শক্তিপুর থানার তলব এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত রেজিনগর থানায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে প্রায় চার ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে যে হুমায়ুন কবীর কয়েক দিন আগেও কড়া ভাষায় সরব হয়েছিলেন, থানা থেকে বেরিয়ে তাঁর বক্তব্যে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন সুর। তিনি বলেন, আইনকে তিনি সম্মান করেন এবং তদন্তে সবরকম সহযোগিতা করবেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারী আধিকারিকরা বারবার জানতে চান, মুর্শিদাবাদের সভা থেকে তিনি কেন মুসলমানদের জমায়েত করে আক্রমণের হুমকি দিয়েছিলেন। সেই প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর জানান, ওই মন্তব্যের জন্য তিনি আগেই ক্ষমা চেয়ে নিয়েছেন। এরপর তদন্তকারীরা জানতে চান, কোথায় এবং কীভাবে তিনি ক্ষমা চেয়েছেন। উত্তরে তিনি জানান, সেই ক্ষমা চাওয়ার ভিডিও পরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
সূত্রের খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় একাধিক প্রশ্নের উত্তরে তিনি শুধু হ্যাঁ অথবা না বলেই জবাব দেন। আবার কিছু মন্তব্যের জন্য পুনরায় দুঃখপ্রকাশও করেন বলে জানা গিয়েছে।
শনিবার সকাল সাড়ে এগারোটায় তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই তিনি রেজিনগর থানায় পৌঁছে যান। থানায় যাওয়ার আগে তাঁর গ্রেফতার হওয়ার আশঙ্কার কথাও সামনে আসে। অন্যদিকে থানার কাছেই দলীয় কার্যালয়ে তাঁর অনুগামীরা জড়ো হয়েছিলেন। যদিও দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বিকেল সাড়ে তিনটা নাগাদ তাঁকে ছেড়ে দেয় পুলিশ।
তদন্ত এখনও শেষ হয়নি। আগামী চৌদ্দ জুলাই আবারও রেজিনগর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে হুমায়ুন কবীরকে। পুলিশ সূত্রে খবর, সেদিনই তিনি ক্ষমা চাওয়ার সেই ভিডিও তদন্তকারী আধিকারিকদের হাতে তুলে দিতে পারেন।
- More Stories On :
- Humayun Kabir
- Murshidabad

