ঘুম থেকে ওঠার পর প্রথমেই মোবাইল দেখা, কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, রাতে ঘুমোতে যাওয়ার আগে ভিডিও দেখা, স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দিনের বেশিরভাগ সময় ফোনের পর্দায় চোখ আটকে থাকলে শরীরের উপর কী প্রভাব পড়তে পারে, তা কি ভেবে দেখেছেন?
চোখের উপর কী প্রভাব পড়ে?
দীর্ঘক্ষণ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখে ক্লান্তি, শুষ্কভাব, জ্বালা, ঝাপসা দেখা এবং মাথাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। স্ক্রিন দেখার সময় স্বাভাবিকের তুলনায় চোখের পলক কম পড়ে। ফলে চোখের আর্দ্রতা কমে অস্বস্তি তৈরি হতে পারে। তবে শুধু মোবাইল ব্যবহারের কারণে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট হয়, এমন প্রমাণ নেই।
ঘুমের উপর কী প্রভাব পড়ে?
রাতে ঘুমোতে যাওয়ার আগে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে ঘুম আসতে দেরি হতে পারে। স্ক্রিনের আলো শরীরের স্বাভাবিক ঘুম-জাগরণের ছন্দে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া, গেম বা উত্তেজনাপূর্ণ ভিডিও দেখার কারণে মস্তিষ্ক সক্রিয় থাকে। ফলে ঘুমের সময় ও গুণমান, দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে।
কীভাবে কমাবেন ক্ষতি?
১. প্রতি ২০ মিনিট অন্তর অন্তত ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনও বস্তুর দিকে তাকান। এটি ২০-২০-২০ নিয়ম নামে পরিচিত।
২. ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে মোবাইল ব্যবহার বন্ধ রাখার চেষ্টা করুন।
৩. প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে নিন।
৪. মোবাইল ব্যবহারের সময় চোখের পলক ফেলার দিকে নজর রাখুন।
৫. অন্ধকার ঘরে দীর্ঘক্ষণ উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না।
চোখে দীর্ঘদিন অস্বস্তি, ঝাপসা দেখা বা ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, প্রযুক্তি আমাদের জীবন সহজ করার জন্য, তার দাস হয়ে পড়ার জন্য নয়।
আরও পড়ুনঃ ঠান্ডায় বন্ধ থাকবে AC? মেশিন ভালো রাখতে শীতের আগে ও পরে কী কী করবেন?
- More Stories On :
- Smartphone
- Mobile

