ভোটের আগে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল শীর্ষ আদালত। সাত এপ্রিলের মধ্যে বিবেচনাধীন সমস্ত ভোটারের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়।
প্রধান বিচারপতি জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে তাঁরা একটি চিঠি পেয়েছেন। সেখানে জানানো হয়েছে, ইতিমধ্যেই বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি হয়েছে এবং প্রতিদিন লক্ষাধিক মামলার সমাধান করা হচ্ছে। সেই কাজ সাত এপ্রিলের মধ্যেই শেষ হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
শুনানির সময় আদালত জানিয়ে দেয়, বিচারকার্যে যুক্ত আধিকারিকদের সম্মানিক অর্থ, যাতায়াত ও অন্যান্য খরচ নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। কমিশনের আইনজীবী ডি এস নাইডু আদালতকে জানান, এই বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই ট্রাইবুনালের কাজ শুরু হবে।
এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, প্রাক্তন বিচারপতিদের কেন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর উত্তরে আদালত স্পষ্ট জানায়, এটি প্রশিক্ষণ নয়, বরং কীভাবে নথি যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে তার একটি প্রক্রিয়া বোঝানো হচ্ছে। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, বিচারকদের নিরপেক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই এবং কমিশনের আধিকারিকদের হস্তক্ষেপ নিয়ে উদ্বিগ্ন হওয়ারও কারণ নেই।
আদালত আরও জানায়, কোনও আবেদনকারীর নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কারণ উল্লেখ করতে হবে। সফটওয়্যারে সেই সুযোগ রয়েছে এবং প্রত্যেক ক্ষেত্রে তা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানির সময় ভোটাধিকার নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করে আদালত। জানানো হয়, কোনও ব্যক্তি এই নির্বাচনে ভোট দিতে না পারলেও তার ভোটাধিকার চিরতরে চলে যায় না। পরে আপিলের মাধ্যমে নাম যুক্ত বা বাদ দেওয়ার সুযোগ থাকবে।
এদিন আদালতে বিপুল পরিমাণ ফর্ম জমা পড়ার বিষয়েও প্রশ্ন ওঠে। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও হঠাৎ করে প্রচুর আবেদন জমা পড়ছে। তবে আদালত অনুমানের ভিত্তিতে কোনও মন্তব্য না করার পরামর্শ দেয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে কেউ আবেদন করতে পারেন এবং তা আটকানো যায় না।
আদালত জানিয়ে দেয়, নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা আবেদন করবেন, তাঁদের নাম বিবেচনা করা হবে। তবে নির্দিষ্ট সময়সীমার পরে আবেদন করলে নাম তালিকায় উঠতে পারে, কিন্তু সেই নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থাকবে না।
সব দিক বিবেচনা করে আদালত জানায়, সাত এপ্রিলের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ হবে। সেই অনুযায়ী পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই নির্দেশের ফলে ভোটার তালিকা নিয়ে চলা অনিশ্চয়তা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে।
- More Stories On :
- Supreme Court
- Voter List,

