চিকিৎসাধীন এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে সিকিম থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা হয়েছিল একটি পরিবার। কিন্তু সেই যাত্রাই শেষ পর্যন্ত পরিণত হল মর্মান্তিক দুর্ঘটনায়। দু’দিন নিখোঁজ থাকার পর রবিবার তিস্তা নদী থেকে উদ্ধার করা হল তাঁদের গাড়ি। গাড়ির ভিতর থেকেই উদ্ধার হয়েছে পাঁচ বছরের এক শিশুসহ একই পরিবারের চার সদস্যের দেহ।
মৃতদের নাম সব্য নিউপানে, স্মরিকা নিউপানে, টিকা মায়া দাহাল এবং পাঁচ বছরের দিত্য ছেত্রী। প্রাথমিক তদন্তে অনুমান, প্রবল বৃষ্টির জেরে ধস নামায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার গভীর খাদে পড়ে যায়।
পরিবারটি শুক্রবার নিজেদের গাড়িতে করে সিকিম থেকে শিলিগুড়ির দিকে আসছিল। পথে রোম্বি এবং বাঘপুলের মাঝামাঝি ভেলাবাড়ি এলাকায় বিকেলের দিকে পরিবারের সদস্যদের সঙ্গে শেষবার ফোনে কথা হয়েছিল তাঁদের। এরপর থেকেই মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। পাহাড়ি ঝরনাগুলিও ফুলেফেঁপে উঠেছিল। স্থানীয়দের ধারণা, সেই সময় আচমকা ধস নেমে আসায় গাড়িটি রাস্তা থেকে ছিটকে তিস্তার খাদে পড়ে যায়।
পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় শুক্রবার রাত থেকেই উদ্বেগ বাড়তে শুরু করে। আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার সকাল থেকে শুরু হয় তল্লাশি অভিযান। পশ্চিমবঙ্গ পুলিশ, সিকিম প্রশাসন এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজে নামে।
ডেপুটি কমান্ড্যান্ট সঞ্জয় রঞ্জনের নেতৃত্বে নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। অনুসন্ধানের সময় নদীর ধারে গাড়ির ব্যাটারি এবং কিছু ভাঙা অংশ উদ্ধার হয়। তাতেই দুর্ঘটনার আশঙ্কা আরও জোরালো হয়ে ওঠে। পরে নদীগর্ভে তল্লাশি চালিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির সন্ধান পাওয়া যায়।
রবিবার সকালে ফের উদ্ধার অভিযান শুরু করা হয়। ডুবুরিদের নামানো হয় নদীতে। শেষ পর্যন্ত কালীবাড়ি এলাকার সামনে নদীর তলা থেকে গাড়িটি উদ্ধার করা হয়। গাড়ির ভিতরেই পাওয়া যায় চার জনের দেহ।
উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলা দলের কমান্ড্যান্ট অজয় কুমার জানিয়েছেন, শনিবার থেকে টানা তল্লাশি চলছিল। রাতে অভিযান স্থগিত রাখা হলেও রবিবার সকালে আবার উদ্ধারকাজ শুরু হয়। ডুবুরিদের সাহায্যে গাড়ি এবং মৃতদেহগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। একটি সাধারণ সফর যে এমন ভয়াবহ পরিণতি ডেকে আনবে, তা কেউ কল্পনাও করতে পারেননি।
- More Stories On :
- Teesta River
- Car Recover
- Deadbody

