নভেম্বর প্রায় শেষ। অগ্রহায়ণও পড়ে গিয়েছে। তবু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জাঁকিয়ে শীতের দেখা নেই। শীতের অপেক্ষায় দিন গুনছেন বঙ্গবাসী। কিন্তু আন্তর্জাতিক সংস্থার সাম্প্রতিক পূর্বাভাসে সেই অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার ইঙ্গিত মিলছে। হিন্দুকুশ হিমালয় নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট’ বা আইসিআইএমওডি জানিয়েছে, এ বার পশ্চিম হিমালয়ে স্বাভাবিকের তুলনায় বেশি তুষারপাত হতে পারে। কিন্তু তার উল্টো ছবি দেখা যেতে পারে সমতলে। সেখানে শীতের দাপট কম থাকার আশঙ্কা রয়েছে। অর্থাৎ পাহাড়ে বরফ বাড়লেও সমতলে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম।
কেন এমন পরিস্থিতি তৈরি হতে পারে? আবহবিদদের মতে, এর পিছনে বড় ভূমিকা থাকতে পারে পশ্চিমী ঝঞ্ঝার। এ বছর সেপ্টেম্বরের শেষ থেকেই দেশের বিভিন্ন পাহাড়ি এলাকায় তুষারপাত শুরু হয়েছে। অক্টোবর ও নভেম্বর মাসেও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পাশাপাশি সিকিম এবং সন্দাকফুতেও কয়েক দফায় তুষারপাত হয়েছে। কিন্তু সেই ঠান্ডা হাওয়া সমতলে সেভাবে পৌঁছতে পারেনি। এর মধ্যে একের পর এক ঘূর্ণিঝড়ের প্রভাবও পড়েছে আবহাওয়ায়। ফলে উত্তুরে ও উত্তর-পশ্চিম দিকের ঠান্ডা বাতাস শক্তিশালী হওয়ার সুযোগ পায়নি।
আইসিআইএমওডি-র পূর্বাভাস অনুযায়ী, আসন্ন শীতের মরসুমে স্বাভাবিকের তুলনায় বেশি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে। তার জেরে পশ্চিম হিমালয়ের বিভিন্ন এলাকায় বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঘনঘন তুষারপাত হলে বিপদও বাড়তে পারে। তুষারধস এবং হড়পা বানের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের মতে, এল নিনো পরিস্থিতিতে অনেক সময় পশ্চিমী ঝঞ্ঝার সংখ্যা এবং তীব্রতা বেড়ে যায়। এ বারও তেমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাই সমতলের শীতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
কারণ, উত্তর ভারতের সমতলে জাঁকিয়ে শীত পড়ার জন্য পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে পর্যাপ্ত সময়ের ব্যবধান থাকা প্রয়োজন। সেই সময় উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা বাতাস সমতলে প্রবেশ করতে পারে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে বারবার পশ্চিমী ঝঞ্ঝা এলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। ফলে শুষ্ক ও কনকনে ঠান্ডা হাওয়া প্রবেশের সুযোগ কমে। উত্তর-পশ্চিম ভারতের সমতল থেকেই মূলত ঠান্ডা হাওয়া বাংলায় আসে। সেখানে শীতের দাপট কম থাকলে তার প্রভাব পড়তে পারে এ রাজ্যেও।
আইসিআইএমওডি-র পূর্বাভাস অনুযায়ী, উত্তরপ্রদেশ ও বিহার ছাড়া বেশিরভাগ রাজ্যেই এ বার শীতের দাপট স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। বিভিন্ন এলাকায় তাপমাত্রার গড় স্বাভাবিকের উপরে থাকার আশঙ্কা রয়েছে। ফলে একটানা জাঁকিয়ে শীতের দেখা না-ও মিলতে পারে।
নভেম্বরের শেষ সপ্তাহেও কলকাতার তাপমাত্রার ছবিটা খুব একটা আশাব্যঞ্জক নয়। ২৪ নভেম্বর পর্যন্ত শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি। অথচ ২০১১, ২০১২ এবং ২০২২ সালেও অক্টোবর মাসের মধ্যে কলকাতার পারদ ২০ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। গত কয়েক বছরের তুলনায় এ বার শীতের আগমন অনেকটাই দেরিতে হচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও এখনও সেই অর্থে জাঁকিয়ে ঠান্ডা পড়েনি।
তবে আপাতত কিছুটা স্বস্তির খবর রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে উত্তুরে ও উত্তর-পশ্চিম দিকের হাওয়া শক্তিশালী হতে শুরু করেছে। চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় পারদ ১৫ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। ফলে নভেম্বরের শেষ দিকে শীতের আমেজ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ দিনে বাংলায় বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। তবে নভেম্বরের শেষ দিকে আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি শক্তিশালী হলেও তার প্রভাব বাংলায় পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়।
সব মিলিয়ে, সামনের কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বাড়তে পারে। কিন্তু গোটা শীতের মরসুম কেমন যাবে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। নভেম্বরের শেষ দিকে শীত নিয়ে বিস্তারিত পূর্বাভাস দিতে পারে মৌসম ভবন। পাহাড়ে তুষারপাত বাড়লেও সমতলে শীতের দাপট কম থাকবে কি না, এখন সেদিকেই নজর আবহবিদদের।
- More Stories On :
- Winter Update
- West Bengal

