২ নভেম্বর বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন। প্রতি বছর এই দিনটিতে মুম্বইয়ের মন্নতের বাইরে ভিড় জমান হাজার হাজার অনুরাগী। প্রিয় তারকাকে এক ঝলক দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তাঁরা। কিন্তু এ বার মন্নতে সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। তাই পরিবার নিয়ে আপাতত মুম্বইয়ের পালি হিলের একটি বিলাসবহুল আবাসনে রয়েছেন শাহরুখ। ফলে জন্মদিনে মন্নতের ছাদে দাঁড়িয়ে তাঁর চেনা ভঙ্গিতে ভক্তদের শুভেচ্ছা জানানোর সুযোগ ছিল না। তবে অনুরাগীদের নিরাশ করেননি কিং খান। ভোররাতে একটি বিলাসবহুল হোটেলের বাইরে ভক্তদের দিকে হাত নেড়ে এবং উড়ন্ত চুমু ছুড়ে ভালোবাসা জানালেন তিনি।
জানা গিয়েছে, পরিবারের সঙ্গে মধ্যরাতে জন্মদিন উদ্যাপন করেন শাহরুখ। মুম্বইয়ের তাজ হোটেলে ভোররাত পর্যন্ত চলে পার্টি। হোটেলের বাইরে শাহরুখের বিলাসবহুল গাড়ি দেখতে পেয়েই সেখানে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। পরে গাড়িতে ওঠার আগে তাঁদের দিকে হাত নাড়েন অভিনেতা। তার পরেই ভক্তদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। সেই মুহূর্তের একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জন্মদিনের পার্টিতে শাহরুখের পোশাক ছিল বেশ সাধারণ। তাঁকে শুভেচ্ছা জানাতে সলমন খানও এসেছিলেন বলে খবর। তবে এ বারের জন্মদিনে মন্নতের বাইরে থেকেও ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন অভিনেতা। বাড়ির বাইরে একটি বড় বিজ্ঞাপনফলকে তাঁর স্বাক্ষর করা হাতে লেখা বার্তা দেখা যায়। সেখানে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানান শাহরুখ। লেখেন, “আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকেও আপনাদের প্রত্যেকের জন্য রইল অফুরন্ত ভালোবাসা।” শেষে তিনি লেখেন, “অনেক ভালোবাসা ও একরাশ আলিঙ্গন।”
শাহরুখের জন্মদিনের আনন্দ অবশ্য শুধু মুম্বইয়ে সীমাবদ্ধ থাকেনি। হাজার হাজার কিলোমিটার দূরে দুবাইয়েও বিশেষ আয়োজন করা হয়। আলোয় ঝলমল করে ওঠে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফা। সেখানে ফুটে ওঠে শাহরুখ খানের বিশাল ছবি। পাশাপাশি দেখা যায় জন্মদিনের শুভেচ্ছাবার্তা, ‘উই লাভ ইউ এসআরকে’। অর্থাৎ, ‘আমরা তোমাকে ভালোবাসি এসআরকে’।
দুবাইয়ের বিখ্যাত দুবাই ফাউন্টেনেও আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনীর। শাহরুখের জনপ্রিয় ছবির গান বাজিয়ে উদ্যাপন করা হয় তাঁর জন্মদিন। ‘ওম শান্তি ওম’ এবং ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’-র গানে জমে ওঠে অনুষ্ঠান। অন্য দিকে, শাহরুখকে সম্মান জানাতে আলোয় সাজিয়ে তোলা হয় মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কও।
মন্নতের চেনা ছাদে এ বার দেখা না মিললেও ভক্তদের প্রতি শাহরুখের ভালোবাসায় কোনও খামতি ছিল না। মুম্বই থেকে দুবাই, জন্মদিনে দেশ-বিদেশের অনুরাগীদের উচ্ছ্বাসেই আরও এক বার স্পষ্ট হল বলিউড বাদশার জনপ্রিয়তা।
- More Stories On :
- Shah Rukh Khan
- Birthday
- Mannat
- Burj Khalifa

