একবিংশ শতাব্দীতেও বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব, এর পিছনে আসল কারণ কি?
হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হামজনিত বলে নিশ্চিত করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। তবে সব মিলিয়ে হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩১৪ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশের ইতিহাসে এত মৃত্যু আগে কখনো ঘটেনি। পড়শি দেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪১৪ জন শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ১৫৮ জনের। সব মিলিয়ে নতুন রোগী ১ হাজার ৫৭২ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৯৯ জন।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। তাঁদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ছয়জন, চট্টগ্রামে একজন ও খুলনায় একজন মারা গেছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, একসময় হাম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল বাংলাদেশে। ২০০০ সালে প্রথম ডোজ টিকা গ্রহণের হার ছিল ৮৯ শতাংশ, ২০১৬ সালে তা ১১৮ শতাংশে ওঠে। ২০১২ সালে দ্বিতীয় ডোজ চালুর পর এর হার ২২ শতাংশ থেকে ২০২৪ সালে ১২১ শতাংশে পৌঁছায়। কিন্তু ২০২৪-২৫ সালে হাম-রুবেলার টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় টিকাদান কমতে থাকে। ২০২৫ সালে টিকা গ্রহণের হার নেমে আসে ৫৯ শতাংশে।বিশেষজ্ঞদের মতে, টিকাদানে এই ঘাটতিই বর্তমান বিপর্যয়ের অন্যতম কারণ। ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া জানিয়েছেন, ২০২৫ সালে টিকা সংগ্রহের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্তে সরবরাহে বিলম্ব ও প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে সরকারকে একাধিকবার সতর্ক করেছিল ইউনিসেফ।বিশিষ্ট জনস্বাস্থ্যবিদ বে-নজীর আহমদের মতে, অন্তর্বর্তী সরকারের সময় টিকাদানে ঘাটতির মধ্য দিয়ে বিপর্যয়ের সূচনা হয়। পরবর্তী সময়ে বর্তমান সরকারও পরিস্থিতির গুরুত্ব যথাযথভাবে নেয়নি। অন্যদিকে জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেনের অভিযোগ, ঘরে ঘরে গিয়ে টিকা দেওয়ার কার্যক্রম কার্যত হারিয়ে গেছে। অনেক পরিবার টিকাদানের খবরই জানে না। তাঁর ভাষায়, জনস্বাস্থ্যের প্রচার টেলিফোনে হয় না।ডব্লিউএইচওর তথ্য বলছে, আক্রান্তদের বড় অংশ ১ থেকে ১৪ বছর বয়সী শিশু। এমনকি নয় মাস বয়স পূর্ণ হওয়ার আগেও শিশুরা আক্রান্ত হচ্ছে। জাতীয় এমআর টিকাদান কর্মসূচি চালুর পরও ভিটামিন এ ক্যাম্পেইনে অংশ নেওয়া শিশুদের তুলনায় অন্তত ৪০ লাখ শিশু টিকার বাইরে রয়েছে। ফলে টিকাদানে ঘাটতি, সময়মতো প্রতিরোধমূলক উদ্যোগের অভাব এবং জনসচেতনতা তৈরিতে ব্যর্থতা মিলিয়ে হাম এখন বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে।** এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম আলো অনলাইন থেকে।

