শিলিগুড়ির সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, শিলিগুড়ি করিডর কেটে উত্তর-পূর্ব ভারতকে দেশ থেকে আলাদা করার যে হুমকি এক সময় উঠেছিল, সেই ধরনের শক্তিকে নাকি তৃণমূল সমর্থন করেছে। মোদীর কথায়, তথাকথিত ‘টুকরে টুকরে’ মানসিকতার লোকদের রাস্তা থেকে সংসদ পর্যন্ত মদত দেয় তৃণমূল, এটাই তাদের আসল চরিত্র।
প্রধানমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা এবং উন্নতির জন্য শিলিগুড়ি করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই করিডরের নিরাপত্তা সবসময় নিশ্চিত করতে হবে বলেও জোর দেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার পাল্টা জবাবে বলেন, যাঁরা উত্তরবঙ্গ আলাদা করার কথা বলেছেন, তাঁদের মধ্যে বিজেপির সঙ্গেই যুক্ত কিছু নাম রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, সেইসব নেতাদের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
তৃণমূলের দাবি, বিজেপি বিভাজনের রাজনীতি করতে এই করিডরের প্রসঙ্গ তুলছে। তাদের মতে, সীমান্ত সুরক্ষা এবং করিডরের নিরাপত্তা সম্পূর্ণভাবে কেন্দ্রের দায়িত্ব, সেখানে রাজ্য সরকারকে দায়ী করা ঠিক নয়।
উল্লেখ্য, এর আগে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ উত্তরবঙ্গকে আলাদা প্রশাসনিক কাঠামোর আওতায় আনার দাবি তুলেছিলেন। তাঁর সেই মন্তব্য ঘিরে রাজনৈতিক অস্বস্তিও তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
- More Stories On :
- শিলিগুড়ি করিডর নিয়ে বিস্ফোরক অভিযোগ
- তৃণমূলকে নিশানা মোদীর

