মাসে মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা পাওয়ার আশায় অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে ভিড় জমাচ্ছেন বহু মহিলা। বিডিও অফিস, পুরসভা, ওয়ার্ড অফিস থেকে শুরু করে সাইবার ক্যাফে ও জেরক্সের দোকানেও দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে অনেকের মনেই এখন একটাই প্রশ্ন, ফর্ম জমা দেওয়ার শেষ দিন কবে?
সরকারি সূত্রে জানা গিয়েছে, অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা যাচ্ছে। গত ২৭ মে থেকে অফলাইনে ফর্ম পাওয়া শুরু হয়েছে। আর ২৯ মে থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন গ্রহণ। আবেদনকারীরা বিডিও অফিস, জেলা প্রশাসনিক কার্যালয়, পুরসভা এবং ওয়ার্ড অফিস থেকে ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামী ২ জুনের মধ্যে যাঁরা আবেদনপত্র জমা দেবেন, তাঁরা জুন মাসের কিস্তিতে ৩ হাজার টাকা পাওয়ার সুযোগ পাবেন। সরকারি ঘোষণা অনুযায়ী, ৩ জুন থেকেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।
তবে যাঁরা এখনও আবেদন করতে পারেননি এবং আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী, তাঁদের চিন্তার কারণ নেই। তাঁরা এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের নির্ধারিত ১৫০০ টাকা পাবেন বলে জানানো হয়েছে।
অন্যদিকে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। ১২ পাতার আবেদনপত্রে পরিবারের সকল সদস্যের তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, বার্ষিক আয়, জমির মালিকানা এবং সন্তানদের শিক্ষার তথ্য দিতে হবে। কোনও তথ্য ভুল বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আবেদন করার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
- More Stories On :
- Annapurna Yojana
- Last Date

