শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। আওয়ামি লিগের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছে। কোথাও অগ্নিসংযোগ, কোথাও ভাঙচুর, আবার কোথাও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নাম না করে ভারতের দিকে আঙুল তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মন্তব্য, সীমান্তের ওপারের যে দেশে আওয়ামি লিগের নেতারা আশ্রয় নিয়েছেন, সেই দেশই তাঁদের প্রভু। তারেকের এই মন্তব্যের পরেই প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।বৃহস্পতিবার লালমনিরহাটে একটি জনসভায় বক্তব্য রাখছিলেন তারেক। সেখানে আওয়ামি লিগের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, তাঁরা বাংলাদেশের মানুষের স্বার্থের কথা ভাবেননি। তাঁর কথায়, সীমান্তের ওপারে যে দেশে তাঁরা আশ্রয় নিয়েছেন, সেই দেশটিই এখন তাঁদের প্রভু। সেই প্রভুদের খুশি করতে তাঁরা আবারও বাংলাদেশ ও তার জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি সরাসরি ভারতের নাম না করলেও, তাঁর বক্তব্যে নয়াদিল্লির দিকেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।তারেকের এই মন্তব্য নিয়ে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের কোনও মন্তব্য নেই। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং মানুষের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের উপর সেই বন্ধুত্বের ভিত্তি তৈরি হয়েছে বলেও জানান তিনি।শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে ঘিরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। ২০২৪ সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথি চেয়ে আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা। সেই আবেদন ঘিরে বাংলাদেশে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। হাসিনার দল আওয়ামি লিগের কর্মসূচির পর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অশান্তির ঘটনা ঘটেছে।গত কয়েক দিনে গোপালগঞ্জ-সহ একাধিক এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং হামলার খবর সামনে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক নেতা-কর্মীদের বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন। এই অশান্তির জন্য আওয়ামি লিগের নেতা-কর্মীদের দায়ী করছে বাংলাদেশের সরকার। অন্য দিকে, তারেকের মন্তব্যে ভারতের প্রসঙ্গ উঠে আসায় দুই দেশের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে নয়াদিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সরাসরি বিতর্কে না গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অবস্থানই তুলে ধরেছে।