পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দারের নাতি মহম্মদ রাজা দার-সহ আট জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলায় অভিযোগ গঠন করল আদালত। দুই বিদেশি মহিলাকে ধর্ষণের অভিযোগে এই মামলা দায়ের হয়েছিল। কয়েক সপ্তাহ আগেই পুলিশ রাজা দারকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল। কিন্তু এ বার আদালতের নির্দেশে তাঁকে-সহ আট জনকেই বিচারের মুখোমুখি হতে হবে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার লাহোরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক রফাকত আলি গোন্ডাল আট অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ গঠন করেন। ওই আট জনই বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করানো হয়। তবে প্রত্যেকেই নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার আদালতের এক আধিকারিক এই তথ্য জানিয়েছেন।
আদালত আগামী ৯ ডিসেম্বর মামলার সাক্ষীদের হাজির করার নির্দেশ দিয়েছে। এর পরেই শুরু হবে মূল বিচারপ্রক্রিয়া।এই মামলায় পুলিশের আগের তদন্তের সঙ্গে আদালতের পদক্ষেপের ফারাক বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। পঞ্জাব পুলিশ এর আগে তদন্তের পর জানিয়েছিল, রাজা দার এবং আরও চার জনের বিরুদ্ধে দুই মহিলাকে যৌন নির্যাতনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। পুলিশের দাবি ছিল, রাজা দারের কর্মচারী তিন ব্যক্তি ওই অপরাধে যুক্ত ছিলেন। তবে আদালত আট জনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছে। মনে রাখতে হবে, অভিযোগ গঠন মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। বিচারপ্রক্রিয়ায় প্রমাণের ভিত্তিতেই তাঁদের দোষ বা নির্দোষ হওয়ার বিষয়টি নির্ধারিত হবে।
মামলার সূত্রপাত নেদারল্যান্ডসের স্টেফানি আদনানা মাউ-আরুন এবং ভেনেজুয়েলার অ্যাস্ট্রিড রবিনসন বারাচোকে ঘিরে। অভিযোগ, ব্যবসায়িক বৈঠকের কথা বলে তাঁদের পাকিস্তানে ডেকে পাঠানো হয়েছিল। পুলিশি তদন্ত অনুযায়ী, ২০২৫ সালে সিঙ্গাপুরে রাজা দারের সঙ্গে ওই দুই মহিলার পরিচয় হয়। তাঁরা তাঁকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। প্রথমে বিনিয়োগ করে লাভও পেয়েছিলেন রাজা দার। পরে তিনি ওই প্রকল্পে পাঁচ লক্ষ ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেন বলে তদন্তে জানা গিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে আর লাভের টাকা বা বিনিয়োগের অর্থ ফেরত পাননি বলে অভিযোগ।
পুলিশের দাবি, সেই আর্থিক বিবাদের মীমাংসার কথা বলে দুই মহিলাকে পাকিস্তানে ডেকে পাঠান রাজা দার। তাঁদের জানানো হয়েছিল, সেখানে অন্য এক বিনিয়োগকারীর সঙ্গে দেখা করানো হবে। জুন মাসে পাকিস্তানে পৌঁছে প্রথমে ইসলামাবাদের একটি হোটেলে ওঠেন ওই দুই মহিলা। পরে তাঁরা মুরিও যান। পুলিশের দাবি, ওই সফরে তাঁরা স্বেচ্ছায় গিয়েছিলেন।
এর পর তাঁদের লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটি এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, সেখানে দুই মহিলাকে আটকে রাখা হয়েছিল এবং বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। তাঁদের দিয়ে জোর করে ১৯ হাজার ৫০০ ডলারও পাঠানো হয় বলে অভিযোগ পুলিশের।
পুলিশের তদন্ত রিপোর্টে আরও দাবি করা হয়েছে, বাড়িটিতে সশস্ত্র লোকজন পাহারা দিচ্ছিল। বন্দুক, ছুরি এবং ভাঙা আয়না দেখিয়ে দুই মহিলাকে হুমকি দেওয়া হয়েছিল। টাকা না দিলে তাঁদের খুন করে দেহের বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ।
তদন্তকারীদের দাবি, পরে ওই দুই মহিলাকে লাহোর বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। সেই সুযোগে তাঁরা পালিয়ে যেতে সক্ষম হন। এরপর তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানান এবং নিজেদের বয়ান রেকর্ড করান। এখন আদালতে আট অভিযুক্তের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষা।
- More Stories On :
- Pakistan
- Deputy PM Grandson
- Gangrape
- Foreigners

