কোরিয়ান গেম ও অনলাইন কনটেন্টে আসক্ত ছিল তিন বোন। মোবাইল কেড়ে নেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে তারা। শেষ পর্যন্ত একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নেয় তিন কিশোরী। উত্তর প্রদেশের গাজিয়াবাদের এই ঘটনায় শোরগোল পড়েছে গোটা দেশে। তদন্তে নেমে পুলিশ আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে।
মৃত তিন বোনের নাম নিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতের বিল মেটানোর জন্য বাবা চেতন কুমার মেয়েদের মোবাইল ফোন কেড়ে নিয়ে সেগুলি বিক্রি করে দেন। সেই ঘটনার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল তিন বোন। চেতন কুমার পেশায় স্টক ব্রোকার। তাঁর উপর প্রায় ২ কোটি টাকার ঋণ ছিল। চরম আর্থিক সংকটে দিন কাটছিল পরিবারটির।
ঘটনার দিন রাতে তিন বোন মায়ের মোবাইল ফোন নিয়ে অনলাইন গেম খেলতে এবং কোরিয়ান কনটেন্ট দেখতে চেয়েছিল। কিন্তু কোনও অ্যাপ চালু হচ্ছিল না। কোরিয়ান বন্ধুদের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি তারা। সেই হতাশা থেকেই চরম সিদ্ধান্ত নেয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।
তদন্তে আরও জানা গিয়েছে, তিন বোনের মা আলাদা হলেও বাবা একজনই। নিশিকার মা সুজাতা, প্রাচী ও পাখির মা হিনা। চেতনের আর এক স্ত্রী টিনা। তিনজনই সম্পর্কে আপন বোন। পুলিশ জানিয়েছে, তিন বোনের বাবার সঙ্গে সম্পর্ক ছিল তুলনামূলকভাবে ভালো। উদ্ধার হওয়া সুইসাইড নোটে বাবার নাম থাকলেও কোনও মায়ের নাম উল্লেখ নেই।
পুলিশ ইতিমধ্যেই বিক্রি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধারের চেষ্টা শুরু করেছে। সেই কারণে আইএমইআই নম্বর ট্র্যাক করা হচ্ছে। এদিকে তদন্তে আরও একটি পুরনো ঘটনার খোঁজ মিলেছে। জানা গিয়েছে, এই তিন বোনকে বিয়ে করার আগে চেতন কুমার এক মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। ২০১৫ সালে সেই মহিলা রহস্যজনকভাবে ছাদ থেকে পড়ে মারা যান। সে সময় ঘটনাটিকে আত্মহত্যা বলে ধরে নিয়ে মামলা বন্ধ করা হয়েছিল। নতুন করে সেই ঘটনার দিকেও নজর দিচ্ছে পুলিশ।

