ওয়েব সিরিজে পুলিশের অভিযান দেখতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে অপরাধ, রহস্য আর টানটান উত্তেজনায় ভরা কাহিনি। কিন্তু শুক্রবার আসানসোলে যা ঘটল, তা যেন কোনও ওয়েব সিরিজের চিত্রনাট্যকেও হার মানায়। পাঁচিল টপকে পুলিশের দৌড়, বাড়ির ছাদে ছাদে তল্লাশি, গুলির শব্দ আর আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ অভিযানের শেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ দাস ওরফে প্যাঁও।বেশ কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের নানা অভিযান সংবাদমাধ্যমের হয়ে কভার করার অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার ঝুলিতে শুক্রবারের আসানসোল অভিযানও বিশেষ জায়গা করে নিল।বৃহস্পতিবার রাতে আসানসোলে পৌঁছেই প্রতাপ দাস ওরফে প্যাঁও সম্পর্কে খোঁজখবর শুরু হয়েছিল। স্থানীয়দের দাবি, প্রতাপ দীর্ঘদিন ধরেই অপরাধের সঙ্গে যুক্ত। নাবালক বয়স থেকেই অপরাধ জগতে তার যাতায়াত। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, তাকে ধরতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সেই কারণেই তাকে ধরতে বিশেষ অভিযান শুরু হয়। বৃহস্পতিবার থেকেই চলছিল অপারেশন প্যাঁও। কিন্তু পুলিশের নজর এড়িয়ে আত্মগোপন করে ছিল সে।বৃহস্পতিবার গভীর রাত পেরিয়ে শুক্রবার সকাল হতেই ফের শুরু হয় অভিযান। সকাল পৌনে ৯টা নাগাদ সহকর্মী সুব্রত জানা ও দীপক শর্মাকে সঙ্গে নিয়ে হাটন রোডে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম। আচমকাই চোখে পড়ে পুলিশের তৎপরতা। এর মধ্যেই দীপকের কাছে খবর আসে, ইসমাইল বাজার দিয়ে এলাকায় ঢুকছে পুলিশের বাহিনী। আর দেরি না করে আমরা পৌঁছে যাই ইসমাইল বাজারে। নির্দিষ্ট করে বললে মানব সরণিতে।সেখানে পৌঁছেই চোখে পড়ে পুলিশের বিশাল বাহিনী। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র। দেখে বোঝাই যাচ্ছিল, বড় কোনও অভিযানের প্রস্তুতি চলছে। অন্য দিকে, স্থানীয় বাসিন্দাদের চোখেমুখে তখন আতঙ্ক আর উৎকণ্ঠা। কী হতে চলেছে, তা নিয়ে সকলের মধ্যেই চাপা উত্তেজনা। সকাল ৯টা থেকে শুরু হয় সরাসরি সম্প্রচার।এর পরের প্রায় এক ঘণ্টা ৪০ মিনিটে যা দেখা গেল, তা সত্যিই শ্বাসরুদ্ধকর। কখনও পাঁচিল টপকে বন্দুক হাতে দৌড়চ্ছেন পুলিশকর্মীরা, কখনও আবার বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানলা থেকে পুলিশকে পালানোর পথ দেখাচ্ছেন স্থানীয় মহিলারা।তাঁদের কেউ জানাচ্ছেন, নীল রঙের ফুলহাতা জামা এবং হাফ প্যান্ট পরা এক ব্যক্তিকে দৌড়ে পালাতে দেখেছেন। কারও দাবি, ওই ব্যক্তির হাতে বন্দুকও ছিল। এরই মধ্যে এলাকায় একের পর এক গুলির মতো শব্দ শোনা যেতে থাকে। স্থানীয়দের দাবি, গুলি চলছিল। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।মানব সরণির পাঁজা গলিতে তখন শুরু হয়েছে পুলিশের তল্লাশি। এক দিক থেকে দীপক, অন্য দিক থেকে আমি সরাসরি সম্প্রচার চালিয়ে যাচ্ছিলাম। এর মধ্যেই কপি খেতের মধ্যে কাউকে খুঁজতে দৌড়ে যায় পুলিশের একটি দল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর ওই দল ফিরে আসে পাঁজা গলিতে।এর পর চারটি বাড়ি চিহ্নিত করে ঘিরে ফেলে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় বাড়ির দরজা ও জানলা। ছাদে পাঠানো হয় পুলিশকর্মীদের। চারদিক থেকে এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। তখন স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। কখনও গুলির শব্দ, কখনও পুলিশের চিৎকার, আবার কখনও এদিক-ওদিক ছুটে বেড়ানো বাহিনীসব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।অবশেষে সকাল সাড়ে ১০টা নাগাদ সামন্তদের বাড়ির পিছন দিক থেকে গুলির শব্দ ও চিৎকার শোনা যায়। তার কয়েক মিনিটের মধ্যেই সামনে আসে সেই মুহূর্ত, যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা। পুলিশের হাতে ধরা পড়ে প্রতাপ দাস ওরফে প্যাঁও।দীর্ঘ সময় ধরে চলা পুলিশের এই অভিযান শেষ হয় দাগী দুষ্কৃতীকে পাকড়াও করার মধ্য দিয়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পুলিশের অভিযান যে শুধু ওয়েব সিরিজের পর্দাতেই রুদ্ধশ্বাস হতে পারে, তা নয়। শুক্রবার আসানসোলের মানব সরণির পাঁজা গলিতে দাঁড়িয়ে বাস্তবেই তার সাক্ষী থাকলাম।