নভেম্বরের হালকা শীতের আমেজের মধ্যেই ফের দুর্যোগের আশঙ্কা বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। সরাসরি পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার সম্ভাবনা না থাকলেও তার প্রভাব পড়তে পারে রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। সোমবার সন্ধ্যার মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মঙ্গলবার আরও শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের কাছে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে।
ঘূর্ণিঝড়টি সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা না থাকলেও তার প্রভাবে বুধবার থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন অর্থাৎ বুধবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি এবং হাওড়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি বজায় থাকতে পারে।
তবে উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই। যদিও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
এ দিকে কলকাতার তাপমাত্রাতেও এখনই বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা দেখছে না হাওয়া অফিস। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই পূর্বাভাস। ফলে নভেম্বরের শীতের আমেজের মধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
- More Stories On :
- Weather Update
- Winter
- Rain
- West Bengal

