লাদাখের কাছে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প! কেঁপে উঠল জম্মু-কাশ্মীরও
চিনের জিনজিয়াং অঞ্চলে লাদাখ সীমান্তের কাছে গভীর রাতে ভূমিকম্প। বৃহস্পতিবার রাতের এই কম্পনের জেরে লাদাখ এবং জম্মু-কাশ্মীরের কয়েকটি এলাকায়ও কাঁপুনি অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।জাতীয় ভূকম্পন কেন্দ্রের এক্সে করা পোস্ট অনুযায়ী, ৫ নভেম্বর রাত ১০টা ২৬ মিনিটে ভূমিকম্পটি হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬৪ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। চিনের জিনজিয়াং অঞ্চলে ৩৫.৫৮৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.১৩০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূমিকম্পের কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।এই ভূমিকম্পে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির নিশ্চিত খবর পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।এর কয়েক সপ্তাহ আগেই চিনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। চিনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, সেই ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয় এবং ৩২ জন আহত হন। ভেঙে পড়ে ৩০০-রও বেশি বাড়ি। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছিল। উদ্ধার ও ত্রাণের কাজ শুরু করে প্রশাসন।সেই ভূমিকম্পের কেন্দ্র ছিল তিব্বতের বাচেন জেলার মারু এলাকা। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছিল বলে জানা যায়। চিনের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলির মধ্যে অন্যতম তিব্বত। ২০২৫ সালের জানুয়ারিতেও তিব্বতের তিংরি জেলায় ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছিল।

