প্রয়াত কংগ্রেসের বর্ষীয়ান নেতা ‘লেবু দা’! গনি খানের ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া
প্রয়াত সুজাপুরের প্রাক্তন বিধায়ক তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী। সাধারণ মানুষের কাছে তিনি লেবু দা নামেই পরিচিত ছিলেন। বৃহস্পতিবার সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ বি এ গনি খান চৌধুরীর ভাই ছিলেন। নিজেও রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালদহের রাজনৈতিক মহলে।আবু নাসেরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর ভাইপো তথা কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি শোকবার্তা দিয়ে তিনি লেখেন, অত্যন্ত শোক ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে, আমার জেঠু, প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডাঃ আবু নাসের খান চৌধুরী আজ সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে আমরা গভীর ভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ এবং স্মৃতিগুলি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীও। তিনি লেখেন, সুজাপুরের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরীর (লেবু দা) প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা।অধীর আরও জানান, মালদহের ঐতিহ্যবাহী কোতয়ালি পরিবারের অন্যতম সদস্য ছিলেন আবু নাসের। তাঁর সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল অধীরের। তাঁর কথায়, লেবু দার মৃত্যুতে কংগ্রেস পরিবার এক প্রবীণ অভিভাবককে হারাল। রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘদিনের স্মৃতি কখনও মুছে যায় না।আবু নাসের খান চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেসের অন্যান্য নেতারাও। মালদহের কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যেও শোকের পরিবেশ তৈরি হয়েছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের কথা স্মরণ করছেন দলের কর্মী-সমর্থকেরা।

