলে ফেরানোর পরিকল্পনার কথাও উঠে এসেছে।আইপিএলে এখনও পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি। ২০২০ সালে ফাইনালে উঠলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল তাদের। তার পর থেকে ট্রফির স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে পর পর দুবার প্লে-অফে জায়গা করতে পারেনি দলটি।এই ব্যর্থতার পরেই কোচিং বিভাগে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দিল্লি। বিদায় জানানো হয়েছে হেমাঙ্গ বাদানি, ক্রিকেট ডিরেক্টর বেণুগোপাল রাও এবং পেস বোলিং কোচ মুনাফ প্যাটেলকে।এ বার সৌরভের নেতৃত্বে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দিল্লি ক্যাপিটালস। নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিতে পারলে দল কতটা শক্তিশালী হয়ে উঠবে, সেটাই এখন দেখার। বাংলার মহারাজের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাইদিল্লিকে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন করা।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

মৃত্যুর আগে বাবাকেও বলেছিলেন ‘তুমিও খুন হয়ে যেতে পারো’! চিকিৎসকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

মৃত্যুর আগে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তরুণ চিকিৎসক। কখনও সাহায্য চেয়েছিলেন, কখনও আবার প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না। কালীপুজোর দিন নাগেরবাজারের একটি বেসরকারি হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ৩০ বছর বয়সি চিকিৎসক অভিজিৎ সরকারের ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে র্যাগিং ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন অভিজিৎ। এমনকি তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ পরিবারের।অভিজিৎ এনআরএস মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র। ২০২৪ সালে সেখান থেকেই এমবিবিএস পাশ করেন তিনি। পরে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে এক বছর হাউসস্টাফশিপ করেন। বর্তমানে স্নাতকোত্তর চিকিৎসা পাঠে ভর্তির জন্য নিট-পিজি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।তবে মৃত্যুর আগে তাঁর ফেসবুক প্রোফাইলে করা একাধিক পোস্ট এখন তদন্তকারীদের নজরে এসেছে। ওই পোস্টগুলিতে বারবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। একটি পোস্টে সাহায্য চেয়ে তাঁকে বাঁচতে সাহায্য করার আবেদন জানান। অন্য একটি পোস্টে নিজের চারপাশে প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এই পোস্টগুলি কেন করেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।অভিজিতের ভগ্নিপতি সুদীপ্ত সরকার নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের দাবি, হস্টেলে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন অভিজিৎ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে নিজের জীবন নিয়েও আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। মৃত্যুর আগে পরিবারের সদস্যদের ফোন করে তাঁকে খুনের চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টগুলি মুছে ফেলার জন্যও তাঁর উপর চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পরিবারের।অভিজিতের মৃত্যুকে নিছক আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের সন্দেহ, এর পিছনে পরিকল্পিত অপরাধ থাকতে পারে। হস্টেলের কয়েক জন আবাসিক এবং স্থানীয় বাসিন্দার একাংশের দাবি, ঘটনার দিন হস্টেলের ভিতর থেকে বাঁচার জন্য চিৎকার শোনা গিয়েছিল। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন, সে বিষয়ে পরিবারের তরফে এখনও নির্দিষ্ট করে কারও নাম জানানো হয়নি।পুলিশ অভিজিতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সোমবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় আরজি কর হাসপাতালে গিয়ে অভিজিতের পরিবারের সঙ্গে দেখা করেন। গোটা ঘটনার নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।অভিজিতের বাবা জ্ঞানেন্দ্র সরকারের অভিযোগ, তাঁর ছেলে হস্টেলে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন বলে তাঁদের সন্দেহ। এমনকি তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জ্ঞানেন্দ্র জানান, রবিবার দুপুর ৩টে নাগাদ ছেলের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল। সেই সময় অভিজিৎ তাঁকে সতর্ক থাকতে বলেছিল। এমনকি বাবাকে বলেছিল, তুমিও খুন হয়ে যেতে পারো।নদিয়ার কালীগঞ্জ থানার সাপজোলা গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা ছিলেন অভিজিৎ। সাপজোলা দেশবন্ধু হাইস্কুল থেকে ২০১৩ সালে মাধ্যমিক এবং ২০১৫ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি। ওই স্কুলের শিক্ষক গোলক মণ্ডল জানান, অভিজিৎ তাঁর ছাত্র ছিল। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছিল।ডাক্তারি পাশ করার পর মাঝেমধ্যে বাড়িতে এলেও বেশির ভাগ সময় নিজের ঘরে মোবাইল ও ল্যাপটপ নিয়ে পড়াশোনা করত অভিজিৎ। এমন এক মেধাবী তরুণ চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও পরিচিতদের মধ্যে।র্যাগিংয়ের অভিযোগ, মৃত্যুর আগে করা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং পরিবারের তোলা খুনের আশঙ্কাসব দিক খতিয়ে দেখছে পুলিশ। অভিজিতের মৃত্যু আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে, তা ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরেই স্পষ্ট হবে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

কালীপুজোর পরেই মমতার বাড়িতে দিল্লি পুলিশ! ১৩ বছরের পুরনো মামলায় কেন তলব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে?

ফের আইনি জটিলতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পরের দিন সোমবার আচমকাই কালীঘাটে তাঁর বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশের একটি দল। সঙ্গে ছিলেন কালীঘাট থানার পুলিশ আধিকারিকরাও। ১৩ বছর আগের একটি মামলায় সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা। সেই সংক্রান্ত নোটিস দিতেই তাঁর বাড়িতে পৌঁছন পুলিশ আধিকারিকরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলাটি ২০১৩ সালের। সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি আধিকারিকদের উপর হামলার মতো একাধিক অভিযোগ রয়েছে ওই মামলায়। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলাটি দায়ের হয়েছিল। সেই মামলাতেই সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছে।সোমবার বিকেলে কালীঘাট থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মমতার বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশের দল। সেখানে তাঁকে নোটিস দেওয়া হয়। তবে এখনই তাঁকে থানায় হাজির হতে বলা হয়নি বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধামতো সময়ে তাঁর সাক্ষ্য নেওয়া হবে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে।১৩ বছরের পুরনো মামলায় এতদিন পর কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সাক্ষী হিসেবে তলব করা হল, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা।এ বিষয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এতদিন পর কেন তাঁকে ডাকা হল, সেই প্রশ্ন উঠতেই পারে। তবে এর উত্তর দিল্লি পুলিশই দিতে পারবে। আদালতেও নিশ্চয়ই এ বিষয়ে তাদের জবাব দিতে হবে। মামলাটি দিল্লির হওয়ায় এর বেশি কিছু বলতে চাননি তিনি।উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত কয়েক মাসে একাধিকবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে তদন্তকারী সংস্থা ও পুলিশ। কখনও পুলিশ, কখনও সিবিআইয়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। বিভিন্ন মামলায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। এবার ২০১৩ সালের পুরনো মামলায় দিল্লি পুলিশের নোটিস ঘিরে নতুন করে চর্চা শুরু হল রাজনৈতিক মহলে।

নভেম্বর ০৯, ২০২৬
রাজ্য

দিঘায় পর্যটকদের জন্য একগুচ্ছ চমক! হোম স্টে করলেই মিলবে ৫ লক্ষ টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দিঘাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ বড় পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দফতরে আয়োজিত এক প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, উদয়পুর থেকে শুরু করে প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকতকে নতুন করে সাজিয়ে তোলা হবে। পর্যটন, বন, সেচ, পূর্ত, পরিবহণ এবং পরিবেশ দফতরকে সঙ্গে নিয়ে এই কাজের পরিকল্পনা তৈরি করা হচ্ছে।শুধু দিঘা নয়, আশপাশের একাধিক এলাকাকেও নতুন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। গোপালপুর, মাজিলাপুরের হরিপুর, বগুড়ার জলপাই, দারিয়াপুর এবং পেটুয়ার মতো এলাকাকে এই পরিকল্পনার আওতায় আনা হবে। সরকারের লক্ষ্য, এমন পর্যটনকেন্দ্র তৈরি করা, যেখানে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষও কম খরচে ঘুরতে যেতে পারবেন।মুখ্যমন্ত্রী জানান, দিঘা থেকে মন্দারমণি, শঙ্করপুর, চাঁদপুর এবং আশপাশের উপকূলবর্তী এলাকায় নতুন পর্যটনকেন্দ্র তৈরি করা হবে। এই এলাকাগুলিতে যাঁরা হোম স্টে তৈরি করতে চান, তাঁদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সরকারি সাহায্য দেওয়া হবে। নতুন দোকান, হোটেল বা লজ তৈরি করতে চাইলেও সরকার সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য দিঘা থেকে মন্দারমণি, তাজপুর এবং চন্দনেশ্বর মন্দির পর্যন্ত বাস পরিষেবা চালুর উদ্যোগও নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি দিঘার হারিয়ে যাওয়া ঝাউবন ফিরিয়ে আনতে সমুদ্রসৈকত জুড়ে ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে উপকূলের পরিবেশ রক্ষার পাশাপাশি পর্যটকদের কাছেও নতুন আকর্ষণ তৈরি হবে বলে মনে করছে সরকার।দিঘায় তোলাবাজি ও সিন্ডিকেটের অভিযোগ নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সরকার পরিবর্তনের পর দিঘায় তোলাবাজি ও সিন্ডিকেটের কাজ বন্ধ হয়েছে। নতুন করে কেউ দোকান খুলতে চাইলে আবেদন করতে পারবেন। হোটেল, লজ বা হোম স্টে তৈরির ক্ষেত্রেও সরকার সাহায্য করবে। হোম স্টে তৈরির জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।দিঘার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে পুরনো স্নেক পার্ক আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অমরাবতী পার্কের সৌন্দর্য বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পর্যটকদের দ্রুত যাতায়াতের সুবিধার জন্য সরকারি উদ্যোগে হেলিকপ্টার পরিষেবা চালুর কথাও ভাবছে রাজ্য সরকার। সেই সঙ্গে পরিবেশবান্ধব যাতায়াতের ব্যবস্থা করতে তৈরি করা হবে সিএনজি স্টেশন এবং বৈদ্যুতিক বাসের জন্য চার্জ দেওয়ার পরিকাঠামো।অন্যদিকে, চাঁদপুর ও শঙ্করপুরে সমুদ্রের ভাঙন রুখতে সেচ দফতরের দুটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী মার্চ মাসে রাজ্য পুলিশের ৫০ জন সদস্যকে নিয়ে একটি দুর্যোগ মোকাবিলা শাখা তৈরির পরিকল্পনা রয়েছে।সব মিলিয়ে দিঘা ও আশপাশের উপকূলবর্তী এলাকাকে নতুন করে পর্যটনের মানচিত্রে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। আগামী দিনে এই পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুরের পর্যটন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

মুম্বই পালানোর ছক! বিমানবন্দর থেকেই গ্রেপ্তার ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখে পড়েও শেষরক্ষা হল না। ধর্ষণ মামলায় অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় মুম্বই যাওয়ার পথে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এই অভিযান চালায়। প্রায় ১৭ দিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান, তদন্ত এড়াতেই মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বিধায়ক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত পরেশরাম দাস। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। গত ৫ সেপ্টেম্বর ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়।এই মামলার তদন্তে পরেশরাম দাসকে দুবার তলব করেছিল সিআইডি। একবার তদন্তকারীদের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদেরও সম্মুখীন হন তিনি। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আচমকাই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিধায়কের ক্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় চার জন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলেও পরেশরাম দাসের সন্ধান মেলেনি। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা।পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে তদন্তকারীরা জানতে পারেন, কলকাতা থেকে মুম্বই যাওয়ার পরিকল্পনা করছেন বিধায়ক। সেই খবরের ভিত্তিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি শুরু করে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। বিধাননগর পুলিশের সাহায্যে বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। ধৃত বিধায়ককে বারুইপুর জেলা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁকে মামলার বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।

নভেম্বর ০৯, ২০২৬
কলকাতা

পেট্রল পাম্পের উল্টো দিকের বাড়িতে দাউদাউ আগুন! বেলেঘাটায় আতঙ্ক, ছুটে এল দমকলের চার ইঞ্জিন

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগল। রবিবার সন্ধ্যায় বেলেঘাটা পেট্রল পাম্পের উল্টো দিকে ওই বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির অন্য অংশেও। আগুনের গ্রাসে বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে যায়। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পর বাড়ির ভিতরে থাকা সকলে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। স্থানীয়দের দাবি, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকা। কারণ, বাড়িটির ঠিক উল্টো দিকেই রয়েছে একটি পেট্রল পাম্প। পাশেই রয়েছে কালীপুজোর মণ্ডপ। শুধু তা-ই নয়, বাড়িটির নীচে রয়েছে একাধিক দোকান। আগুন আরও ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের।কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, আতশবাজির ফুলকি এসে বাড়িতে পড়েছিল। তা থেকেই আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এই দাবির সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ বা দমকল। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।অন্য দিকে, কাঁথিতেও কালীপুজোর সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কাঁথির সিএস মাঠে যাওয়ার রাস্তার ধারে একটি বাইকের শোরুমের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে যায় একাধিক নতুন বাইক। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন।কাঁথির গোডাউনে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। বেলেঘাটা এবং কাঁথিদুই জায়গার অগ্নিকাণ্ডের কারণই খতিয়ে দেখা হচ্ছে।

নভেম্বর ০৯, ২০২৬
খেলার দুনিয়া

ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেই পকেট থেকে চিরকুট! পাকিস্তানের হামজার কাণ্ড দেখে অবাক নেটপাড়া

সেঞ্চুরি করার আনন্দই আলাদা। আর সেই সেঞ্চুরি যদি আসে ভারতের বিরুদ্ধে দলকে জিতিয়ে, তা হলে আনন্দ যে আরও বেড়ে যাবে, সেটাই স্বাভাবিক। রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ঠিক এমনই এক কীর্তি গড়লেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার হামজা জহুর। ভারতকে হারিয়ে দলকে জেতানোর পাশাপাশি নজর কাড়লেন আরও একটি কারণে। ম্যাচের শেষে পকেট থেকে একটি চিরকুট বার করে ক্যামেরার সামনে ধরলেন তিনি। তাতে কী লেখা ছিল?মাঠে নামার আগেই নিজের জন্য একটি লক্ষ্য ঠিক করেছিলেন হামজা। চিরকুটে লিখেছিলেন, এই ম্যাচে তিনি ৫০ রান করবেন। সেই কাগজই ম্যাচের শেষে সকলকে দেখান তিনি। তাতে লেখা ছিল, আগামিকালের ম্যাচে ৫০ রান করব, ইনশাআল্লাহ। হামজা জহুর। আমিই সেরা। তবে শুধু ৫০ রান নয়, শেষ পর্যন্ত সেঞ্চুরি করেই দলকে জেতালেন পাকিস্তানের এই ব্যাটার। ম্যাচের পর হামজা জানান, তাঁর এই ইনিংস ভাইকে উৎসর্গ করেছেন।প্রথমে ব্যাট করে ভারত ২০৮ রান তোলে। দলের হয়ে নজর কাড়েন অর্জুন রাজপুত। তাঁর দুরন্ত ১০৭ রানের ইনিংস ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি বীরেন্দ্র শেহওয়াগের ছেলে আর্যবীর এবং রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়। আর্যবীর করেন ২২ রান। অন্বয়ের সংগ্রহ মাত্র ১০।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ভারতীয় বোলারদের দাপটে ১৫ ওভারের মধ্যেই ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সেই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন হামজা। হুসনাইন আব্বাস দারের সঙ্গে গড়েন ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। তাঁদের ব্যাটিংয়েই ম্যাচে ফেরে পাকিস্তান। পরিস্থিতি বুঝে কখনও বাউন্ডারি, কখনও বড় শট খেলে ভারতীয় বোলারদের উপর চাপ বাড়ান হামজা।এর পর দলের নিচের দিকের ব্যাটারদের সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখেই জয়ের রান তুলে নেয় পাকিস্তান। ১০৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হামজা। ম্যাচ জেতানোর পর তিনি বলেন, ডাগআউট থেকে তাঁকে শেষ পর্যন্ত ক্রিজে থাকার বার্তা দেওয়া হয়েছিল। সেই কথাই মাথায় রেখে ব্যাট করেছেন। দলের হয়ে ম্যাচ জেতানোই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফও হামজার প্রশংসা করেছেন। তাঁর মতে, চাপের মুখে হামজার এমন ইনিংস খেলায় তিনি অবাক নন। সতীর্থের দক্ষতা সম্পর্কে তিনি জানেন। পরিস্থিতি বুঝে যেভাবে ব্যাট করেছেন হামজা, তার প্রশংসা করেছেন অধিনায়ক।এ দিনের ইনিংসের পর হামজাকে নিয়ে সমাজমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি মুক্তি পাওয়া ধুরন্ধর ছবিতে রণবীর সিংয়ের চরিত্রের নাম ছিল হামজা আলি মাজার। পাকিস্তানের এই ক্রিকেটারের নামও হামজা। সেই মিল থেকেই অনেক নেটাগরিক তাঁকে পাকিস্তানের ধুরন্ধর ক্রিকেটার বলে উল্লেখ করছেন।

নভেম্বর ০৯, ২০২৬
রাজ্য

১০৩ বছরের পুজোয় বড় চমক! বড়মার সাজে নতুন কী সংযোজন, দেখতে ভিড় নৈহাটিতে

হিরে, চুনি, পান্না বসানো বিশেষ টিপ। গলায় নতুন সীতা হার। তার সঙ্গে সোনা ও রুপোর নানা গয়নায় সেজে উঠেছেন নৈহাটির বড়মা। ১০৩ বছরের পুজোয় এ বার দেবীর সাজে যুক্ত হয়েছে এই দুই নতুন অলঙ্কার। রবিবার বিকেলে নতুন সাজে ভক্তদের দর্শন দিয়েছেন বড়মা। সোনা ও রুপো মিলিয়ে প্রায় ১১০ কেজি গয়নায় সেজেছেন দেবী। নতুন সাজ দেখতে সকাল থেকেই নৈহাটিতে ভক্তদের ঢল নেমেছে।নৈহাটি স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে বড়মার দর্শনের জন্য রবিবার ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন ভক্তেরা। অনেকে মানত পূরণ করতে দণ্ডিও কাটেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। গোটা এলাকায় নজরদারিও চালানো হয়।এ বার বড়মার সাজে বিশেষ আকর্ষণ হিরে, চুনি ও পান্না বসানো নতুন টিপ এবং সীতা হার। এ ছাড়াও দেবীর গলায় ও শরীরে রয়েছে নানা সোনার ও রুপোর অলঙ্কার। রয়েছে রুপোর মুকুট, সোনার বালা, চুড়ি এবং পায়ের নূপুর।পুজো কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভক্তদের দানেই প্রতি বছর বড়মার গয়নার সম্ভার বাড়ছে। এ বারও ভক্তদের দেওয়া উপহার হিসেবে এসেছে নতুন সীতা হার এবং হিরে, চুনি, পান্না বসানো বিশেষ টিপ। বিসর্জনের সময় দেবীর সোনার চোখ গঙ্গায় বিসর্জন দেওয়ার প্রথাও এ বার বজায় থাকবে।বড়মার কাছে মানত পূরণ করতে দূরদূরান্ত থেকে এসেছেন অসংখ্য ভক্ত। দণ্ডি কাটার জন্যও ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দির কর্তৃপক্ষের দাবি, গত দুদিনে প্রায় এক লক্ষ মানুষ দণ্ডি কেটেছেন। বিপুল ভিড় সামলাতে মন্দির চত্বর এবং আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা। নজরদারি চালানো হচ্ছে শতাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে।রবিবার সন্ধ্যায় সিঁদুর দানের পর শুরু হয় দেবীবরণের পর্ব। রাত সাড়ে এগারোটায় গঙ্গাজল আনার কথা। তার পর মধ্যরাতে শুরু হবে মূল পুজো। রাত দেড়টায় অঞ্জলি দেওয়ার সময় মন্দিরে ভক্তদের ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ভোর তিনটেয় ভক্তদের মধ্যে সন্দেশ ও প্রসাদ বিতরণ করা হবে।বড়মার ভোগের আয়োজনেও রয়েছে নানা পদ। দেবীর জন্য রাখা হয়েছে খিচুড়ি, পোলাও, মাছভাজা, পাঁচমিশেলি তরকারি, আলুর দম, চাটনি, পায়েস ও মিষ্টি। অন্য দিকে, মহাদেবের ভোগে রয়েছে লুচি, সাদা ভাত, ডাল, আলু-ফুলকপির তরকারি, ছানার তরকারি, সুজির হালুয়া ও মিষ্টি।বড়মার নতুন সাজ দেখতে যেমন ভক্তদের উৎসাহ চোখে পড়ছে, তেমনই পুজো ও দর্শনের ভিড় সামলাতে প্রস্তুত প্রশাসনও। ১০৩ বছরের ঐতিহ্যবাহী এই পুজোয় এ বার নতুন অলঙ্কারের আকর্ষণ যে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে, তা নৈহাটির ভিড়েই স্পষ্ট।

নভেম্বর ০৯, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal