তৃণমূলের নির্বাচনী বিপর্যয়ের পর রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। তবে বাগদানের খবর প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় তিনি। দেবাংশুর হবু স্ত্রী মেঘনাকে নিয়েও সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে তাঁর পুরনো সম্পর্ক নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অবশেষে সেই সব চর্চার জবাব দিলেন মেঘনা। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে নিজের অতীত এবং দেবাংশুর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি।মেঘনা জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় আগে পারস্পরিক সম্মতিতে প্রাক্তন সঙ্গীর সঙ্গে সম্পর্ক শেষ করেছিলেন তিনি। দুজনেই একে অপরের প্রতি সম্মান রেখেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। দেবাংশু সম্পর্কে মেঘনার বক্তব্য, তিনি তাঁর বহু দিনের বন্ধু। জীবনের নানা ওঠাপড়ায় পাশে থেকেছেন। এমনকি নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তাল ছিল, সেই কঠিন সময়েও দেবাংশুর পাশে ছিলেন তিনি।কেন নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছিলেন, সেই বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন মেঘনা। তাঁর কথায়, অন্য সকলের মতো তাঁরও অতীত রয়েছে। সেই অতীতের দায় তিনি নিজেই নিতে চান। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যেভাবে আলোচনা চলছে, তাতে তিনি মানসিক ভাবে ক্লান্ত এবং বিরক্ত। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে দূরে থাকতেই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।পোস্টের শেষে সকলের কাছে ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছেন দেবাংশুর হবু স্ত্রী। মেঘনার কথায়, সকলের গোপনীয়তাকে সম্মান করুন। নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে দিন। আর যদি তা না পারেন, তবে দয়া করে এড়িয়ে যান।উল্লেখ্য, দেবাংশুর হবু স্ত্রী মেঘনা উত্তরপাড়ার বাসিন্দা। প্রায় পাঁচ বছর আগে তাঁদের পরিচয় হয়। সেই সময় বিমানসেবিকা হিসাবে কাজ করতেন মেঘনা। পরে অন্য চাকরির সূত্রে কয়েক বছর দুবাইয়ে ছিলেন তিনি। প্রায় এক বছর আগে কলকাতায় ফেরেন। তার পরেই দেবাংশুর সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়।রবিবার ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে দেবাংশু ও মেঘনার আশীর্বাদ পর্ব। অনুষ্ঠানে ছিল বাঙালি খাবারের আয়োজন। দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতেই হয়েছে এই অনুষ্ঠান। আগামী ফেব্রুয়ারিতে সামাজিক মতে বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁদের। তবে বাগদানের পর ব্যক্তিগত জীবন নিয়ে যে ভাবে আলোচনা শুরু হয়েছে, তা নিয়েই এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন মেঘনা।