জম্মু-কাশ্মীরের কুলগামে ফের নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে। বুধবার ভোর থেকে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের মধ্যেই লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার লতিফ ভাটকে ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। তাঁকে আত্মসমর্পণ করাতে এ বার অভিনব পন্থা নিয়েছে পুলিশ। সরাসরি ভিডিয়ো কল করে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়েছে ওই জঙ্গিকে।
পুলিশের এক আধিকারিককে ভিডিয়ো কলে লতিফকে বলতে শোনা যায়, ‘‘আমরা তোমার পাশে আছি।’’ একই সঙ্গে আত্মসমর্পণ না করলে তাঁকে নিকেশ করতে বেশি সময় লাগবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এর আগে সোমবার কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন লতিফের সহযোগী উমর নিসার দার। মঙ্গলবার ওই দু’জনের গতিবিধির সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পুলিশ। সেই ফুটেজে দেখা গিয়েছে, সিআরপিএফের চেকপোস্টে হামলার আগে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নজরদারি চালিয়েছিল তারা।
পুলিশের দাবি, গত ১০ নভেম্বর উমর নিসার দার এবং লতিফ ভাট একসঙ্গে মির বাজার, আখরান, হাবলিশ ও কিলাম এলাকায় গিয়েছিল। নিরাপত্তাবাহিনীর অবস্থান এবং কোথায় হামলা চালানো যায়, তা খতিয়ে দেখতেই তারা ওই এলাকাগুলিতে ঘুরেছিল বলে তদন্তকারীদের অনুমান। এর পরের দিন, অর্থাৎ ১১ নভেম্বর আখরানে সিআরপিএফের চেকপোস্টে হামলা চালিয়ে পালিয়ে যায় তারা।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হামলার পরিকল্পনা করেই ১০ নভেম্বর একাধিক এলাকায় ঘোরাঘুরি করেছিল উমর ও লতিফ। নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালানোর জন্য আগে থেকেই বিভিন্ন জায়গা চিহ্নিত করছিল তারা।
পুলিশের আরও দাবি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই হামলার সঙ্গে জড়িত দু’জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। হামলার আগে তাদের গতিবিধি থেকে শুরু করে হামলার পর পালিয়ে যাওয়ার ছবিও ক্যামেরায় ধরা পড়েছে।
তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বলে জানিয়েছে পুলিশ। উমর নিসার দার নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের সদস্যেরা কুলগাম থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। কিন্তু তদন্তকারীদের দাবি, গত পাঁচ থেকে ছ’মাস ধরে লতিফ ভাটকে আশ্রয় দিয়েছিলেন উমর। তাঁর থাকা এবং প্রয়োজনীয় রসদের ব্যবস্থাও করতেন তিনি। পুলিশের দাবি, তদন্তে এই তথ্য উঠে এসেছে।
কুলগামে একাধিক জঙ্গি হামলার সঙ্গেও লতিফের নাম জড়িয়েছে। পুলিশের অভিযোগ, গত ২২ জুলাই অনন্তনাগে পুলিশের উপর হামলার ঘটনায় তাঁর যোগ ছিল। ওই ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়। শুধু তা-ই নয়, গত ১ অগস্ট কুলগামে দুই পরিযায়ী শ্রমিকের হত্যার পিছনেও লতিফের হাত থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের।
১১ নভেম্বর আখরানে সিআরপিএফের চেকপোস্টে হামলার পর থেকেই কুলগামের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের খোঁজে একাধিক জায়গায় চলছে চিরুনি তল্লাশি। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৫০০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
- More Stories On :
- Kulgam
- Encounter
- Lashkar commander

