শনিবার ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্যচুক্তির কাঠামো ঘোষণা হতেই হঠাৎই আলোচনার কেন্দ্রে চলে এল একটি মানচিত্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে প্রকাশিত ওই মানচিত্রে গোটা ভারতীয় ভূখণ্ডকে একসঙ্গে দেখানো হয়েছে। সেখানে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানের অবৈধ দখলে থাকা পাক অধিকৃত কাশ্মীরও মানচিত্রে ভারতের অংশ হিসেবেই রয়েছে।
এতেই শেষ নয়। ওই মানচিত্রে আকসাই চিনকেও ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই অঞ্চলকে চিন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। যদিও ভারত বরাবরই জানিয়েছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সে ক্ষেত্রে ভারতের সার্বভৌমত্ব প্রমাণের জন্য আমেরিকার স্বীকৃতির প্রয়োজন নেই। তবুও কূটনৈতিক মহলের মতে, এই মানচিত্র আমেরিকার আগের অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এর আগে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা বিভিন্ন মার্কিন সংস্থার প্রকাশিত মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরকে আলাদা করে দেখানো হতো। তাতে পাকিস্তানের দাবির প্রতিফলন থাকত। কিন্তু ট্রাম্প প্রশাসনের সর্বশেষ মানচিত্রে সেই বিভাজন আর নেই। ফলে অনেকেরই মত, এতে পাকিস্তানের দাবিকে কার্যত উপেক্ষা করা হয়েছে।
সময়টাও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক সময়ে ভারত ও আমেরিকার সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছিল। বাণিজ্যচুক্তি নিয়ে অচলাবস্থার মধ্যে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপান, যা ছিল আমেরিকার মিত্র দেশগুলির মধ্যে সর্বোচ্চ। পরে আলোচনার মাধ্যমে সেই শুল্ক কমে ১৮ শতাংশে নেমেছে, যা এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে কম।
একই সঙ্গে ট্রাম্প আবার ভারত ও পাকিস্তানকে একসঙ্গে দেখার পুরনো নীতি ফিরিয়ে আনতে চেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। কিন্তু এই মানচিত্র প্রকাশের পর সেই অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। কূটনৈতিক মহলের মতে, এই পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন ভারতের দাবির দিকেই কিছুটা ঝুঁকছে।
এই ঘটনায় প্রতিক্রিয়া দেখা গেছে সোশ্যাল মিডিয়াতেও। প্রাক্তন সেনা আধিকারিক এবং প্রতিরক্ষা বিশ্লেষকরা আমেরিকার এই পদক্ষেপের প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, এটি পাকিস্তানের জন্য বড় কূটনৈতিক ধাক্কা। উল্লেখ্য, গত কয়েক মাসে পাক সেনাপ্রধান আসিম মুনির একাধিকবার আমেরিকা সফর করেছেন এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেছেন। কিন্তু তাতেও যে বিশেষ লাভ হয়নি, এই মানচিত্র প্রকাশের ঘটনায় তা স্পষ্ট বলে মনে করছেন অনেকে।
এদিকে, আসন্ন অন্তর্বর্তী বাণিজ্যচুক্তি ভারতের রফতানিকারকদের জন্য স্বস্তি নিয়ে আসছে। ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা, ওষুধ, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশে ছাড় আদায় করতে পেরেছে ভারত। তবে কৃষি ও দুগ্ধজাত পণ্যে নিজেদের অবস্থানে অনড় থেকেছে নয়াদিল্লি।
এই মানচিত্র কি আমেরিকার নীতিগত পরিবর্তনের ইঙ্গিত, না কি সাময়িক কূটনৈতিক বার্তা— তা নিয়ে বিতর্ক থাকলেও একথা স্পষ্ট, এই ঘটনায় আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান আরও জোরালো হল বলেই মনে করছে কূটনৈতিক মহল।
- More Stories On :
- India-US Trade Deal
- Indian Map
- POK

