মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণে তাঁরা এখানে এসেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার বাজিতপুর চড় এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। ধৃতদের নাম মনিরুল ইসলাম, জিয়াউল রহমান, নুর ইসলাম রুহুলশেখ এবং মনিরুল শেখ। তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
কী উদ্দেশ্যে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের ভারতে আসার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, এই ঘটনার পিছনে কোনও ব্যক্তি বা চক্রের যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলায় একসঙ্গে পাঁচ বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তারের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তাঁদের ভারতে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ধৃতদের হোল্ডিং সেন্টারে পাঠানো হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনার আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ ২০২৭ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনঃ আসন ভাগাভাগি নিয়ে সপা-কংগ্রেসের মধ্যে টানাপোড়েন
- More Stories On :
- Murshidabad News

