মালদহে কার্তিক পুজোর মেলায় বিবাদ থামাতে গিয়ে মৃত্যু হল এক বিজেপি নেতার। বৃহস্পতিবার গভীর রাতে হবিবপুর থানার ঋষিপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মদ্যপ কয়েক জন যুবকের মধ্যে ঝামেলা চলছিল। তাঁদের বিবাদ থামাতে এগিয়ে যান বিজেপি নেতা চন্দন মণ্ডল। সেই সময় এক যুবক তাঁর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার পিছনে রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা নিয়েও শুরু হয়েছে চাপানউতর।
মৃতের নাম চন্দন মণ্ডল। বয়স ৪৫ বছর। তিনি ঋষিপুর এলাকায় বিজেপির মণ্ডল সহ-সভাপতি ছিলেন। কার্তিক পুজো উপলক্ষে ঋষিপুরের চাঁদপুরে একটি মেলার আয়োজন করা হয়েছিল। ওই মেলার দায়িত্বেও ছিলেন চন্দন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আচমকাই মেলায় বিদ্যুৎ চলে যায়। এর পরেই কয়েক জন মদ্যপ যুবকের মধ্যে ঝামেলা শুরু হয়। জেনারেটর চালানো নিয়ে তাঁদের মধ্যে বচসা বাধে বলে খবর। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান চন্দন। অভিযোগ, সেই সময় মত্ত যুবকদের মধ্যে এক জন তাঁর উপর চড়াও হন। তাঁকে বেধড়ক মারধর করা হয়।
মারধরের জেরে মাটিতে লুটিয়ে পড়েন চন্দন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।
এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে হবিবপুর থানার পুলিশ। মালদহের পুলিশ সুপার অনুপম সিংহ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্য দিকে, চন্দনের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। মৃতের পরিবার ও বিজেপির অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের যোগ রয়েছে। চন্দনের স্ত্রীর দাবি, স্বামীকে মারধর করে খুনের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা কানাই চৌধুরী জড়িত। স্বামীর মৃত্যুর সঠিক বিচারও দাবি করেছেন তিনি।
যদিও পরিবারের এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। আপাতত পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ। চন্দনের মৃত্যুর পিছনে ঠিক কী কারণ রয়েছে এবং এই ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
- More Stories On :
- Malda
- BJP Leader
- Murder

