চাল, ডাল, আলু, পেঁয়াজ থেকে সরষের তেল ও চিনিনিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমেই বাড়ছে। বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে আনতে তৎপর হল রাজ্য সরকার। মঙ্গলবার কৃষি বিপণন দফতরের আধিকারিক এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।অকাল ঝড়-বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় ফসলের ক্ষতি হয়েছে। তার প্রভাব পড়েছে বাজারেও। বিশেষ করে শাকসবজির দাম বেড়েছে অনেকটাই। তবে শুধু সবজি নয়, চাল, নুন, চিনি-সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়েছে। সরষের তেলের দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কেন একের পর এক জিনিসের দাম বাড়ছে, তা জানতে চান তিনি।মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের সদস্য এবং কৃষি বিপণন দফতরের আধিকারিকেরা। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সব সময় ব্যবসায়ীদের পাশে রয়েছে। তাঁদের প্রয়োজনীয় সাহায্যও করা হচ্ছে। তা সত্ত্বেও সাধারণ মানুষ কেন তার সুফল পাচ্ছেন না, সেই প্রশ্ন তোলেন তিনি। এরপরই বাজারদর নিয়ন্ত্রণে দফতরের আধিকারিকদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।সূত্রের খবর, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে একাধিক পদক্ষেপের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রতি সপ্তাহে বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠক করতে হবে দফতরের আধিকারিকদের। বাজারে কোন জিনিসের দাম কত, কেন দাম বাড়ছে, কোথায় সমস্যা তৈরি হচ্ছে, তা নিয়মিত খতিয়ে দেখতে হবে। পাশাপাশি ব্যবসায়ী ও আধিকারিকদের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে একটি হোয়াটসঅ্যাপ গোষ্ঠী তৈরির নির্দেশও দিয়েছেন তিনি। প্রয়োজনে ওই গোষ্ঠীর মাধ্যমে দ্রুত সমস্যার কথা জানাতে পারবেন ব্যবসায়ীরা।শুধু বৈঠক বা নজরদারি নয়, বাজারদর নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেও উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে বিভিন্ন বাজারে সচেতনতা শিবির আয়োজনের কথাও বলা হয়েছে। টাস্ক ফোর্সকে বাজারে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে এবং কেন দাম বাড়ছে, তা খুঁজে বের করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।উল্লেখ্য, গত কয়েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ থেকে শুরু করে শাকসবজিপ্রায় সব ক্ষেত্রেই দামের ওঠানামা দেখা যাচ্ছে। তার সঙ্গে জ্বালানি ও ওষুধের খরচও সংসারের বাজেটে বাড়তি চাপ তৈরি করছে। ফলে মাসের শেষে আয়-ব্যয়ের হিসাব মেলাতে সমস্যায় পড়ছেন বহু পরিবার।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে শুধু নির্দেশ বা বৈঠকেই বাজারদর কমবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। শেষ পর্যন্ত সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে কতটা স্বস্তি পান, এখন সেটাই দেখার।