ক্লাস সেভেনে পড়ার সময়ই চুরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। একটি মুদি দোকানে চুরির অভিযোগে ধরাও পড়েছিল সে। পাঠানো হয়েছিল কিশোর সংশোধনাগারে। কিন্তু সেখান থেকে ফিরে নিজেকে বদলাতে পারেনি প্রতাপ দাস। বরং সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের জগতে আরও গভীরে ঢুকে পড়ে সে। চুরির অভিযোগ থেকে ডাকাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি, এমনকি সাইবার প্রতারণাএকাধিক অপরাধে নাম জড়িয়েছে বছর পঁচিশের প্রতাপের। আসানসোল, হিরাপুর, সালানপুর থেকে পুরুলিয়া, বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পাড়ায় প্যাঁও নামেই পরিচিত সে।২০২৩ সালে একটি পেট্রল পাম্পে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিল প্রতাপ। সেই ঘটনায় বেশ কয়েক বছর জেলেও থাকতে হয় তাকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার অপরাধের জগতে ফিরে আসে সে। তবে এ বার অপরাধের ধরন বদলে যায়। সাইবার প্রতারণায় জড়িয়ে পড়ে প্রতাপ। একটি বিয়ের বিজ্ঞাপনের ওয়েবসাইট খুলে প্রতারণা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগের তদন্তেই গত বুধবার তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।আসানসোলের হিরাপুরের মাদার টেরিজা কলোনিতে প্রতাপের বাড়ি। কাছেই পাঁজাগলির পিছনে তার মামাবাড়ি। দুটি এলাকাই পাশাপাশি। ছোট থেকে ওই এলাকায় বড় হওয়ায় এলাকার অলিগলি এবং বাসিন্দাদের চেনা ছিল তার। পুলিশের অনুমান, পরিচিত এলাকা হওয়ায় সেখানেই লুকিয়ে থাকার পরিকল্পনা করেছিল প্রতাপ। ভেবেছিল, নিজের পাড়ার গলিতে আত্মগোপন করলে পুলিশের চোখ এড়ানো সহজ হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই খবরও পুলিশের কাছে পৌঁছে যায়।এর পর ইসমাইলের গুরু নানক পল্লিতে প্রতাপের একটি গোপন আস্তানায় হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় সে। ঘটনার পরই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে শিল্পাঞ্চল জুড়ে তল্লাশি শুরু হয়। বাংলা-ঝাড়খণ্ড সীমানাতেও শুরু হয় নাকা তল্লাশি।উপ-পুলিশ কমিশনার ধ্রুব দাসের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের আধিকারিক এবং বিভিন্ন থানার ওসিরা সাদা পোশাকে তল্লাশি চালান। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে প্রতাপের মামা বাম দাস-সহ তার দলের প্রায় ১৫ থেকে ২০ জনকে আটক করে পুলিশ। প্রতাপের খোঁজে বিভিন্ন এলাকায় নজরদারিও বাড়ানো হয়।পুলিশ সূত্রে খবর, বিভিন্ন থানায় প্রতাপের বিরুদ্ধে প্রায় ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশের হাত থেকে বাঁচতে বারবার নিজের থাকার জায়গা, সিম কার্ড এবং বাইক বদল করত সে। সেই কারণে তার খোঁজ পাওয়া কঠিন হয়ে পড়েছিল তদন্তকারীদের কাছে।অবশেষে শুক্রবার ভোরে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় প্রতাপ। পুলিশের গুলিতে তার পায়ে আঘাত লাগে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই অভিযুক্তের গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে মনে করছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট।