হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় বিএসএফের একটি ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল এক জওয়ানের। মৃতের নাম জ্যোতিরাম সিংহ। তিনি এএসআই পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে ক্যাম্পের জ্বালানি মজুত রাখার ঘরে ঢুকতেই হঠাৎ আগুন লেগে যায়। খুব অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে তিনি আর বাইরে বেরোতে পারেননি এবং ঘরের ভিতরেই আটকে পড়ে ঝলসে মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, স্পিডবোটের জন্য তেল ভরার সময় থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার পর স্থানীয় মানুষজন ও অন্যান্য জওয়ানরা উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেউ ভিতরে ঢুকতে পারেননি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। বিএসএফের জওয়ান, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা মিলে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরপর জ্যোতিরাম সিংহকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার বিষয়ে হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ দাস জানিয়েছেন, বিএসএফ ক্যাম্পে আগুন লাগার ঘটনায় এক এএসআই পদমর্যাদার জওয়ানের মৃত্যু হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
- More Stories On :
- Hingalganj

