ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে কুণাল ঘোষ ও দোলা সেনকে সঙ্গে নিয়ে তিনি হাইকোর্টে পৌঁছন। আদালতে যাওয়ার আগে কোনও আগাম ঘোষণা করা হয়নি। গাড়ি থেকে নেমে সরাসরি আদালতের ভিতরে চলে যান তিনি। সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কোনও মন্তব্যও করেননি।
জানা গিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তিনি পরাজিত হন। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন শুভেন্দু অধিকারী। সেই ফলাফল নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলছিলেন মমতা।
নির্বাচনের ফল প্রকাশের পর একাধিকবার তিনি দাবি করেছিলেন, ভোটে কারচুপি হয়েছে এবং প্রকৃত ফলাফল প্রতিফলিত হয়নি। তাঁর বক্তব্য ছিল, তিনি পরাজিত হননি। সেই অবস্থান থেকেই এবার আইনি লড়াই শুরু করলেন তৃণমূল নেত্রী।
উল্লেখ্য, এর আগেও একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী ফলাফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। ফলে নতুন মামলাটি রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
আইন অনুযায়ী, কোনও প্রার্থী যদি মনে করেন ভোট গণনা বা নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে, তাহলে তিনি আদালতে আবেদন করতে পারেন। আদালত প্রয়োজন মনে করলে ভোটযন্ত্র সংরক্ষণের নির্দেশ দিতে পারে। নির্দিষ্ট পরিস্থিতিতে পুনর্গণনার আবেদনও বিবেচনা করা হতে পারে। তবে এই মামলায় আদালত কী অবস্থান নেয়, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ফল ঘোষণার দিন থেকেই ভবানীপুরের গণনা প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, গণনা কেন্দ্রের ভিতরে নানা অসঙ্গতি ঘটেছে। এমনকি তাঁর প্রতিনিধিদেরও সমস্যার মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। গণনার গতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী।
এই পরিস্থিতিতে ভবানীপুরের ফলাফল নিয়ে দায়ের হওয়া নতুন মামলা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
- More Stories On :
- Calcutta High Court
- Mamata Banerjee

