লিভ-ইন সঙ্গীর সঙ্গে অশান্তির জেরেই কি খুন? কালীপুজোর আগের রাতে গড়িয়ার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। অভিযোগ, ধারালো ছুরি দিয়ে প্রেমিকের ঘাড়ে কোপ মেরেছেন তাঁর লিভ-ইন সঙ্গী। এই ঘটনায় প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, খুনের ঘটনায় তাঁর মায়ের যোগ থাকতে পারে বলে সন্দেহ। সেই কারণে তাঁকেও গ্রেফতার করা হয়েছে। মৃত যুবকের নাম সার্থক সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সার্থক উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা। গড়িয়ার ফরতাবাদ এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রেমিকা সঞ্চালিকা বসুর সঙ্গে থাকতেন তিনি। দু’জনের মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত বলে স্থানীয় সূত্রে খবর।
শনিবার রাতেও দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ, সেই সময় ধারালো ছুরি দিয়ে সার্থকের ঘাড়ে কোপ মারেন সঞ্চালিকা। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যুবক। রক্তে ভেসে যায় ঘরের মেঝে। ঘটনার কথা জানতে পেরে স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছে সার্থকের।
খবর পেয়ে হাসপাতালে এবং ফরতাবাদের ওই ফ্ল্যাটে পৌঁছয় গড়িয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, যে ছুরি দিয়ে কোপ মারা হয়েছিল বলে অভিযোগ, সেটিও উদ্ধার করেছেন তদন্তকারীরা।
এই ঘটনায় সঞ্চালিকাকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি তাঁর মা মৌমিতা বসুকেও গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, এই ঘটনায় তাঁর মায়েরও ভূমিকা থাকতে পারে। তবে ঠিক কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার সময় তাঁর ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
সার্থকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সার্থক ও সঞ্চালিকার মধ্যে প্রায়ই ঝগড়া হত। তবে শুধুমাত্র সম্পর্কের অশান্তি থেকেই এই ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
কী কারণে এই ঘটনা ঘটল? ঘটনার সময় ফ্ল্যাটে আর কেউ উপস্থিত ছিলেন কি না? সঞ্চালিকার মায়ের ভূমিকা কী? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পুরো বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ।
- More Stories On :
- Garia
- Live in Partner
- Murder

