কালীপুজোর আগেই বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। শনিবার থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে সকাল ও সন্ধ্যায় আবহাওয়া থাকবে বেশ মনোরম। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজও অনুভূত হতে পারে। তবে স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না। কালীপুজো মিটতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি অসমের ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে সংলগ্ন বাংলাদেশেও। এই দুইয়ের প্রভাবে সপ্তাহের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।রবিবার কালীপুজোর দিন পর্যন্ত মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। তবে সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।অন্য দিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জায়গায় দমকা হাওয়াও বইতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।এ দিকে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত তাপমাত্রা কমার কারণে সকাল ও রাতের দিকে শীতের আমেজ বাড়বে। আবহবিদদের মতে, ঘূর্ণাবর্তের প্রভাব কেটে গেলে রাজ্যে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।