শুধু ভারত নয় বিশ্বের আপামর ক্রিকেটপ্রেমীদের জন্য মনখারাপের খবর। ব্যাট হাতে আর আইপিএলের মাঠে দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। দীর্ঘ ১৮ বছরের বর্ণময় আইপিএল কেরিয়ারে ইতি টানলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ চেন্নাই সুপার কিংসের তরফে ধোনির অবসরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করছেন না তিনি। ২০২৭ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে নতুন দায়িত্ব সামলাবেন 'ক্যাপ্টেন কুল'।
২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি। তাঁর নেতৃত্বেই একাধিকবার সাফল্যের শিখরে পৌঁছেছে সিএসকে। পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল দল। শুধু তাই নয়, তাঁর নেতৃত্বে দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতেছে চেন্নাই।
ধোনির অবসরের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ ক্রিকেটমহল। দীর্ঘদিন ধরে চেন্নাই দলের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তাঁর নাম। দলের মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, প্রায় দুই দশক ধরে ধোনির সঙ্গে চেন্নাইয়ের সম্পর্ক অটুট। তাঁর কথায়, ধোনি সবসময়ই চেন্নাইয়ের পরিচয়ের অংশ হয়ে থাকবেন।
উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএলে চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি ৪৫ বছর বয়সি এই ক্রিকেটার। ২০২৫ সালের মরশুমেই শেষবার মাঠে নেমেছিলেন তিনি। গত কয়েক বছর ধরেই তাঁর অবসর নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল।
আন্তর্জাতিক ক্রিকেটকে ২০২০ সালেই বিদায় জানিয়েছিলেন ধোনি। ২০১১ সালের একদিনের বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয়।
খেলোয়াড় হিসেবে আইপিএল অধ্যায় শেষ হলেও চেন্নাইয়ের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না ধোনির। এবার তরুণ ক্রিকেটারদের পথ দেখানোর দায়িত্ব তাঁর কাঁধে। ব্যাট হাতে ছক্কা হাঁকানো নয়, এবার ডাগআউট থেকে দলকে সাফল্যের মন্ত্র শেখাবেন 'থালা'।
আরও পড়ুনঃ ব্যাটিং বিপর্যয়ের ক্ষত ঢাকল বোলারদের দাপট, নিউজিল্যান্ডের মাটিতে আট বছর পর ওয়ানডে সিরিজ জয় ভারতের
- More Stories On :
- Mahendra Singh Dhoni

