১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আর সেই ঐতিহাসিক দিনটিকেই দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা! এবার নিজের প্রত্যাবর্তনের সম্ভাব্য দিনও জানিয়ে দিলেন তিনি। দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী নয়, বর্তমান তারেক রহমানের সরকারের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ানের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনার দাবি, তাঁকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারেরও।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সইদ মোজাম্মেল আলি জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান হাসিনা। তাঁর কথায়, বাংলাদেশের ইতিহাসে বিজয় দিবসের গুরুত্ব অত্যন্ত বেশি। সেই কারণেই এই বিশেষ দিনটিকে দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন মুজিবকন্যা।
মোজাম্মেল আলির দাবি, ২০২৪ সালের ৫ অগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বিমানেই ঢাকা থেকে দিল্লিতে এসেছিলেন শেখ হাসিনা। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশের সরকারের কাছে বিমান চেয়েছেন তিনি। মুখপাত্রের বক্তব্য, নির্বাসনে যাওয়ার পর সংবিধান ও দেশের পরিস্থিতি অনুযায়ী তাঁকে ফিরিয়ে আনার দায়িত্ব নতুন সরকারের।
তবে হাসিনার দেশে ফেরা নিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে তারেক রহমানের সরকার। সরকারের বক্তব্য, শেখ হাসিনাকে দেশে ফেরানো হলে তাঁকে কোনও অতিথি হিসেবে নয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই ফেরানো হবে। ফলে ১৬ ডিসেম্বর তিনি সত্যিই ঢাকায় ফিরতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, দেশে ফিরলে হাসিনাকে গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে। এমনকি তাঁর বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়াও শুরু হতে পারে। ফলে বিজয় দিবসে তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
এর আগে মনে করা হচ্ছিল, ভারত থেকে সড়কপথে বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা। সম্প্রতি দিল্লিতে থাকা আওয়ামী লীগ নেতাদের বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এবং ত্রিপুরার আখাউড়া সীমান্ত পরিদর্শন সেই জল্পনা আরও বাড়িয়েছিল। কোন পথে ফিরলে নিরাপত্তার ঝুঁকি কম থাকবে, তা নিয়েও দলের নেতাদের মধ্যে আলোচনা চলছিল বলে খবর।
এমনকি দেশে অশান্তি ও বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করার অভিযোগও উঠেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। যদিও সেই জল্পনার মধ্যেই এবার অন্য পরিকল্পনার কথা সামনে এল। সড়কপথে নয়, বাংলাদেশের জাতীয় বিমান সংস্থার উড়ানেই দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা।
তবে ১৬ ডিসেম্বর সত্যিই কি বাংলাদেশের মাটিতে পা রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী? তারেক রহমানের সরকার কি তাঁর ফেরার জন্য বিমান পাঠাবে? নাকি প্রত্যাবর্তনের এই পরিকল্পনা শেষ পর্যন্ত জল্পনাতেই আটকে থাকবে? এখন নজর সেদিকেই।
- More Stories On :
- Sheikh Hasina
- Bangladesh

