এক যুগ আগে ‘ব্লু হোয়েল’ খেলার আতঙ্কে কেঁপে উঠেছিল দেশ। সেই স্মৃতিই যেন ফের ফিরে এল গাজিয়াবাদে। গভীর রাতে বহুতলের দশতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হল তিন কিশোরী বোনের। বয়স যথাক্রমে ১২, ১৪ ও ১৬ বছর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিন জনই আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, যা ঘিরে চাঞ্চল্য আরও বেড়েছে।
মেয়েদের বাবা চেতন কুমার শোকে ভেঙে পড়েছেন। সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, মেয়েরা যে কোনও বিপজ্জনক অনলাইন গেমে জড়িয়ে পড়েছিল, তা তাঁরা কেউই বুঝতে পারেননি। চেতন বলেন, মেয়েরা একটি কোরিয়ান অনলাইন গেম খেলত। পরিবারের কাউকে কিছুই জানায়নি তারা। তাঁর দাবি, ওই দিন ছিল গেমের ‘ফাইনাল টাস্ক’। কিন্তু কী চলছিল মেয়েদের জীবনে, তা তাঁরা বুঝতেই পারেননি।
ঘটনার পর গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। পুলিশ জানাচ্ছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে, খুব ছোট একটি মই ব্যবহার করে ওই কিশোরীরা বারান্দায় পৌঁছেছিল। পুলিশের অনুমান, গেম থেকেই হয়তো এমন নির্দেশ দেওয়া হয়েছিল। এক আধিকারিক জানান, এটি নিছক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।
এক প্রতিবেশীর দাবি, গভীর রাতে তিনি দেখেছিলেন তিন কিশোরী বারান্দার রেলিংয়ের উপর বসে পা ঝুলিয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা নিচে পড়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে খবর দেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন।
উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘সত্যি জীবনকাহিনি’। তার নিচে লেখা, ‘এই ডায়েরিতে যা লিখেছি সব সত্যি। পড়ে নিও। আমি সত্যিই দুঃখিত। সরি পাপা।’ পাশে পেন দিয়ে আঁকা রয়েছে কান্নার একটি চিহ্ন। ওই ডায়েরি পুলিশ বাজেয়াপ্ত করেছে। মনে করা হচ্ছে, সেখান থেকেই মিলতে পারে গুরুত্বপূর্ণ সূত্র।
পুলিশ তিন বোনের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে চ্যাট হিস্ট্রি, ব্যবহৃত অ্যাপ এবং অনলাইন যোগাযোগ। ওই গেমটি তারা কোথা থেকে পেল, কোনও ব্যক্তি বা গোষ্ঠী বাইরে থেকে নির্দেশ দিচ্ছিল কি না, তাও জানার চেষ্টা চলছে।

