বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফুটবলপ্রেমীরা পেলেন এক অবিশ্বাস্য রোমাঞ্চ। ইংল্যান্ড ও ফ্রান্সের লড়াইয়ে হল মোট ১০টি গোল। শেষ পর্যন্ত ৬-৪ গোলে জিতে ব্রোঞ্জ পদক নিশ্চিত করল ইংল্যান্ড। এই ম্যাচের মধ্য দিয়েই ফ্রান্সের কোচ হিসেবে শেষ হল দিদিয়ের দেশঁর অধ্যায়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। তৃতীয় মিনিটেই ডেকলান রাইস গোল করে দলকে এগিয়ে দেন। ১৮ মিনিটে এজরি কোনসা ব্যবধান বাড়ান। এরপর বুকায়ো সাকা প্রথমার্ধে জোড়া গোল করে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির সময় মনে হচ্ছিল, ইংরেজরা সহজেই ম্যাচ জিতে নেবে।
কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের ছবি। ৪৮ মিনিটে কিলিয়ান এমবাপে গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান। ৬৬ মিনিটে তিনি আরও একটি গোল করেন। সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতাদের তালিকায় লিওনেল মেসিকে স্পর্শ করেন। ফ্রান্স একসময় ব্যবধান কমিয়ে ৪-৩ করে দেয় এবং ম্যাচে ফের উত্তেজনা তৈরি হয়।
শেষ দিকে আবার আক্রমণে ঝাঁপায় ইংল্যান্ড। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাকা নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। অতিরিক্ত সময়ে উসমান দেম্বেলে ফ্রান্সের হয়ে গোল করলেও জুড বেলিংহ্যামের গোল ইংল্যান্ডের জয় নিশ্চিত করে। বেলিংহ্যাম এই বিশ্বকাপে ইংরেজ ফুটবলার হিসেবে সর্বাধিক গোলের নতুন নজিরও গড়লেন।
১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করল ইংল্যান্ড। অন্যদিকে, এমবাপের রেকর্ড গড়া রাতেও হার নিয়ে মাঠ ছাড়তে হল ফ্রান্সকে। দেশঁর কোচিং জীবনের শেষ ম্যাচ তাই স্মরণীয় হয়ে রইল এক নাটকীয় পরাজয়ের জন্য।
- More Stories On :
- Fifa World Cup
- France
- England

