রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এ বার কলকাতার নন্দনেও বড় পরিবর্তন। চলচ্চিত্র উৎসবের আগে নন্দন চত্বর থেকে সরাসরি সরানো হয়নি, তবে রং করে ঢেকে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা একটি ফলক। অন্য দিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামাঙ্কিত ফলকটি এখনও অক্ষত রয়েছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
১৯৮০ সালে নন্দনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এর পাঁচ বছর পরে, ১৯৮৫ সালে নন্দনের উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। দীর্ঘ দিন ধরেই নন্দন বাংলার চলচ্চিত্র ও সংস্কৃতিচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।
এর পর রাজ্যে ক্ষমতার পরিবর্তন হলে নন্দন-সহ বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা ফলক বসানো হয়েছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। সেই রাজনৈতিক পরিবর্তনের আবহেই এ বার নন্দনে মমতার নাম লেখা ফলকে রং করে দেওয়ার ঘটনা সামনে এল। তবে জ্যোতি বসুর নাম লেখা ফলকটি সরানো হয়নি।
ঘটনাটির রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে চলচ্চিত্র উৎসবের প্রস্তুতির মধ্যে। এ দিনই নবান্নে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো প্রকাশ করা হয়। এ বারের লোগোয় আগের নীল, সাদা ও কালোর পাশাপাশি গেরুয়া রংও দেখা গিয়েছে। একই দিনে নন্দনে মমতার নাম লেখা ফলকে রং দেওয়ার ঘটনা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
এই বিষয়ে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, “এখন আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখতে চান?” অন্য দিকে, তৃণমূলের মুখপাত্র উপসনা চৌধুরী এই ঘটনার সমালোচনা করেছেন। তাঁর দাবি, “এখন স্বৈরাচারী সরকার চলছে। মুখ্যমন্ত্রী আসলে ব্যস্ত হয়ে পড়েছেন গত ১৫ বছরের রাজ্যে কী কী হয়েছে।”
নন্দনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা ফলকে রং দেওয়ার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে। কেন ওই ফলকে রং করা হল, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।
- More Stories On :
- Nandan
- Mamata Banerjee
- Name plaque

