চাকরির সুযোগ-সুবিধা নিয়ে বারবার আবেদন জানাচ্ছেন বিচার বিভাগের আধিকারিকেরা। তাঁদের এই আচরণে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বিচারকদের একাংশের আচরণে নিয়মানুবর্তিতার অভাব রয়েছে বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তাঁর প্রশ্ন, আদালতে কাজ না করে বারবার সুযোগ-সুবিধার দাবি জানানো হচ্ছে কেন?
সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে কেরলের জেলা আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। আইনজীবীদের জন্য নির্দিষ্ট কোটায় সরাসরি জেলা বিচারক নিয়োগের নিয়ম নিয়ে এই মামলা। সেই শুনানিতেই বিচার বিভাগের আধিকারিকদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি।
সংবিধানের ২৩৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনও আইনজীবী সরাসরি জেলা বিচারক পদে নিয়োগের জন্য আবেদন করতে চাইলে তাঁকে অন্তত সাত বছর আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে হবে। পাশাপাশি, হাই কোর্টের সুপারিশের ভিত্তিতেই তাঁর নাম নিয়োগের জন্য পাঠানো যায়। এই মামলার মূল প্রশ্ন, কোনও বিচারবিভাগীয় আধিকারিক আগে আইনজীবী হিসেবে কাজ করে থাকলে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি কি আইনজীবীদের জন্য নির্দিষ্ট কোটায় জেলা বিচারক পদে নিয়োগের আবেদন করতে পারবেন?
শুনানি চলাকালীন বিচার বিভাগের আধিকারিকদের আচরণ এবং তাঁদের একের পর এক দাবি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বিচারবিভাগীয় আধিকারিকেরা আজকাল নানা বিষয়ে বারবার আবেদন জানাচ্ছেন। তাঁদের বক্তব্য, বিভিন্ন সুযোগ-সুবিধা অনুমোদন করতে হবে। প্রধান বিচারপতির প্রশ্ন, তাঁরা আদালতে কাজ করছেন না কেন?
প্রধান বিচারপতি আরও বলেন, আদালত কী ভাবে কাজ করে, বিচারকেরা সারা দিনে কতগুলি মামলা নিষ্পত্তি করেন, সে সম্পর্কে সুপ্রিম কোর্টের স্পষ্ট ধারণা রয়েছে। তাঁর কথায়, শুধু একের পর এক আবেদন জমা দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কেউ কেউ যেন নিজের ঘরে বসে কফি খাচ্ছেন, আর আদালতে কী হচ্ছে, তা নিয়ে শীর্ষ আদালতের কোনও ধারণা নেই—বিষয়টি মোটেও তেমন নয়। বিচার বিভাগের আধিকারিকদের মধ্যে শৃঙ্খলার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিচারকদের একাংশের বিরুদ্ধে চাকরির সুযোগ-সুবিধা নিয়ে লাগাতার দাবি জানানোর অভিযোগও তোলেন প্রধান বিচারপতি। বয়সসীমা বাড়ানো থেকে শুরু করে বিভিন্ন সুযোগ-সুবিধা মঞ্জুর করার দাবি নিয়ে তাঁরা সব সময় ব্যস্ত থাকছেন বলে মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতির বক্তব্য, বিচার বিভাগের আধিকারিকদের সব সময় নিজেদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিয়ে চিন্তা না করে আদালতের কাজের দিকেও মন দেওয়া উচিত।
- More Stories On :
- Supreme Court
- Chief Justice,

