যুদ্ধ থামার ইঙ্গিত মিললেও ইরানের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই অবস্থায় তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে। দূতাবাসের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশ ছেড়ে ফিরে আসতে হবে।
দূতাবাসের অ্যাডভাইসরিতে বলা হয়েছে, ৭ এপ্রিলের আগের নির্দেশিকা এবং বর্তমান পরিস্থিতি বিচার করে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয়দের পরামর্শ দেওয়া হয়েছে, দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নির্দিষ্ট রুট ব্যবহার করে ইরান ত্যাগ করতে।
একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, দূতাবাসের অনুমতি ছাড়া কেউ যেন আন্তর্জাতিক স্থল সীমান্তের দিকে না যান। কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে সাহায্যের জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।
এর আগে দূতাবাস জানিয়েছিল, ৪৮ ঘণ্টা সবাইকে যেখানে রয়েছেন সেখানেই থাকতে। তবে পরিস্থিতি এখনও অস্থির থাকায় নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারতীয়দের বলা হয়েছে, ইলেকট্রিক বা সামরিক সরঞ্জামের কাছাকাছি না যেতে এবং বহুতলের উপরের তল এড়িয়ে চলতে।
সব মিলিয়ে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

