বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কি এ বার থেকে আর দেখা যাবে না বিদেশি ধাঁচের কালো গাউন ও মাথার টুপি? সেই পোশাকের বদলে দেশীয় ঐতিহ্য মেনে তৈরি পোশাক পরার পরামর্শ দিল রাজ্য সরকার। সমাবর্তনের অনুষ্ঠানে খাদি ও হ্যান্ডলুমের কাপড় ব্যবহারের উপর বিশেষ জোর দিচ্ছে উচ্চশিক্ষা দফতর। এই মর্মে রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠানো হয়েছে। গত ২৩ নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দফতর।
রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দীর্ঘদিন ধরেই বিদেশি ধাঁচের গাউন ও টুপি পরার প্রচলন রয়েছে। সেই রীতিতে বদল আনতে চাইছে রাজ্য সরকার। সমাবর্তনের পোশাকে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং দেশীয় বস্ত্রশিল্পকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। উচ্চশিক্ষা দফতরের মতে, এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে গর্ববোধ বাড়ানো সম্ভব হবে।
এই নির্দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১৫, ২০১৯ এবং ২০২৪ সালের পরামর্শের কথাও উল্লেখ করা হয়েছে। কমিশনের তরফে আগেও সমাবর্তনের পোশাকে খাদি ও হ্যান্ডলুমের কাপড় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। পাশাপাশি, ভারতীয় আবহাওয়ার উপযোগী আরামদায়ক পোশাক তৈরির উপরেও জোর দেওয়া হয়েছিল।
তবে ঠিক কেমন পোশাক পরতে হবে, তার কোনও নির্দিষ্ট নকশা বেঁধে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের মতো করে পোশাকের নকশা তৈরি করতে পারবে। উত্তরীয়-সহ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ব্যবহারের সুযোগও থাকছে। উপাচার্য, আমন্ত্রিত অতিথি এবং ডিগ্রি প্রাপকদের জন্য আলাদা পোশাক তৈরির স্বাধীনতা দেওয়া হয়েছে।
শুধু স্নাতক বা স্নাতকোত্তর স্তরের পড়ুয়া নন, পিএইচডি ডিগ্রি প্রাপকদের সমাবর্তনের পোশাকেও বদল আনার কথা ভাবছে উচ্চশিক্ষা দফতর। অর্থাৎ, সমাবর্তনের মঞ্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক, অতিথি থেকে শুরু করে পড়ুয়াদের পোশাকেও দেশীয় সংস্কৃতির ছাপ রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই সিদ্ধান্তের পিছনে আর একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। খাদি ও হ্যান্ডলুমের ব্যবহার বাড়লে রাজ্যের গ্রামীণ তাঁতি এবং হস্তচালিত তাঁতশিল্পের সঙ্গে যুক্ত মানুষজন উপকৃত হতে পারেন। দেশীয় বস্ত্রশিল্পের বাজার বাড়ানো এবং তাঁতিদের আর্থিক সহায়তা করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়গুলিকে নিজেদের মতো করে সমাবর্তনের পোশাকের নকশা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, তাদের অধীনস্থ কলেজগুলিতেও এই উদ্যোগ কার্যকর করার আবেদন জানানো হয়েছে। কী ধরনের পোশাক তৈরি হচ্ছে এবং কী পদক্ষেপ করা হচ্ছে, তা উচ্চশিক্ষা দফতরকে জানাতে হবে। পাশাপাশি, সমাবর্তনের পোশাকের ছবি ও ভিডিয়ো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দিষ্ট পোর্টালে আপলোড করারও পরামর্শ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, সমাবর্তনের দীর্ঘদিনের পোশাকের রীতিতে বদল আনতে চাইছে রাজ্য সরকার। বিদেশি ধাঁচের গাউন ও টুপির পরিবর্তে ভারতীয় ঐতিহ্য এবং দেশীয় বস্ত্রশিল্পকে সামনে আনার এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।
- More Stories On :
- Education Minister
- Convocation Dress

