ইতালিতে একের পর এক স্কুলে বোমাতঙ্ক। বিস্ফোরক রাখা রয়েছে বলে হুমকি পাওয়ার পর ৩০০-রও বেশি স্কুলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার দেশের শিক্ষামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। হুমকির জেরে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্কুলগুলিতে তল্লাশিও চালায় পুলিশ।
চলতি নভেম্বরের শুরুতেও একই ধরনের হুমকি পেয়েছিল ইতালির একাধিক স্কুল। ইমেলের মাধ্যমে স্কুলের ভিতরে বিস্ফোরক রাখা রয়েছে বলে জানানো হয়েছিল। এর পরেই আতঙ্ক ছড়ায় বিভিন্ন এলাকায়। লাজিয়ো, ভেনেতো, লম্বার্দি এবং লিগুরিয়া-সহ একাধিক অঞ্চলের স্কুলে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে ঠিক কতগুলি স্কুল থেকে পড়ুয়া ও কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
ইতালির সংবাদমাধ্যম রাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২৭০-রও বেশি স্কুলে হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছিল। এর মধ্যে বেশ কয়েকটি স্কুলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পড়ুয়া ও কর্মীদের বাইরে বের করে আনা হয়। রাজধানী রোমের আটটি স্কুলও এই হুমকির তালিকায় ছিল বলে খবর।
রোমের তুসকোলানো এলাকার একটি প্রাথমিক স্কুলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুলের শিশুদের কাছের একটি পার্কে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। স্কুলের ভিতরে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।
এর মধ্যেই বুধবার, ১১ নভেম্বর, রোমের প্রায় ২০টি স্কুলকে ঘিরে নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি হয়। রোমের প্রিফেকচার জানিয়েছে, এই ঘটনা একটি সাইবার হামলার সঙ্গে যুক্ত। তবে কী ধরনের সাইবার হামলা হয়েছিল এবং এর পিছনে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।
পরপর এমন হুমকির ঘটনায় ইতালির শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে স্কুলগুলিতে সত্যিই বিস্ফোরক রাখা হয়েছিল কি না, সেই বিষয়ে এখনও কোনও প্রমাণ মেলেনি।
- More Stories On :
- Italy
- Bomb Threat

