পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কয়েক জন হজযাত্রীকে ঘিরে কলকাতা হাই কোর্টে মামলা হয়েছিল। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ সংশ্লিষ্ট ট্রাইবুনালকে আবেদনগুলি দ্রুত বিবেচনা করার নির্দেশ দিয়েছে। সম্ভব হলে দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শও দিয়েছে আদালত।
মামলাকারী হজযাত্রীদের দাবি, এসআইআর-এর পরে ভোটার তালিকায় তাঁদের নাম না থাকায় হজযাত্রার প্রস্তুতিতে সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে পাসপোর্ট এবং হজের ভিসা পাওয়ার ক্ষেত্রে তাঁরা সমস্যার মুখে পড়ছেন বলে আদালতে জানিয়েছেন। তাঁদের বক্তব্য, ভোটার তালিকায় নাম ফেরানোর জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট ট্রাইবুনালে আবেদন করা হয়েছে। কিন্তু সেই আবেদনের শুনানি হয়নি বলে অভিযোগ।
এই পরিস্থিতিতেই তাঁরা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। শুনানির সময় রাজ্যের তরফে আদালতকে জানানো হয়, আবেদনকারীরা যদি সংশ্লিষ্ট ট্রাইবুনালের কাছে যান, তা হলে আইন মেনেই তাঁদের আবেদন বিবেচনা করা হবে। এরপর বিচারপতি কৃষ্ণা রাও ট্রাইবুনালকে বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন। সম্ভব হলে দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হয়েছে।
হজযাত্রার জন্য বৈধ পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলাকারীদের বক্তব্য অনুযায়ী, ভোটার তালিকায় নাম না থাকায় পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র জোগাড় করতেও তাঁদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। ফলে ভোটার তালিকার সমস্যার প্রভাব সরাসরি হজযাত্রার প্রস্তুতিতে পড়ছে বলে তাঁদের দাবি।
হজযাত্রার ক্ষেত্রে পাসপোর্টের পাশাপাশি অনুমোদিত ভিসা এবং হজের অনুমতিপত্রও প্রয়োজন। হজ পরিচয়পত্র বা স্মার্ট কার্ড এবং প্রয়োজনীয় ছবিও প্রস্তুত রাখতে হয়। ফলে যাঁদের ভোটার তালিকা সংক্রান্ত সমস্যা এখনও মেটেনি, তাঁদের ক্ষেত্রে সময়ের মধ্যে সমস্ত নথি তৈরি করা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত বিপুল সংখ্যক আবেদন ট্রাইবুনালগুলিতে বিচারাধীন রয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ভোটার তালিকায় নাম বাদ দেওয়া বা অন্তর্ভুক্তি সংক্রান্ত কয়েক দশক লক্ষ আবেদন ট্রাইবুনালে জমা পড়েছে এবং সেগুলির একটি বড় অংশ এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
হজযাত্রীদের মামলায় অবশ্য কলকাতা হাই কোর্টের নির্দেশ নির্দিষ্ট আবেদনগুলির দ্রুত শুনানি ও নিষ্পত্তি নিয়ে। নাম ভোটার তালিকায় ফেরানোর চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট ট্রাইবুনালই আইন অনুযায়ী নেবে। ফলে আবেদনকারীদের হজযাত্রার সমস্যা শেষ পর্যন্ত কী ভাবে মেটে, এখন সেদিকেই নজর।
- More Stories On :
- Calcutta High Court
- SIR
- Haj Pilgrims

