জন্মদিনের রাতেই রহস্যমৃত্যু ১৯ বছরের তরুণের। বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। বুধবার সকালে দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে এই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে নারাজ মৃতের পরিবারের সদস্যেরা। বারান্দার উচ্চতা থেকে শুরু করে গলায় থাকা ফাঁসের কাপড়, একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত তরুণের নাম শুভজিৎ বসাক। বয়স ১৯ বছর। তিনি শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দি ২ নম্বর পঞ্চায়েত এলাকার বাসিন্দা। মঙ্গলবার ছিল শুভজিতের জন্মদিন। ওই দিন দুই বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যেরা তাঁকে বকাবকি করেন। পরিবারের দাবি, এর পর মোবাইল ফোন বাড়িতে রেখেই বেরিয়ে যান শুভজিৎ। রাতভর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।
বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাড়ির বারান্দায় শুভজিতের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তবে শুভজিতের মৃত্যু আত্মহত্যা বলে মানতে চাইছে না তাঁর পরিবার। পরিবারের সদস্যদের দাবি, শুভজিতের উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট। অথচ যে বারান্দা থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে, সেটির উচ্চতা প্রায় পাঁচ ফুট। এই পরিস্থিতিতে কী ভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
এ ছাড়াও মৃতের এক পায়ে চটি থাকলেও অন্য পায়ে চটি ছিল না বলে জানিয়েছেন পরিবারের সদস্যেরা। গলায় থাকা কাপড়ের ফাঁস নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। পরিবারের দাবি, কাপড়ের অংশটি গলার সামনের দিকে থাকলেও পিছনের দিকে ছিল না। এই সমস্ত বিষয় খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত সেই রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।
- More Stories On :
- Mysterious dead
- Shatipur

